
এসো বাবু, সামনে এসো, হয়নি কি সাজসজ্জা?
অনলাইনে দেখছি বলে পাচ্ছ নাকি লজ্জা?
লজ্জাশরম অচল জিনিস, এই যুগে নাই মূল্য
লজ্জা থাকায় কত কুতুব জলদি পটল তুলল!
দন্ত দিয়ে দেখার শুরু, দেখতে না পাই মন তো!
দেখি বাবু! হাস্য করো, দেখি তোমার দন্ত।
দেখি তোমার গায়ের কালার! শ্যামলা নাকি কালচে?
কালার দেখেই বুঝতে পারি কে তোমাকে পালছে!
আচ্ছা, তোমার উচ্চতা কী? ক ফুট তুমি প্রস্থে?
তুমি কারও ফার্মে ছিলে নাকি লাঙল চষতে?
দেখি দেখি কাঁধটা দেখি! জোয়াল রাখার চিহ্ন
থাকলে বাপু কিনব না আর, ব্যাপার তখন ভিন্ন।
ক্যারেক্টারের সার্টিফিকেট আছে তোমার সঙ্গে?
(কমিশনার ভুয়া জিনিস দিচ্ছে সারা বঙ্গে!)
আচ্ছা তুমি বলদ না ষাঁড়? সত্য বলো, সত্য—
তথ্য অধিকারেই আছে চাইলে দেবে তথ্য!
নতুন যুগের মডেলগুলো শুকনা অধিকাংশ
তোমার গায়ে আনুমানিক ক মণ হবে মাংস?
নাকি ওজন হাড্ডি দিয়ে, ফ্যাটে শরীর ভর্তি!
জিরো ফিগার যুগে আবার ফ্যাটের বাজার পড়তি!
নাম কী তোমার? হিন্দি ছবির নায়ক হলে বুঝছ!
লিস্টি থেকে তুমি বাতিল, যতই নাড়াও পুচ্ছ।
নাম ভাঁড়ানো গরু কিনে আগেও অনেক ঠেকছি
মাংসবিহীন চর্বি দিয়ে ভর্তি পাতিল-ডেকচি!
শিং তো তোমার অনেক চোখা! গুঁতোর স্বভাব নাই তো?
(তেমন হলে গরুর মালিক দামটা কমই চাইত!)
বাহ রে তোমার লেজ তো দারুণ! লেজটা কত ইঞ্চি?
রাগ করো না, দেখছি, কারণ, আমি তোমায় কিনছি!
শিং নাড়িয়ে দেখাচ্ছ ভয়? শান্ত থাকো, লক্ষ্মী!
অনলাইনে বিক্রি হলে মানতে হবে ঝক্কি!