হুমায়ূন আহমেদের ছবি অবলম্বনে কোলাজ
হুমায়ূন আহমেদের ছবি অবলম্বনে কোলাজ

হ‌ুমায়ূন আহমেদ–পরবর্তী অনেকের লেখা কেন ‘হ‌ুমায়ূনীয়’ মনে হয়

অনেক লেখকই এখন হুমায়ূন আহমেদের মতো করে লেখার চেষ্টা করছেন—এই কথা প্রায়ই শোনা যায়। আসলেই কি তাঁরা হুমায়ূন আহমেদের গদ্যভঙ্গি অনুসরণ করে লেখেন?

বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখক বলা হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। কিন্তু তাঁর পরবর্তী কোনো লেখকের মধ্যে কেন ‘শরৎচন্দ্রীয়’ প্রভাব নেই?

স্পষ্ট জবাব হচ্ছে, শরৎচন্দ্রের ভাষা অপেক্ষাকৃত সহজহীন, সাধু ভাষায় লিখতেন তিনি এবং তা আয়ত্তে আনা নতুন লেখকদের জন্য বেশ কঠিন। বিশেষ করে এই নতুন লেখকের কাছে, পাঠকের কাছে তো বটেই।

শরৎচন্দ্রের বিখ্যাত একটি গল্প হলো ‘বিলাসী’। ওটার প্রথম লাইন হলো, ‘পাকা দুই ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যাই।’ এখনকার লেখকেরা কেমন করে লিখতেন ওই প্রথম লাইনটা—পুরো দুই মাইল হেঁটে স্কুলে পড়তে যাই। মানুষ তো পথেই হাঁটে, সুতরাং এই অতিরিক্ত ‘পথ’ শব্দটা আজকাল লেখকেরা লিখতে চান না, পাঠকও পড়তে পছন্দ করেন না। আর ‘বিদ্যা অর্জন’-এর মতো খানিকটা প্রলম্বিত শব্দদ্বয়ের চেয়ে ‘পড়তে যাই’-এর মতো প্রচলিত-সহজ ভাষা লেখা স্বাচ্ছন্দ্যময়, ব্যাপারটা পড়ার ক্ষেত্রেও সাবলীল।

আমার এই মন্তব্যের বিপরীতে মতামত থাকতে পারে অনেকের, আমি সেসব মতামতকে সম্মান জানাব। আমি কেবল আমার মতামত বলেছি।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

বাংলা সাহিত্যের আরেক জনপ্রিয় লেখক হলেন হুমায়ূন আহমেদ। তাঁর পরবর্তী অনেক লেখকের মধ্যে কেন ‘হুমায়ূনী’ প্রভাব বিদ্যমান?

স্পষ্ট জবাব হলো, হ‌ুমায়ূন আহমেদের ভাষা অপেক্ষাকৃত সহজ, এবং তা আয়ত্তে আনা নতুন লেখকদের জন্য তেমন কঠিন কিছু না।

আমার এই মন্তব্যের বিপরীতেও মতামত থাকতে পারে অনেকের, আমি সেসব মতামতকেও শ্রদ্ধা জানাব।

কিন্তু আমার আরও একটু কথা আছে, হুমায়ূন আহমেদের ভাষা সহজ বলেই কি সবাই সেটা আয়ত্তে আনতে পারেন, সেই কায়দায় লিখতে পারেন বা চান?

জবাব হলো, না।

আরও স্পষ্ট জবাব হলো, হুমায়ূন আহমেদের ভাষা হলো আমাদের প্রতিদিনের ভাষা। আমরা যত বিদ্বানই হই না কেন, নিজেকে ‘সুশীল’–এর কাতারে নিয়ে যা–ই না কেন, একান্তে, আপনজনের সঙ্গে মতবিনিময় বা কথোপকথনের সময় কথা বলি কথ্যে, আঞ্চলিকতায়, আপনে, মায়ায়, অকৃত্রিমতায়; হুমায়ূন আহমেদের ভাষা হলো সেই রকম। যা আমরা অনেকেই বুকে, মননে, কথা আর ঠোঁটে ধারণ করি।

যে ভাষা আমাদের অন্তর্গত রক্তে, নিউরনে, সে ভাষায় লিখলে তা ‘হুমায়ূন আহমেদ’-এর ভাষা হবে কেন? কেনইবা সেটা হবে কেবল হুমায়ূনীয় শব্দ বা বাক্য?

আসলে তা হলো আমাদের সবার ভাষা। দৈনন্দিন আমরা যে ভাষায় কথা বলি, এ হলো সেই ভাষা।

হুমায়ূন আহমেদের ভাষা হলো আমাদের প্রতিদিনের ভাষা। আমরা যত বিদ্বানই হই না কেন, নিজেকে ‘সুশীল’–এর কাতারে নিয়ে যা–ই না কেন, একান্তে, আপনজনের সঙ্গে মতবিনিময় বা কথোপকথনের সময় কথা বলি কথ্যে, আঞ্চলিকতায়, আপনে, মায়ায়, অকৃত্রিমতায়; হুমায়ূন আহমেদের ভাষা হলো সেই রকম। যা আমরা অনেকেই বুকে, মননে, কথা আর ঠোঁটে ধারণ করি।

হুমায়ূন আহমেদ লিখেছেন, ‘বাসেত সাহেব শরমিন্দা মুখে দাঁড়িয়ে আছেন।’ আর জনৈক সফিউল মমিন নামের লেখক লিখলেন, ‘বেলাল সাহেব শরমিন্দা মুখে দাঁড়িয়ে আছেন।’ এখানে এই ‘শরমিন্দা’ শব্দটা কি হুমায়ূন আহমেদের ব্যক্তিগত, তাঁর নিজস্ব, একার?
আরেকটা ব্যাপার হলো, হুমায়ূন আহমেদের গল্প বলার ঢং। তিনি যেভাবে গল্প বলেন বা লেখেন, তা পড়ে মনে হয়, আরে, আমি তো এভাবেই বলতে চাই, বলতে চেয়েছিলাম! তার মানে, হুমায়ূনের বলার মতো আমরা সবাই বলতে চাই; যারা লিখি, লিখতে চাই। যা বলতে চাই বা যা লিখতে চাই—এটা আত্মস্থ করতে পারলেই লেখাটা তার নিজের মতো হয়ে ওঠে শেষ পর্যন্ত।

হুমায়ূন আহমেদ, ২০০৯

হুমাযূন আহমেদ খুব সাধারণ জিনিসের মধ্যে অসাধারণত্ব খুঁজে পেতেন। এই সাধারণ বিষয়গুলো আমরা প্রতিনিয়ত দেখি, প্রতিদিন চোখের সামনে ঘটে যায় এসব ঘটনা, কিন্তু আমরা অনেকেই তা পাশ কাটিয়ে যাই, এড়িয়ে যায় আমাদের নজর। কিন্তু একজন লেখক, বিশেষ করে সচেতন একজন লেখক যখন লিখতে বসেন, তিনি যখন তাঁর পারিপার্শ্বিকতা নিজের লেখায় আনতে যান বা চান, তখন অনেক ঘটনা, ঘটনামুহূর্ত, পাত্র-পাত্রীর অঙ্গভঙ্গি খুব ‘কমন’ হয়ে যায়, এবং তা লিখতে গেলেই দেখা যায়, এ রকম তো আগেই লিখে ফেলেছেন হুমায়ূন আহমেদ! এবং নতুন সেই লেখক যখন এটা বুঝতে পারেন, তখন সেখান থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে পড়ে তাঁর জন্য। যদিও বেশ কয়েক বছর চর্চার পর নিজস্ব একটা ভঙ্গি বা ঢং দাঁড় করানো সম্ভব, যদি লেখক তা আন্তরিকভাবে চান।

হুমায়ূন আহমেদ মজা করে লিখতেন, তার বাক্যগুলো আমাদের সবার প্রতিদিন বলে যাওয়া কথার মতো। এখনকার লেখকেরা সেই মজা ধরতে চান, নিজেদের সার্বক্ষণিক বাক্য প্রয়োগের মতো লিখতে চান। আর এ রকমটা হয় বলেই অনেকে মনে করেন—ধ্যাৎ, এই লেখাটা তো হুমায়ূনের আহমেদের লেখার মতো!

মানিক বন্দ্যোপাধ্যায়

বাংলা সাহিত্যে আরও একজন বহুল পঠিত সাহিত্যিক আছেন, মানিক বন্দ্যোপাধ্যয়। কই, আমরা তো মানিকের মতোও লিখি না। কিংবা সর্বস্তরে পঠিত বিখ্যাত কবি জীবনানন্দের মতোও কবিতা লিখি না।

ব্যাপারটা তাহলে কী দাঁড়াল, সহজ সব কিছু মানুষ গ্রহণ করে, যেমন সহজভাবে মানুষ কথা বলে। যদিও রবীন্দ্রনাথ ঠাকুর কবেই বলে গেছেন, ‘সহজ কথা কইতে আমায় কহ যে, সহজ কথা যায় না বলা সহজে।’

সত্যিই তো, সহজভাবে কি সব সহজে বলা যায়? হুমায়ূন আহমেদ সহজে সব বলতে পেরেছেন, তাঁর পরবর্তীজনেরা সহজে বলার চর্চা করছেন, করতে চাচ্ছেন, এতে যদি তাঁর মতো কিছুটা হয়েই যায়, তাতে দোষটা কার?

এর পরেও হয়তো বিজ্ঞজনেরা বলবেন, প্রত্যেক মানুষের লেখা তাঁর ‘পরিচয়’ আর ‘স্বাতন্ত্র্য’ বহন করে। তাই প্রতে৵ক লেখকের লেখা হবে আলাদা আলাদা ধরনের।

হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর ১৯৪৮—১৯ জুলাই ২০১২)

এই বিষয় মনে হতে প্রণম্য লেখকদের আরও কিছু কথা মনে এল। সেগুলো বলে এ লেখার ইতি টানি। অস্টিন ক্লেয়ন নামে এক লেখক বলেছেন, শিল্পী অন্যদের থেকে প্রেরণা নিয়ে সৃষ্টি করেন। তিনি যা করেন, তা কিন্তু প্লেজারিজম বা অন্যের কাজ নিজের নামে চালিয়ে দেওয়া নয়।

আর এলিয়ট বলেছেন, ‘অপরিপক্ব লেখক অনুকরণ করেন, পরিপক্বরা করেন চুরি, মন্দ লেখক চুরির মাল ব্যবহার করতে গিয়ে আসল চেহারা পাল্টে দেন এবং ভালো লেখক যা নেন, তার থেকে ভিন্ন অথচ ভালো কিছুর জন্ম দেন।’