
অনেকের ধারণা, ‘আষাঢ়ে গল্প’ বাগ্বিধির সাধারণ অর্থ—আষাঢ় মাসের গল্প। আষাঢ় মাসে কখনো কখনো একটানা বৃষ্টি চলতে থাকে। এ সময়ে মানুষ বাইরে যেতে পারে না। তখন সেই কর্মহীন দিনে ঘরের দাওয়ায় আজগুবি বা উদ্ভট গল্পের আসর বসে। সেসব গল্প হয় দৈত্যদানোর, জিন-পরির, কিংবা অবিশ্বাস্য কোনো কল্পকাহিনির। এখান থেকে ‘আষাঢ়ে গল্পের’ জন্ম হয়ে থাকবে। যদিও এই বাগ্ধারার সঙ্গে আষাঢ় মাসের সম্পর্ক পুরোপুরি প্রমাণিত নয়। তবে আষাঢ়ে গল্প আষাঢ় মাসেই ভালো জমে।
এসব গল্প অধিকাংশ সময়ই হয় আজগুবি, অবিশ্বাস্য। গল্পের শুরুটা এমন হয় যাতে শেষটা না শুনে কেউ সেখান থেকে ওঠে না। যেমন কথক শুরুটা করতে পারেন এভাবে: ‘আমার দাদার জালে একবার বিশাল একটা মাছ ধরা পড়েছিল। ধরার পর মাছটা মানুষের গলায় বলে উঠল, আমারে ছাইড়া দে...।’
সাধারণত এসব গল্পের যিনি কথক, তিনি সাধারণত বয়সে একটু প্রবীণ হন। তাঁর বলার ভঙ্গি থাকে আকর্ষণীয়, গল্পের বিষয় হয় মজার, আর কাহিনি হয় খুব জমাট। ফলে গল্প শুনে সময় নষ্ট হচ্ছে—এই ভাবনা কারও আসে না। আর এসব গল্পের সত্য-মিথ্যার খোঁজ কেউ করতেও চায় না। তাৎক্ষণিক বিস্ময় আর আনন্দ উপভোগের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
প্রমথ চৌধুরী অবশ্য মনে করেন, আষাঢ়ে গল্পের সঙ্গে আষাঢ় মাসের কোনো সম্পর্ক নেই। তাঁর মতে, আষাঢ়ে শব্দটি ভুল বা বিকৃত উচ্চারণ, এই শব্দটি আসলে আজাড়।
আজাড় শব্দটি মূলে ফারসি বা আরবি। এর অর্থ—অমূলক বা অকারণ। মুহম্মদ শহীদুল্লাহ্র আঞ্চলিক ভাষার অভিধান–এও ‘আজাড়ে’ বা ‘আজাইড়্যা’ শব্দ আছে। কথ্য বাংলায় ‘আজাইড়্যা’ শব্দটি বহুল ব্যবহৃত হয়। প্রমথ চৌধুরী বলেন, আজাড় বা আজাড়ে গল্প থেকে আষাঢ়ে গল্প বাগ্বিধিটি এসেছে। এর মানে—নিরর্থক বা বেহুদা গল্প। বাস্তবেও আষাঢ়ে গল্পে সিরিয়াস কিছু থাকে না।
আষাঢ়ে বা আজাড়ে যা–ই হোক, এ রকম গল্পের জন্য আষাঢ়ের সময়টাই সবচেয়ে উপযুক্ত। এর সঙ্গে কৃষিভিত্তিক প্রাচীন সমাজের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কারণ, আষাঢ় মাসে চারদিক পানিতে থই থই করত, মাঠে কাজ করার উপায় থাকত না। ফলে এ সময়ে ঘরের বারান্দায় বা দহলিজে বসে গল্প জুড়ে দিত ছেলে-বুড়োরা। রংবেরঙের আলাপের একপর্যায়ে অপেক্ষাকৃত প্রবীণ কেউ দীর্ঘ গল্প শুরু করে দিতেন। পান খেতে খেতে আর তামাক টানতে টানতে রসিয়ে রসিয়ে তিনি গল্প বলতেন। কম বয়সীরা সেই গল্প মুগ্ধ হয়ে শুনত। আর এভাবেই আষাঢ় মাসের সঙ্গে আষাঢ়ে গল্পের সম্পর্ক দাঁড়িয়ে গেছে।