জে আর আর টলকিনের উপন্যাস ‘দ্য হবিট’-এর প্রচ্ছদ অবলম্বনে গ্রাফিকস: প্রথম আলো
জে আর আর টলকিনের উপন্যাস ‘দ্য হবিট’-এর প্রচ্ছদ অবলম্বনে গ্রাফিকস: প্রথম আলো

দেশে–বিদেশে

‘দ্য হবিট’–এর প্রথম সংস্করণ ৩৮ হাজার ৪০০ পাউন্ড

বিশ্ববিখ্যাত লেখক জে আর আর টলকিনের কালজয়ী উপন্যাস ‘দ্য হবিট’-এর প্রথম সংস্করণের একটি কপি যুক্তরাজ্যের একটি দাতব্য সংস্থার দোকানে দান করা হয়েছিল। পরে সেটি নিলামে বিক্রি হয়েছে ৩৮ হাজার ৪০০ পাউন্ডে (প্রায় ৬৩ লাখ টাকার বেশি)।

এটি ছিল ১৯৩৮ সালে প্রকাশিত প্রথম সংস্করণের দ্বিতীয় মুদ্রণ। বইটি বার্মিংহামের হারবর্ন এলাকার অক্সফাম বইয়ের দোকানে অন্যান্য বইয়ের সঙ্গে দান করেন এক ব্যক্তি। দোকানের এক কর্মী বইটি হাতে নিয়েই বুঝতে পারেন, এটি মূল্যবান কোনো বই হবে। এরপর বিশেষজ্ঞদের কাছে যাচাইয়ের জন্য পাঠানো হয়। সবকিছু নিশ্চিত হওয়ার পর নিলামে তোলা হয় এবং শেষ পর্যন্ত ৩৮ হাজার ৪০০ পাউন্ডে বিক্রি হয়।

হারবর্ন অক্সফাম শাখার ব্যবস্থাপক জুলিয়ান গ্রিস্ট বলেন, টলকিনের বই সংগ্রাহকদের কাছে ভীষণ জনপ্রিয়। শুরুতে একেবারে সাধারণ মনে হলেও অনেক সময় সেগুলো অবিশ্বাস্য দামে বিক্রি হতে পারে। কখনো কখনো কেবল পুরোনো ডাস্ট জ্যাকেটের কারণেই বইয়ের দাম অনেক গুণ বেড়ে যায়।

জানা গেছে, এই সংস্করণের মাত্র প্রায় ২ হাজার ৩০০ কপি ছাপা হয়েছিল। এতে টলকিনের আঁকা চারটি রঙিন ছবি আছে।

অক্সফাম জানিয়েছে, বইটি বিক্রি করে পাওয়া অর্থ বিশ্বের বিভিন্ন দেশে দারিদ্র্য ও বৈষম্য দূরীকরণ কার্যক্রমে ব্যয় করা হবে।

সূত্র: বিবিস

গ্রন্থনা: রবিউল কমল

জে আর আর টলকিনের উপন্যাস ‘দ্য হবিট’-এর প্রচ্ছদ