আলোকচিত্রী এন্সেল অ্যাডামস ও তাঁর ধারণ করা আলোকচিত্র ‘দ্য টেটনস অ্যান্ড দ্য স্নেক রিভার’ অবলম্বনে গ্রাফিকস: প্রথম আলো
আলোকচিত্রী এন্সেল অ্যাডামস ও তাঁর ধারণ করা আলোকচিত্র ‘দ্য টেটনস অ্যান্ড দ্য স্নেক রিভার’ অবলম্বনে গ্রাফিকস: প্রথম আলো

আলোকচিত্রে গল্প

যে ছবিতে পৃথিবী নিজেকে চিনেছিল

অতীতকে পাঠ করার নানা উপায় আছে—কখনো তারিখ, দলিল, স্মৃতিচারণা বা বিবরণীর মধ্য দিয়ে; আবার কখনো এমন কিছু মুহূর্তের মুখোমুখি আমরা হই, যার সমস্ত ভার, আবেগ ও বাস্তবতা সবচেয়ে সংক্ষিপ্ত অথচ গভীরভাবে ধারণ করে একটি মাত্র আলোকচিত্র। সময়ের সীমানা অতিক্রম করে টিকে থাকা এসব ছবির পেছনে লুকিয়ে থাকে বহুস্তর গল্প। এই ধারাবাহিকের প্রতিটি পর্বে আমরা তুলে ধরব তেমনই কোনো বিশ্ববিখ্যাত আলোকচিত্রের অন্তরঙ্গ ইতিহাস।

আলোকচিত্রী অ্যানসেল অ্যাডামস শুধুই একজন আলোকচিত্রী ছিলেন না, তিনি একাধারে ছিলেন একজন দূরদর্শী শিল্পী। তিনি তাঁর ক্যামেরাকে ব্যবহার করেছেন প্রকৃতির নীরব মহিমাকে এক সর্বজনীন ভাষায় প্রকাশ করার জন্য, যা আমাদের বিস্মিত করে। আলো ও ছায়ার সূক্ষ্ম সমন্বয়কে আয়ত্ত করে। তিনি দেখিয়েছেন যে প্রযুক্তিগত দক্ষতা ও গভীর আবেগ একসঙ্গে মিলে কালজয়ী শিল্প সৃষ্টি করা সম্ভব।

অ্যাডামসের ধারণ করা আলোকচিত্র আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতি আমাদের এক পবিত্র সম্পদ, তাই প্রকৃতিকে ভালোবাসা ও সচেতন দৃষ্টিতে দেখা এবং সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। তাঁর চোখে একটি সাধারণ পাহাড় বা আঁকাবাঁকা নদীও হয়ে ওঠে এক আহ্বান, যা আমাদের নিজেদের জীবন ও পরিবেশে লুকিয়ে থাকা সৌন্দর্য খুঁজে বের করতে এবং তা রক্ষা করতে অনুপ্রাণিত করে। অ্যাডামস আমাদের শেখান—যখন আমরা আমাদের ভালোবাসা ও উদ্দেশ্যকে একত্র করি, তখন আমরা এমন একটি উত্তরাধিকার সৃষ্টি করতে পারি, যা আমাদের সময়কে অতিক্রম করে দীর্ঘদিন ধরে প্রভাব ফেলতে পারে।

অ্যানসেল অ্যাডামস
এই ছবির গঠন বা কম্পোজিশনকে আলোকচিত্রের ইতিহাসে অন্যতম সেরা ‘এস-কার্ভ’ বলা হয়। নদীটি ছবির মাঝখান দিয়ে রুপালি আলোর মতো বয়ে গেছে, যা দর্শকের চোখকে সামনের অন্ধকার বনভূমি থেকে দূরের তীক্ষ্ণ পাহাড়শ্রেণির (টেটনস রেঞ্জ) দিকে নিয়ে যায়। এস-কার্ভ ছবিতে একধরনের গতি ও ছন্দ তৈরি করে। নদীটি যেন ভূমি ও আকাশের মধ্যে একটি সংযোগসূত্র তৈরি করেছে।

১৯৪২ সালে অ্যানসেল অ্যাডামস তোলেন ‘দ্য টেটনস অ্যান্ড দ্য স্নেক রিভার’ আলোকচিত্রটি, যা আমেরিকান শিল্প ও পরিবেশ নিয়ে সচেতনতার ইতিহাসে এক অনন্য মাইলফলক। তাঁর এই ফ্রেমের গভীরতা বুঝতে হলে প্রথমেই এর সৃষ্টিপ্রক্রিয়ার দিকে তাকাতে হয়। সে সময় অ্যাডামস যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব দ্য ইন্টেরিয়রের একটি প্রকল্পে আমেরিকার পশ্চিমাঞ্চলে ভ্রমণ করছিলেন। লক্ষ্য ছিল জাতীয় উদ্যানগুলোর সৌন্দর্য তুলে ধরে বিশাল আকারের আলোকচিত্র তৈরি করা, যাতে আমেরিকার ল্যান্ডস্কেপকে জাতীয় পরিচয়ের অংশ হিসেবে প্রতিষ্ঠা করা যায়। যখন তিনি ডেডম্যানস বারে পৌঁছান, তখন তিনি শুধু একটি সুন্দর দৃশ্য খুঁজছিলেন না; বরং প্রকৃতির মহিমার এক গভীর অভিব্যক্তি খুঁজছিলেন। এই ছবি তাই কেবল সৌভাগ্যজনক মুহূর্ত নয়, বরং সময়জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা ও প্রকৃতির প্রতি গভীর ভালোবাসার মিশ্রিত ফল।

এই ছবির গঠন বা কম্পোজিশনকে আলোকচিত্রের ইতিহাসে অন্যতম সেরা ‘এস-কার্ভ’ বলা হয়। নদীটি ছবির মাঝখান দিয়ে রুপালি আলোর মতো বয়ে গেছে, যা দর্শকের চোখকে সামনের অন্ধকার বনভূমি থেকে দূরের তীক্ষ্ণ পাহাড়শ্রেণির (টেটনস রেঞ্জ) দিকে নিয়ে যায়। এস-কার্ভ ছবিতে একধরনের গতি ও ছন্দ তৈরি করে। নদীটি যেন ভূমি ও আকাশের মধ্যে একটি সংযোগসূত্র তৈরি করেছে।

‘দ্য টেটনস অ্যান্ড দ্য স্নেক রিভার’, গ্র্যান্ড টেটন ন্যাশনাল পার্ক, ওয়াইওমিং, ১৯৪২
প্রযুক্তিগত দিক থেকেও এই ছবি অসাধারণ, বিশেষ করে অ্যাডামসের উদ্ভাবিত ‘জোন সিস্টেম’ ব্যবহারের জন্য। জোন সিস্টেম আলোকচিত্রীদের তাদের আলোকচিত্রের বিষয় এবং চূড়ান্ত ফলাফলের মধ্যে যে সম্পর্ক তা সুস্পষ্ট করে পদ্ধতিগতভাবে তুলে ধরে।

অ্যাডামসের ‘স্ট্রেইট ফটোগ্রাফি’ ধারণার এক উজ্জ্বল উদাহরণও এই আলোকচিত্র, যেখানে কৃত্রিমভাবে প্রকৃতির কোনো উপাদান না বদলে বাস্তব দৃশ্যের নিজস্ব সৌন্দর্য তুলে ধরা হয়। ছবির প্রতিটি অংশ, গাছের ছায়া থেকে দূরের তুষার পর্যন্ত এত সূক্ষ্মভাবে ফুটে উঠেছে যে তা বাস্তবের চেয়ে বেশি জীবন্ত মনে হয়।

প্রযুক্তিগত দিক থেকেও এই ছবি অসাধারণ, বিশেষ করে অ্যাডামসের উদ্ভাবিত ‘জোন সিস্টেম’ ব্যবহারের জন্য। জোন সিস্টেম আলোকচিত্রীদের তাদের আলোকচিত্রের বিষয় এবং চূড়ান্ত ফলাফলের মধ্যে যে সম্পর্ক তা সুস্পষ্ট করে পদ্ধতিগতভাবে তুলে ধরে। জোন সিস্টেম জোন মিটার ও এক্সপোজারের উল্লেখ করে এবং তাদের টোনাল মান ০ থেকে ১০ আলোকচিত্রের ক্ষেত্রগুলো ভাগ করে। ‘দ্য টেটনস অ্যান্ড দ্য স্নেক রিভার’ আলোকচিত্রটি জোন সিস্টেমের উৎকৃষ্ট উদাহরণ। আলোকচিত্রটিতে সাদা বরফ থেকে শুরু করে বনজঙ্গলের ঘনকালো ছায়া পর্যন্ত লক্ষ করা যায়। এভাবেই ধবধবে সাদা থেকে কুচকুচে কালো পর্যন্ত স্তরগুলোকে অ্যানসেল অ্যাডামস ০ থেকে ১০ পর্যন্ত মোট ১১টি ভাগে ভাগ করেন।

মালভূমির দৃশ্য, পটভূমিতে তুষারাবৃত পর্বত, লং'স পিক, রকি মাউন্টেন ন্যাশনাল পার্ক, কলোরাডো, ১৯৪১-১৯৪২
ছবিতে আকাশের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঝড়ের আবহাওয়া সরে যাওয়ার ঠিক পরের মুহূর্তে তোলা মেঘের নাটকীয় বিন্যাস ছবিতে গভীরতা তৈরি করেছে। অ্যাডামস বিশেষ ফিল্টার ব্যবহার করে আকাশকে আরও গাঢ় করে তোলেন, যাতে মেঘ ও পাহাড়ের মধ্যে বৈপরীত্য বাড়ে। ফলে আলোকচিত্রে একধরনের মহিমান্বিত ও স্বর্গীয় অনুভূতি তৈরি হয়।

অ্যাডামস যখন আলোকচিত্রটি ধারণ করতে গেলেন, তখন সময় ও আলো ছিল প্রতিকূল। একদিকে উজ্জ্বল সূর্যালোক, অন্যদিকে গভীর ছায়া। অ্যাডামস মোটেও এমনটা চাচ্ছিলেন না। কারণ, এমন পরিস্থিতিতে ছবির উজ্জ্বল অংশ সাদা হয়ে যাওয়া বা অন্ধকার অংশে কিছু না দেখা যাওয়ার ঝুঁকি থাকে। অন্যদিকে অ্যাডামস আগেই কল্পনা করেছিলেন ছবিটি কেমন হবে। ফলে সেই অনুযায়ী এক্সপোজার ও ডেভেলপমেন্ট কেমন হবে, তা ঠিক করে নিয়েছিলেন। ফলে ছবিতে আলো ও ছায়ার প্রতিটি স্তর স্পষ্টভাবে ধরা পড়ে। তিনি আমাদের যেই আলোকচিত্র উপহার দেন, তাতে আমরা দেখতে পাই—নদীর পানি শুধু আলো প্রতিফলিত করছে না, বরং যেন নিজেই আলো ছড়াচ্ছে।

ছবিতে আকাশের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঝড়ের আবহাওয়া সরে যাওয়ার ঠিক পরের মুহূর্তে তোলা মেঘের নাটকীয় বিন্যাস ছবিতে গভীরতা তৈরি করেছে। অ্যাডামস বিশেষ ফিল্টার ব্যবহার করে আকাশকে আরও গাঢ় করে তোলেন, যাতে মেঘ ও পাহাড়ের মধ্যে বৈপরীত্য বাড়ে। ফলে আলোকচিত্রে একধরনের মহিমান্বিত ও স্বর্গীয় অনুভূতি তৈরি হয়। মেঘের অস্থিরতা ও পাহাড়ের স্থায়িত্ব—এ দুইয়ের সমন্বয় ছবির ভাষাকে আরও শক্তিশালী করে তোলে।

‘মুনরাইজ’, হার্নান্দেজ, নিউ মেক্সিকো (১৯৪১)
‘দ্য টেটনস অ্যান্ড দ্য স্নেক রিভার’ আলোকচিত্রটির সাংস্কৃতিক মর্যাদা চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হয় ১৯৭৭ সালে, যখন এটি ভয়েজার গোল্ডেন রেকর্ড-এ অন্তর্ভুক্ত করা হয়। সে বছর মহাকাশে পৃথিবীর বিভিন্ন ছবি ও শব্দ সংরক্ষণ করা হয়েছিল।

‘দ্য টেটনস অ্যান্ড দ্য স্নেক রিভার’ আলোকচিত্রটির ঐতিহাসিক গুরুত্বও অনেক। আলোকচিত্রটি হয়ে উঠেছিল আমেরিকার জাতীয় পরিচয়ের এক দৃশ্যমান প্রতীক। ১৯৪২ সালে যখন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনিশ্চয়তা ও ধ্বংসের মধ্যে নিমজ্জিত ছিল, তখন এই আলোকচিত্র এক চিরন্তন, অটল ও রক্ষার যোগ্য প্রকৃতির এক উচ্চতর দৃষ্টিভঙ্গি তুলে ধরে। এটি ওয়াইওমিংয়ের দুর্গম পাহাড়শ্রেণিকে জাতীয় শক্তি ও পবিত্রতার প্রতীকে রূপান্তরিত করে। এই বার্তা দেয় যে আমেরিকার বন্য প্রকৃতি কেবল সম্পদের ভান্ডার নয়, বরং এটি এক আধ্যাত্মিক আশ্রয়স্থল, যা গণতান্ত্রিক চেতনার জন্য অপরিহার্য।

অ্যাডামসের শিল্পকর্ম, বিশেষ করে সিয়েরা ক্লাবোর সঙ্গে তাঁর সম্পৃক্ততা, পরিবেশ সংরক্ষণের ধারণাকে শক্তিশালী করতে সাহায্য করে।

অন্যদিকে আলোকচিত্রটি আধুনিক পরিবেশ আন্দোলনের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবেও কাজ করে। অ্যাডামসের আলোকচিত্রগুলো নান্দনিক শক্তির মাধ্যমে এমন এক যুক্তি তৈরি করে, যা প্রকৃতির সংরক্ষণকে জরুরি হিসেবে প্রতিষ্ঠিত করে। পাশাপাশি নানা ভূখণ্ডকে রক্ষার পথ সুগম করে।

‘দ্য টেটনস অ্যান্ড দ্য স্নেক রিভার’ আলোকচিত্রটির সাংস্কৃতিক মর্যাদা চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হয় ১৯৭৭ সালে, যখন এটি ভয়েজার গোল্ডেন রেকর্ড-এ অন্তর্ভুক্ত করা হয়। সে বছর মহাকাশে পৃথিবীর বিভিন্ন ছবি ও শব্দ সংরক্ষণ করা হয়েছিল।

‘সন্ধ্যা’, ম্যাকডোনাল্ড লেক, গ্লেসিয়ার ন্যাশনাল পার্ক (১৯৪২)
‘দ্য টেটনস অ্যান্ড দ্য স্নেক রিভার’ প্রমাণ করে যে আলোকচিত্রও একধরনের ‘ফাইন আর্ট’, যা আলো ও ছায়ার মাধ্যমে গভীর চিন্তা প্রকাশ করতে পারে। অ্যাডামস তাঁর ক্যামেরার সীমা অতিক্রম করে এমন একটি দৃষ্টান্ত সৃষ্টি করেছেন, যা একই সঙ্গে বৈজ্ঞানিক ও মানবিক। এই ছবি আমাদের মনে করিয়ে দেয়—প্রকৃতির সৌন্দর্য চিরন্তন হলেও সেটিকে দেখার ও সংরক্ষণের দায়িত্ব আমাদেরই।

কোটি কোটি ছবির মধ্যে অ্যাডামসের এই ছবি পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্যের প্রতিনিধিত্ব করতে নির্বাচিত হয়। অর্থাৎ যদি কখনো ভিনগ্রহের কোনো সভ্যতা এটি খুঁজে পায়, তবে তারা পৃথিবীকে দেখবে অ্যাডামসের চোখ দিয়ে। ফলে মহাবিশ্বের কাছে পৃথিবীর ভূতাত্ত্বিক সৌন্দর্য উপস্থাপন করা হয় এবং আলোকচিত্রটি পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্যের এক স্থায়ী প্রতিনিধি হিসেবে স্বীকৃতি পায়।

আজও এই আলোকচিত্র নিজস্ব শক্তি হারায়নি। কারণ, এটি শুধু একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য নয়, যাকে আমরা কেবল একটি দারুণ ল্যান্ডস্কেপ করে শেষ করতে পারব। বরং আলোকচিত্রটি মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্কের এক গভীর অনুভূতি প্রকাশ করে। একদিকে বিনয়, অন্যদিকে বিস্ময়।

‘দ্য টেটনস অ্যান্ড দ্য স্নেক রিভার’ প্রমাণ করে যে আলোকচিত্রও একধরনের ‘ফাইন আর্ট’, যা আলো ও ছায়ার মাধ্যমে গভীর চিন্তা প্রকাশ করতে পারে। অ্যাডামস তাঁর ক্যামেরার সীমা অতিক্রম করে এমন একটি দৃষ্টান্ত সৃষ্টি করেছেন, যা একই সঙ্গে বৈজ্ঞানিক ও মানবিক। এই ছবি আমাদের মনে করিয়ে দেয়—প্রকৃতির সৌন্দর্য চিরন্তন হলেও সেটিকে দেখার ও সংরক্ষণের দায়িত্ব আমাদেরই।