১১ জুলাই ফ্রান্সে প্রয়াত হয়েছেন বিশ্বখ্যাত ঔপন্যাসিক মিলান কুন্ডেরা। কর্তৃত্ববাদী শাসনের বিরোধী এই লেখক সব সময় আস্থা রেখেছিলেন মতপ্রকাশের স্বাধীনতায়। তাঁর প্রতি শ্রদ্ধা।

আমরা যে জন্মেছিলাম মিলান কুন্ডেরার সময়ে, বেঁচে ছিলাম তাঁর সঙ্গে একই পৃথিবীতে, আমরা যে জেনেছিলাম এমন একজন কেউ আছেন, যিনি নিয়ন্ত্রক রেজিমের কঠোর আদর্শিক বাড়াবাড়িকে ব্যঙ্গ করার সাহস রাখেন, আমরা যে পড়েছিলাম তাঁর লেখা অভূতপূর্ব উপন্যাস দ্য জোক—এটা আমাদের জীবনের একটি আনন্দময় ঘটনা। দ্য জোক আদতে প্রেমের উপন্যাস—লেখকের এই দাবিকে অধিকাংশ সময়েই আমলে নেওয়া হয় না। সমালোচক-পাঠক আর সাহিত্যবোদ্ধারা উপন্যাসটিকে রাজনৈতিক উপন্যাস—বলা ভালো, ‘পলিটিক্যাল স্যাটায়ার’ হিসেবেই জেনে আর মেনে এসেছেন। কর্তৃত্ববাদী নিয়ন্ত্রণকামী রাজনৈতিক মতাদর্শের বাড়াবাড়ি কীভাবে এক তরুণের জীবনকে তছনছ করে দিতে পারে, তার প্রেমের সম্পর্ককে, তার একাডেমিক ক্যারিয়ারকে—সর্বোপরি তার জীবনের সব স্বপ্ন ও সম্ভাবনা ভেঙে গুঁড়িয়ে দিতে পারে, সেই নিষ্ঠুর, ক্ষমাহীন, প্রেমহীন, রসবোধহীন ব্যবস্থার আগ্রাসী আর বিধ্বংসী চরিত্রই উন্মোচিত হয়েছে এ আখ্যানে। আর ঠিক এ জন্যই দ্য জোক (১৯৬৭) গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এর লেখকও।
সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষিত হওয়ার সময় এলেই যেসব জল্পনাকল্পনা শুরু হয়, সে আলোচনায় প্রায়ই থাকত মিলান কুন্ডেরার নাম। এ বছর থেকে চিরতরে অবসান হলো এই গুঞ্জনের। যদিও নোবেল কমিটি কখনোই তাঁদের মনোনয়নের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করে না, তবু সাহিত্যপ্রেমীরা অনেক সময়ই সম্ভাব্য বিজয়ীদের তালিকায় বিবেচনা করতেন মহান এই লেখককে।
কুন্ডেরার কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার
⬥ জেরুজালেম পদক (১৯৮৫)
⬥ অস্ট্রিয়ান স্টেট প্রাইজ ফর ইউরোপিয়ান লিটারেচার (১৯৮৭)
⬥ ইন্টারন্যাশনাল হারডার প্রাইজ (২০০০)
⬥ চেক স্টেট লিটারেচার প্রাইজ (২০০৭)
⬥ চিনো দেল দুকা পদক (২০০৯)
⬥ ওভিড পদক (২০১১)
⬥ফ্রানৎস কাফকা পদক (২০২০)
মিলান কুন্ডেরা জন্মেছিলেন ১৯২৯ সালের ১ এপ্রিল চেকোস্লোভাকিয়ায় (বর্তমানে চেক প্রজাতন্ত্র)। ১৯৭৫ সালে তিনি নির্বাসিত হয়ে ফ্রান্সে চলে যাওয়ার আগপর্যন্ত ছিলেন সেখানেই। লেখাপড়া করেছেন প্রাগের চার্লস একাডেমি অব পারফর্মিং আর্টসে সাহিত্য ও নন্দনতত্ত্ব নিয়ে। সংগীতজ্ঞ বাবার সন্তান হিসেবে পিয়ানোতে তাঁর হাতেখড়ি হয়েছিল বাড়িতেই। পরে ভিজ্যুয়াল আর্টসেও লেখাপড়া করেছেন।
১৯৬৮ সালে শুরু হওয়া প্রাগ স্প্রিং আন্দোলনে প্রত্যক্ষভাবে জড়িত হন তিনি। নিজে সমাজতান্ত্রিক দলের একজন নিষ্ঠাবান কর্মী হওয়া সত্ত্বেও বিশ্বাস করতেন, স্বাধীন মতপ্রকাশের ‘অপরাধে’ কাউকে বন্দী করা যায় না। নিজের লেখায় এ কথাই বলেছেন বারবার, যদিও তা প্রেমের উপন্যাসের খোলসে। ১৯৬৮ সালে তাঁর প্রথম উপন্যাস দ্য জোক নিষিদ্ধ হয়। রাশিয়া অধিকৃত চেকোস্লোভাকিয়ায় কুন্ডেরার অগ্রসর চিন্তা ধোপে টেকেনি। ফলে ১৯৭০ সালে দ্বিতীয়বারের মতো বহিষ্কৃত হন পার্টি থেকে। এরপর তাঁর মাথা থেকে রাজনৈতিক সংস্কারের চিন্তা চিরতরে বিদায় নেয়। জন্মভূমি থেকে নির্বাসিত হয়ে ফ্রান্সে গিয়ে রেঁনে বিশ্ববিদ্যালয়ে শুরু করেন শিক্ষকতা। এরপর চেক প্রজাতন্ত্র সমাজতান্ত্রিক রাশিয়ার আগ্রাসন থেকে মুক্ত হলেও ফ্রান্স থেকে আর ফিরে যাননি তিনি। দ্য জোক ছাড়া লিখেছেন আরও অনেক উপন্যাস। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো দ্য আনবেয়ারেবল লাইটনেস অব বিয়িং (১৯৮৪), লাইফ ইজ এলসহোয়্যার (১৯৭৩), ইম্মরটালিটি (১৯৯০), আইডেন্টিটি (১৯৯৮), ইগনোরেন্স (২০০০), স্লোনেস (১৯৯৫) ও দ্য ফেয়ারওয়েল ওয়াল্টজ (১৯৭২)। আর ছোটগল্প সংকলনের মধ্যে উল্লেখযোগ্য হলো লাফেবললাভস (১৯৬৯)। প্রবন্ধের বইয়ের তালিকায় আছে দ্য আর্ট অব নভেল (১৯৮৬), টেস্টামেন্টস বিট্রেইড (১৯৯৩), দ্য কারটেইন: অ্যান এসে ইন সেভেন পার্টস (২০০৫), কবিতাসংগ্রহের মধ্যে রয়েছে ম্যান: আ ওয়াইড গার্ডেন (১৯৫৩), দ্য লাস্ট মে (১৯৫৫) এবং মনোলগ (১৯৫৭)। নাটকও লিখেছেন কুন্ডেরা। উল্লেখ করার মতো নাটকগুলো হলো দ্য ওনারস অব দ্য কিজ (১৯৬২), টু এয়ারস টু ওয়েডিংস (১৯৬৮), দ্য ব্লান্ডার (১৯৬৯) ও জ্যাক্স অ্যান্ড হিজ মাস্টার (১৯৮১)।
কুন্ডেরার কবিতা, নাটক বা নন–ফিকশন নিয়ে পাঠকদের অত বেশি আগ্রহ নেই, যতটা আছে তাঁর উপন্যাস ও গল্প নিয়ে। কিন্তু তাঁর লেখা ফিকশনেও গল্প বলার চেয়ে তিনি বেশি জোর দিয়েছেন নিজের দার্শনিক চিন্তার প্রকাশে। বিশেষত দ্য বুক অব লাফটার অ্যান্ড ফরগেটিং এবং দ্য আনবেয়ারেবল লাইটনেস অব বিয়িং—এই দুই বহুল জনপ্রিয় উপন্যাসে মূলত রাজনৈতিক চরমপন্থার আমলে মানুষের জীবনবাস্তবতাকে দেখানোর পাশাপাশি নিজের দর্শনচিন্তা প্রকাশের প্রয়াসও নিয়েছেন তিনি। প্রথমটি জাদুবাস্তবতার মোড়কে এসে উন্মোচন করেছে রাজনৈতিক নিয়ন্ত্রণবাদের আওতাধীন জীবনের বাস্তব অসহায়ত্ব; ইতিহাসের স্মৃতিবিস্মৃতির সঙ্গে সংযোগ স্থাপন করেছে মানুষের ব্যক্তিগত বোঝাপড়া ও লেনদেনের। আর দ্বিতীয়টিতে রাজনৈতিক প্রেক্ষাপট থাকলেও তা রয়েছে নেপথ্যে, সামনে এসেছে জীবনের পুনরাবৃত্তিহীনতা এবং যাপনের সংকট। এ উপন্যাসেই কুন্ডেরা বলেছেন, শেকস্পিয়ারের কথা মেনে নিয়ে আমরা যদি ধরে নিই, পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ আর আমরা সব সেই মঞ্চের কুশীলব, তাহলে এ কথা নিশ্চিত বলা যায় যে এই জীবননাট্যের কোনো মহড়া নেই, অভিনয়ে একবার ভুল হয়ে গেলে তা শোধরানোর আর কোনো উপায় থাকে না।
শেকস্পিয়ারের কথা মেনে নিয়ে আমরা যদি ধরে নিই, পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ আর আমরা সব সেই মঞ্চের কুশীলব, তাহলে এ কথা নিশ্চিত বলা যায় যে এই জীবননাট্যের কোনো মহড়া নেইমিলান কুন্ডেরা
কুন্ডেরাকে অনেক সময়ই ভাবা হয়, পশ্চিমের ‘অ্যান্টিকমিউনিস্ট প্রোপাগান্ডার মাউথপিস’ হিসেবে। মনে করা হয়, কমিউনিস্ট জুঁজুর ভয় দেখিয়ে পুঁজিবাদী রাষ্ট্রগুলো নানা রকম স্বার্থসিদ্ধি করে, সেই প্রকল্পের অংশ হিসেবেই হয়তোবা ফ্রান্সের নাগরিকত্ব নিয়ে আর কখনোই দেশে ফিরে না যাওয়া কুন্ডেরাকে নিয়ে এত মাতামাতি। এ প্রসঙ্গে বলা দরকার, সোভিয়েতের পতনের পরেও কুন্ডেরার নাগরিকত্ব ফিরিয়ে দিতে বহু বছর লেগেছে চেক প্রজাতন্ত্রের। অবশেষে ২০১৯ সালে এই লেখককে ফিরিয়ে দেওয়া হয় কমিউনিস্ট শাসনামলে ১৯৭৯ সালে কেড়ে নেওয়া তাঁর নাগরিকত্ব।
উপন্যাসের পাশাপাশি কিছু ছোটগল্পেও কুন্ডেরা বলেছেন, মানুষের বহুকালের সংস্কৃতি, বহু বছরের ঐতিহ্য আর বিশ্বাস কী করে হুমকির মুখে পড়ে যায় কর্তৃত্ববাদী নিয়ন্ত্রণকামী সরকারের তথাকথিত আদর্শের সামনে। মানুষের মুক্তচিন্তা, স্বতঃস্ফূর্ত বিশ্বাস এবং সাংস্কৃতিকভাবে ধর্ম পালনের স্বাধীনতায় হস্তক্ষেপ কী করে ব্যক্তিজীবনে বড় বড় সংকট তৈরি করে, সেগুলো সবিস্তারে উঠে এসেছে এই লেখকের বিভিন্ন কাহিনিতে। কুন্ডেরার আপত্তি যতটা ছিল আদর্শের নামে বিশ্বাস আর শিল্পের কণ্ঠরোধের ব্যাপারে, সমাজতন্ত্রের ব্যাপারে ততটা ছিল না। সে জন্য তিনি চেয়েছিলেন সংস্কার, যা কখনোই সম্ভব হয়নি সোভিয়েত অধিকৃত ভূমিতে।
বারবার নাম এলেও নোবেল পুরস্কার পেলেন না বলে মিলান কুন্ডেরার গুরুত্ব কি কিছু কমে গেল?
সম্ভবত না। এ সময়ে, যখন চীন বাদে পৃথিবীর কোথাও আর সেভাবে সমাজতন্ত্র কায়েম নেই, তখনো আমরা দেখতে পাই, মতপ্রকাশের জন্য বন্দী হওয়া, ছুরিকাহত হওয়া, খুন হয়ে যাওয়ার নানা ঘটনা। অনেকেই স্বভূমি থেকে নির্বাসিত হয়ে আছেন বছরের পর বছর। প্রতিনিয়ত ভিন্নমতের প্রতি শ্রদ্ধা আর সহিষ্ণুতার অভাব জন্ম দিচ্ছে নানা সংঘাত ও সন্ত্রাস। মানবসভ্যতা এ সময়েও এমন পর্যায়ে পৌঁছাতে পারেনি, যখন সবাই নিজ নিজ মতামত নিঃসংকোচে, নির্ভয়ে প্রকাশ করতে পারে এবং কোনো ‘ফ্যানাটিক’ অথবা ‘টোটালিটারিয়ান’ কারও ভয়ে কাউকে চুপসে যেতে না হয়। বরং বিশ্বের অবস্থা দিন দিন আরও খারাপের দিকেই যাচ্ছে। ক্রমাগত আমাদের চেপে ধরছে ভয়ের সংস্কৃতি।
এই ভয়ের দুনিয়ায় মিলান কুন্ডেরা আরও প্রাসঙ্গিক হয়ে উঠবেন বলে মনে হয়। শিল্পের, বিশ্বাসের, মতপ্রকাশের আর যাপনের স্বাধীনতা নিয়ে যত দিন মানুষের সংগ্রাম চলবে, কুন্ডেরাকেও তত দিন আমাদের মনে পড়বে।