বারাক ওবামার প্রতিকৃতি অবলম্বনে গ্রাফিকস: প্রথম আলো
বারাক ওবামার প্রতিকৃতি অবলম্বনে গ্রাফিকস: প্রথম আলো

দেশে–বিদেশে

এবার বই নিয়ে বারাক ওবামার পডকাস্ট

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবার বই নিয়ে আসছেন নতুন পডকাস্টে। ‘এ গ্রেট বুক উইথ বারাক ওবামা’ নামের ছয় পর্বের এই পডকাস্ট শুরু হবে আগামী ২৪ সেপ্টেম্বর। ওবামার প্রতিষ্ঠান হায়ার গ্রাউন্ড ও অডিবল যৌথভাবে তৈরি করছে পডকাস্টটি।

বইপ্রেমীদের কাছে ওবামার বই পড়ার তালিকা বরাবরই বেশ আগ্রহের বিষয়। প্রতি বছর তার পছন্দের বইয়ের তালিকা প্রকাশের পর সেগুলো নিয়ে পাঠকদের মধ্যে আলোচনা হয়। এবার সেই বইপ্রীতিই নতুন রূপ পাচ্ছে পডকাস্টে।

এই সিরিজে ওবামা ছয়জন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আলাপ করবেন। আলোচনার বিষয় হবে এমন ছয়টি বই, যেগুলো ওবামার চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গিতে প্রভাব ফেলেছে। তবে অনুষ্ঠানের অতিথিদের নাম এখনো প্রকাশ করা হয়নি। তবে বইগুলো হলো- জেমস বল্ডউইনের দ্য ফায়ার নেক্সট টাইম, টনি মরিসনের সং অব সলোমন, কর্মা ম্যাককার্থির অল দ্য প্রিটি হর্সেস, মেরিলিন রবিনসনের গিলিয়াড, রবার্ট পেন ওয়ারেনের অল দ্য কিংস মেন, জন লে ক্যারের টিঙ্কার, টেইলর, সোলজার, স্পাই।

তার আশা, এই পডকাস্ট শ্রোতাদের এমন কিছু বই আবার পড়তে আগ্রহী করে তুলবে, যেসব বই মানুষকে নিজের জীবন, চারপাশের মানুষ এবং পুরো পৃথিবীকে নতুন দৃষ্টিতে দেখতে শেখায়।

ওবামা বলেন, পডকাস্টে বন্ধুদের সঙ্গে তিনি এসব বই নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। বইগুলো কেন তাদের মনে দাগ কেটেছে, কীভাবে সেগুলো নিজেদের ও অন্যদের আরও গভীরভাবে বুঝতে সাহায্য করে এবং বদলে যাওয়া এই সময়ে সাহিত্যের গুরুত্বইবা কতটা, এসব বিষয় উঠে আসবে আলোচনায়।

তার আশা, এই পডকাস্ট শ্রোতাদের এমন কিছু বই আবার পড়তে আগ্রহী করে তুলবে, যেসব বই মানুষকে নিজের জীবন, চারপাশের মানুষ এবং পুরো পৃথিবীকে নতুন দৃষ্টিতে দেখতে শেখায়।

সূত্র: বুকরায়ট
গ্রন্থনা: রবিউল কমল