২০১৪ সালের ১৭ এপ্রিল অনন্তলোকে যাত্রা করেছেন ভুবনবিখ্যাত কথাসাহিত্যিক গাব্রিয়েল গার্সিয়া মার্কেস। তাঁর সঙ্গে বরেণ্য ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের যোগাযোগ ছিল। দশদিগন্ত মাতানো এই লেখকের মৃত্যুর পর তিনি তুলে ধরেছেন মার্কেসের সঙ্গে তাঁর সম্পর্কের খেরোখাতা।

গার্সিয়া মার্কেসের সঙ্গে আমার প্রথম দেখা ১৯৮২ সাল নাগাদ। ফ্রান্সে। কান চলচ্চিত্র উৎসবে। জুরি করে নিয়ে যাওয়া হয়েছিল আমায়। ওঁকেও। এ ছাড়া বেশ কয়েকজন বিশিষ্ট মানুষের সঙ্গে আলাপ হয়েছিল সেখানে। বিখ্যাত মার্কিন পরিচালক সিডনি আর্থার লুমেট ছিলেন। ছিলেন চার্লি চ্যাপলিনের মেয়ে, অভিনেতা জেরাল্ডিন চ্যাপলিন। তবে গার্সিয়া মার্কেসের সঙ্গে আমার আলাপ দ্রুত বন্ধুত্বে পরিণত হয়েছিল।
কিউবা ও হাভানা
প্রায় দুই সপ্তাহ আমরা একসঙ্গে ছিলাম সেবার। কাজের ফাঁকে ফাঁকে কিছু কিছু গল্প হতো। কাজ একটু বেশিই ছিল। প্রচুর ছবি দেখতে হতো। ছবি দেখার সূত্র ধরেই একটি গল্প মনে পড়ে গেল। কিউবার একটি ছবি এসেছিল। আমরা সবাই দেখেছিলাম। কিন্তু কারোরই বিশেষ ভালো লাগেনি। গার্সিয়া মার্কেসেরও নয়। কিন্তু তিনি আবার কিউবার তৎকালীন প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর খুব বন্ধু ছিলেন। মনে মনে ইচ্ছা ছিল, কিউবার ছবিটিকে যদি কিছু পাইয়ে দেওয়া যায়। কিন্তু নিজে কিছু বলতে পারছেন না। অগত্যা আমায় ধরলেন, ওই ছবির জন্য কথা বলতে হবে। সেবার ফেস্টিভ্যালের অধিকর্তা ছিলেন জিল জ্যাকব। মিটিংয়ে আমি বলেছিলাম, সার্বিকভাবে কিউবার ছবির জন্য যদি কোনো পুরস্কার দেওয়া যায়। জুরিবোর্ড সেই প্রস্তাব নস্যাৎ করে দিয়ে বলেছিল, ছবিকে পুরস্কৃত করা হয়, কোনো দেশকে তো নয়৷ আর কিউবার যে ছিবটি এসেছে, তাকে পুরস্কার দেওয়া সম্ভব নয়! এরপর অবশ্য গার্সিয়া মার্কেস আমায় আর কিছু বলতে বলেননি।
তবে এই তর্কাতর্কির কথা বলতে গিয়ে আরও একটি কথা মনে পড়ে গেল। জেরাল্ডিন সেবার খুব মর্মাহত হয়ে পড়েছিলেন। তিনি ভাবতেই পারেননি, জুরিদের মধ্যে এত তর্কাতর্কি হতে পারে!
১৯৮২ সালে গার্সিয়া মার্কেসের সঙ্গে আলাপ হলেও সেবার খুব বেশি গল্পের সুযোগ হয়নি। গল্প করার সুযোগ হলো হাভানায়। দু-তিন বছর পর। কিউবার হাভানায় একটি ‘ফিল্ম স্কুল’ ছিল। ‘গেস্ট লেকচারার’ হিসেবে আমায় নিয়ে যাওয়া হয়েছিল সেখানে। সে সময় ওই স্কুলের প্রেসিডেন্ট ছিলেন গার্সিয়া মার্কেস। হাভানায় পৌঁছাতেই ওঁর সঙ্গে দেখা। প্রায় সপ্তাহ দুয়েক ছিলাম। নানা বিষয়ে আড্ডা হতো। একসঙ্গে বেড়াতে যেতাম। মূলত ফিল্ম ও সাহিত্য নিয়ে ওঁর সঙ্গে আলোচনা হতো।
গার্সিয়া মার্কেস হাভানায় আমায় বলেছিলেন, তাঁর গল্প নিয়ে ছবি হোক, এটা তিনি চান না। তিনি মনে করতেন, তাঁর গল্পের যা গঠন, তা থেকে ছবি করা মুশকিল। গল্পের মূল চরিত্রটাই নষ্ট হয়ে যাবে।
লাতিন ‘খণ্ডহর’
হাভানায় কথা হয়েছিল অটম অব দ্য পেট্রিয়ার্ক নিয়ে। আমার ঘরেই আড্ডা হচ্ছিল। টেবিলের ওপর রাখা ছিল বইটি। কথায় কথায় উঠে পড়ল প্রসঙ্গ। গার্সিয়া মার্কেস বলেছিলেন, ছোটদের কোনো এক ছবির বইতে তিনি একটি ভারতীয় বাড়ির ছবি দেখেছিলেন। সেই ছবিটিকে মাথায় রেখেই তৈরি হয়েছিল গল্পটি। এদিকে বাড়ি নিয়ে আমিও তত দিনে বানিয়ে ফেলেছি খণ্ডহর। সে ছবির গল্প নিয়েও ওঁর সঙ্গে আলোচনা হলো। আড্ডার শেষ পর্যায়ে পৌঁছে গার্সিয়া মার্কেস আমায় বললেন, অটম অব দ্য পেট্রিয়ার্ক নিয়ে ছবি করতে চাইলে আমি করতে পারি। বুঝতে পারছিলাম, তিনি একটি ভারতীয় ‘কানেকশন’ খুঁজছেন।
কিন্তু আমার পক্ষে ওই গল্প নিয়ে ছবি বানানো সম্ভব ছিল না। ভারতীয় বাড়ির চিত্র থেকে গল্পটি ওঁর মাথায় এলেও পুরোটাই ভীষণ রকম লাতিন। সমাজ থেকে শুরু করে আদব-কায়দা—সবই লাতিন আমেরিকার আদলে। ফলে সেটিকে ভারতীয় প্রেক্ষাপটে নিয়ে আসা সম্ভব ছিল না।
তাঁকে বলেছিলাম সে কথা। তিনিও মেনে নিয়েছিলেন।
সাহিত্য ও সিনেমা
গার্সিয়া মার্কেস হাভানায় আমায় বলেছিলেন, তাঁর গল্প নিয়ে ছবি হোক, এটা তিনি চান না। তিনি মনে করতেন, তাঁর গল্পের যা গঠন, তা থেকে ছবি করা মুশকিল। গল্পের মূল চরিত্রটাই নষ্ট হয়ে যাবে। গার্সিয়া মার্কেস যখন এ কথা বলছেন, আমার তখন মনে পড়ে যাচ্ছে একটি জাপানি ছবির কথা। হাভানায় যাওয়ার কিছুদিন আগেই দেখেছিলাম। ছবিটি তৈরি হয়েছে তাঁর ওয়ান হান্ড্রেড ইয়ার্স অব সলিচিউড-এর আদলে। তাঁকে সে কথা জানালাম। ছবিটি মোটেই পছন্দ হয়নি। তবে খুব গুরুত্বও দেননি বিষয়টিকে। শুধু বলেছিলেন, অনুমতি না নিয়েই জাপানে ওই ছবিটি বানানো হয়েছে। অনুমতি চাইলেও তিনি দিতেন না!
সাহিত্য থেকে ছবি কীভাবে বানানো সম্ভব, সে বিষয়ে বহু আলোচনা হয়েছে তঁার সঙ্গে। ব্যক্তিগতভাবে আমিও একটি বিষয়ে তাঁর সঙ্গে একমত ছিলাম। তাঁর গল্প বলার এক বিশিষ্ট কায়দা ছিল। ছবিতে তা ফুটিয়ে তোলা প্রায় অসম্ভব। আমাদের দেশে কমলকুমার মজুমদারের গল্প নিয়ে কাজ করতে গেলে যে সমস্যাটা হয়। গল্পকে ওই বিশিষ্টতা থেকে বার করে আনলে তার শিল্পগুণ নষ্ট হয়। আবার বার না করলে তা নিয়ে ছবি করাও মুশকিল! গার্সিয়া মার্কেসের গল্প নিয়েও আমার একই মত ছিল।
গার্সিয়া মার্কেস আবার মনে করতেন, যে গল্প পাঠকের পছন্দ হয়, সে গল্প নিয়ে যদি ছবি তৈরি হয়, তাহলে দর্শক গল্পের ‘ডিরেক্ট রিপ্রেজেন্টেশন’ দেখতে চান। কিন্তু সেটা হলে আবার ছবির শৈল্পিক দিকটা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাঁর সঙ্গে এ বিষয়ে সম্পূর্ণ সহমত আমি ছিলাম না। সাহিত্য থেকে ছবি বানানোর ক্ষেত্রে আমার কিছু নিজস্ব স্পষ্ট মতামত রয়েছে। তবে তা নিয়ে আলোচনার পরিসর এটি নয়।
ভুল চিঠি
বহুদিন আগে গার্সিয়া মার্কেসের কাছ থেকে একটি চিঠি এসেছিল। মৃত্যুর বহু আগে মৃত্যুসংবাদের চিঠি। গার্সিয়া মার্কেসের সঙ্গে আলাপ থাকলেও তিনি যে আমার খুব অন্তরঙ্গ বন্ধু ছিলেন, এমন তো নয়। নিয়মিত চিঠি চালাচালির অভ্যাসও ছিল না। তবু আচমকাই ওই চিঠি এসেছিল তাঁর কাছ থেকে। একটা কবিতা। মৃত্যুর আগে শেষ কবিতা। অবাক হয়েছিলাম। গার্সিয়া মার্কেস আমায় কেন এ চিঠি পাঠাতে গেলেন? আবার ভালোও লেগেছিল আমায় এভাবে মনে রেখেছেন বলে। কিন্তু শেষ পর্যন্ত জানতে পারলাম, চিঠিটা তিনি লেখেননি। মেক্সিকোর এক শিল্পী গার্সিয়া মার্কেসের নামে ওই চিঠি পাঠাচ্ছিলেন তাঁর পরিচিতদের।
এবার যখন গার্সিয়া মার্কেসের মৃত্যুসংবাদ পেলাম, সেই চিঠির কথা মনে পড়ল। মনে হলো, নিশ্চয়ই আবার কোনো গুজব রটেছে।
এ খবর ‘গুজব’ হলেই ভালো হতো!
(কলকাতা থেকে প্রকাশিত এবেলার সৌজন্যে)