পঙ্কজদা আগের গতিতেই সিঁড়ি দিয়ে নেমে গেলেন

গতকাল মধ্যরাতে মারা গেছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য। তাঁকে শ্রদ্ধা।

পঙ্কজ ভট্টাচার্য
ফাইল ছবি

পঙ্কজ ভট্টাচার্য নামটির সঙ্গে আমার পরিচয় আমি যখন স্কুলের ছাত্র, প্রধানত সংবাদপত্র পাঠের মাধ্যমে। তা ছাড়া আমি যেহেতু ছাত্র ইউনিয়ন করতাম, সেই সূত্রেও কিছুটা। তখনই বোধ হয় সংগঠনের নেতাদের কারও কাছ থেকে জেনেছিলাম, তিনি চট্টগ্রামের সন্তান। অতি সম্প্রতি তাঁর স্মৃতিকথা ‘আমার সেই সব দিন’ থেকে জানতে পারি, আরও অনেক বিখ্যাতজনের মতো তিনিও একসময় আমাদের চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ছাত্র ছিলেন। আগরতলা ষড়যন্ত্র মামলার সমসময়ে ‘স্বাধীন বাংলা ষড়যন্ত্র মামলা’র আসামি হিসেবে তাঁর কারাবরণের কথা জেনেছিলাম। আমাদেরই সংগঠনের একজন সাবেক নেতা হিসেবে এ ঘটনায় সেদিন বিশেষ গৌরব ও গর্ব বোধ করতাম।

পঙ্কজ ভট্টাচার্যকে প্রথম দেখি ১৯৭১ সালে, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময়, আগরতলার ক্রাফট হোস্টেলে। সীমান্ত পেরোনোর সময় ছাগলনাইয়া বর্ডারে পাকিস্তানি বাহিনীর হাতে আটক, দল থেকে বিচ্ছিন্ন এবং কৌশলে মুক্তিলাভের পর অনেক কষ্টে একাকী যখন আগরতলা শহরের ক্রাফট হোস্টেলে ন্যাপ, ছাত্র ইউনিয়ন ও কমিউনিস্ট পার্টির সেই আশ্রয়কেন্দ্রে পৌঁছাই, তখন আমি রীতিমতো অসুস্থ। যত দূর মনে আছে, চট্টগ্রামের বখতেয়ার নূর সিদ্দিকী ভাই পঙ্কজদার সঙ্গে আমার পরিচয় করিয়ে দেন। অসুস্থতার কারণে পঙ্কজদার নির্দেশেই প্রথম কয়েক দিন আমাকে হোস্টেলের ওপরতলায় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে থাকতে দেওয়া হয়। কয়েক দিন বিশ্রামের পর একটু সুস্থ বোধ করলে আমাকে একটি  দায়িত্ব দেওয়া হয়। দুপুর ও রাতের খাওয়ার সময় একটি চেয়ারে বসে আমি রেজিস্টারে টিকচিহ্ন দিতাম। আমার সামনে টেবিলে খাবারের থালাগুলো সাজানো থাকত। বড়-ছোট নেতা-কর্মী সবাইকে লাইনে দাঁড়িয়ে সেই থালা নিতে হতো। থালার সংখ্যা ছিল কম। ফলে, থালা শেষ তো অন্যদের পরবর্তী ব্যাচের জন্য লাইনে দাঁড়িয়ে বা অসমর্থ হলে নিজের জায়গাতেই মেঝেয় বসে অপেক্ষার পালা। মেঝেয় পঙ্‌ক্তিভোজনে খাওয়া শেষ করে যে যাঁর নিজের থালা বাইরের টিউবওয়েলে ধুয়ে পরিষ্কার করে আবার টেবিলে জমা দিতেন। পরের ব্যাচের জন্য। অনেক দিন দেখা যেত, শেষ দিকে খাবার থাকত না। ভাঁড়ার ও রন্ধনশালার তদারকির দায়িত্বে মনে হয় পঙ্কজদাই ছিলেন। তাঁকে দেখতাম সে সময় আমাকে দেখিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিতে, ‘ওকে দুটো রুটি বানিয়ে দাও।’ তারপর তাঁর সে ভারী গলায় গানের সুর ভাঁজতে ভাঁজতে তিনি ওপরে তাঁর কক্ষে চলে যেতেন। তিনি সে বেলায় কী খেতেন বা আদৌ কিছু খেতেন কি না, খুব কৌতূহল থাকলেও আমার কোনো দিন জানা হয়নি। কিন্তু আজও পঙ্কজদার কথা মনে হলেই আমার চোখে সবার আগে রবীন্দ্রসংগীত গাইতে গাইতে ক্রাফট হোস্টেলের সিঁড়িভাঙা সেই দীর্ঘকায় মানুষটির ইমেজই ভেসে ওঠে। কিছুদিন ক্রাফট হোস্টেলে কাটিয়ে আমি, বখতেয়ার ভাই প্রমুখ চট্টগ্রামের পার্টি নেতাদের নির্দেশে পূজার আগে মুর্শিদাবাদ চলে যাই। পশ্চিমবঙ্গে রওনা হওয়ার দিন সকালে চট্টগ্রামের ফণীদাসহ (ফণীভূষণ দাশ) আমরা তিনজন (অপরজনের নাম মনে নেই) সরদার আবদুল হালিম ও পঙ্কজদার সঙ্গে দেখা করেছিলাম মনে আছে। আগরতলা থেকে মুর্শিদাবাদ যাওয়ার সময় ট্রেনে কয়েক দিন একটানা দাঁড়িয়ে থেকে আমি আবার অসুস্থ হয়ে পড়ি। ফলে, আমার আর শিগগির আগরতলায় ফিরে আসা হয়নি। তবে চিঠির মাধ্যমে বখতেয়ার ভাইয়ের সঙ্গে যোগাযোগ রাখতাম। এর মধ্যে তো দেশ স্বাধীন হয়ে গেল!

পঙ্কজদার সঙ্গে এরপর আবার আমার দেখা হয় চট্টগ্রামে। এক সন্ধ্যায়, প্যারেড গ্রাউন্ডে। দিন-তারিখ মনে নেই, তবে উপলক্ষটা ছিল ভারতীয় মিত্রবাহিনীর বিদায় সংবর্ধনা। সেদিন জনতার ভিড়ে পঙ্কজদা ও আমি পাশাপাশি দাঁড়িয়েই অনুষ্ঠানটা দেখেছিলাম। তাঁর সঙ্গে সংক্ষিপ্ত কুশলবিনিময়ও হয়েছিল। তবে তিনি সেদিন আমাকে ঠিক চিনতে পেরেছিলেন কি না জানি না।

পঙ্কজদার সঙ্গে এরপর আবার আমার দেখা হয় চট্টগ্রামে। এক সন্ধ্যায়, প্যারেড গ্রাউন্ডে। দিন-তারিখ মনে নেই, তবে উপলক্ষটা ছিল ভারতীয় মিত্রবাহিনীর বিদায় সংবর্ধনা। সেদিন জনতার ভিড়ে পঙ্কজদা ও আমি পাশাপাশি দাঁড়িয়েই অনুষ্ঠানটা দেখেছিলাম। তাঁর সঙ্গে সংক্ষিপ্ত কুশলবিনিময়ও হয়েছিল। তবে তিনি সেদিন আমাকে ঠিক চিনতে পেরেছিলেন কি না জানি না। এরপর ঢাকায় অনেক অনুষ্ঠানে দেখা হয়েছে। নিমন্ত্রিত হয়ে এক টেবিলে বসে খাবারও খেয়েছি। কিন্তু কুশলবিনিময়ের বেশি আলোচনার সুযোগ হয়নি। তবে বুঝেছি, তিনি আমাকে চেনেন। ফেসবুকেও তিনি আমার সঙ্গে ছিলেন। মাঝেমধ্যে শুভেচ্ছাবিনিময় হতো। আমার দু-একটা পোস্টে তিনি মন্তব্যও করেছিলেন বলে মনে হয়। তাঁর সঙ্গে শেষ দেখা সোনারগাঁও হোটেলে। খুব সম্ভব প্রথমা প্রকাশনের একটি অনুষ্ঠানে। ‘শিলিগুড়ি কনফারেন্স’ বইটির ওপর আলোচনা অনুষ্ঠান কি ছিল সেটি? অনুষ্ঠান শেষ হতেই আমি যখন দোতলা থেকে নেমে আসছি, দেখলাম পঙ্কজদাও আমার আগে আগে সিঁড়ি দিয়ে নামছেন। আমি তাঁকে রেলিং না ধরে ও দ্রুতগতিতে নামতে দেখে একটু সাবধান করলাম। তিনি আমার সঙ্গে একমত হয়ে একটু হাসলেন, কিন্তু আগের গতিতেই নেমে গেলেন। আমি পিছিয়ে পড়লাম।

পঙ্কজ ভট্টাচার্যের স্মৃতিকথা ‘আমার সেই সব দিন’-এর সম্পাদনায় যুক্ত থাকার সূত্রে বইটি প্রকাশের আগেই তা পড়ার সুযোগ আমার হয়। সে সময় তাঁর জীবন ও রাজনৈতিক সংগ্রাম, আদর্শনিষ্ঠা, ত্যাগ ইত্যাদি সম্পর্কে অনেক কিছু জানতে পারি; আগে সেভাবে যা জানতাম না। সমসাময়িক রাজনীতি, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, নানা ঘটনা ও ঘটনার অন্তরালের ঘটনা সম্পর্কেও এ বই পড়ে জানা যায়।

যদিও এ-ও মনে হয়েছে, কিছু ঘটনা ও প্রসঙ্গ এবং তাতে নিজের মত-মতান্তরের কথা তিনি হয়তো সচেতনভাবেই এ বইয়ে এড়িয়ে গেছেন। একজন রাজনৈতিক সক্রিয়তাবাদীর বিবেচনা থেকেই মনে হয় তিনি তা করেছেন। যেমন বাকশাল প্রশ্নে কমিউনিস্ট পার্টি ও ন্যাপের প্রকৃত অবস্থান, ন্যাপের বিভাজনের পেছনে কমিউনিস্ট পার্টির ভূমিকা—এসব বিষয়ে তিনি আরও স্পষ্টভাষী হতে পারতেন।

পঙ্কজ ভট্টাচার্যের সব বক্তব্য বা দৃষ্টিভঙ্গির সঙ্গে আমি বা আমরা অনেকে হয়তো একমত হব না। সেটা অস্বাভাবিকও নয়। কিন্তু একজন আদর্শনিষ্ঠ রাজনীতিকের (আজকের দিনে যা দুর্লভ) সংগ্রামী জীবন, দেশ ও জনগণের জন্য তাঁর ত্যাগ এবং আমরণ লড়াইয়ের কথা ভবিষ্যতের মানুষ এই স্মৃতিকথা পড়ে জানতে পারবেন। হয়তো ভেবে অবাক হবেন, এমন মানুষও আমাদের দেশে, এ সমাজে কখনো ছিল!

আমাদের রাজনৈতিক-সামাজিক ইতিহাসেরও একটি মূল্যবান দলিল হিসেবে গণ্য হবে পঙ্কজ ভট্টাচার্যের এ আত্মকথা।

৮৪ বছর বয়সে পঙ্কজ ভট্টাচার্যের এই চলে যাওয়াকে হয়তো ‘অকালমৃত্যু’ বলা যাবে না। দেশকে, সমাজকে আর বেশি কিছু দেওয়ার সামর্থ্যও হয়তো তাঁর ছিল না। কিন্তু তিনি আমাদের সামনে, নিরাশার এই অন্ধকার মহাসমুদ্রে, একটি বাতিঘর হয়ে দাঁড়িয়ে ছিলেন। সেটাই–বা কম কী? নিজের বিশ্বাস ও মূল্যবোধে স্থিত থেকে চেতন জীবনের শেষাবধি লড়ে গেছেন। এমন দৃষ্টান্ত তো আমাদের সামনে আজ প্রায় নেই হয়ে যাচ্ছে। সেদিক থেকে তাঁর এই বিদায়কে অকাল ও অপূরণীয় বললে কি খুব বেশি বলা হবে? মনে হয় না।

পঙ্কজদার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা।