
এ মাসেই বের হয়েছে বিশ্বখ্যাত জাপানি ঔপন্যাসিক হারুকি মুরাকামির নতুন উপন্যাস ‘দ্য সিটি অ্যান্ড ইটস আনসারটেন ওয়ালস’। এই উপন্যাস মুরাকামি লিখতে শুরু করেছিলেন ২০২০ সালের শুরুতে। কী আছে এই উপন্যাসে?
দীর্ঘ প্রতীক্ষা ছিল ভক্তদের মধ্যে। গত ছয় বছরে নন্দিত জাপানি কথাসাহিত্যিক হারুকি মুরাকামির নতুন কোনো উপন্যাস বাজারে আসেনি।
অবশেষে ১৩ এপ্রিল শিনচোওশা পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছে ‘দ্য সিটি অ্যান্ড ইটস আনসারটেন ওয়ালস’। এই উপন্যাস মুরাকামি লিখতে শুরু করেছিলেন ২০২০ সালের শুরুতে। কিন্তু এটা কি একেবারেই নতুন কোনো উপন্যাস?
উত্তরটা হলো, না।
১৯৭৯ সালে মুরাকামি তাঁর প্রথম উপন্যাস ‘হিয়ার দ্য উইন্ড সিং’–এর জন্য গুঞ্জ সাহিত্য পুরস্কার পান। পরের বছর লেখেন দ্বিতীয় উপন্যাস ‘পিনবল, ১৯৭৩’। তৃতীয় উপন্যাস হিসেবে আমরা জানি, ‘আ ওয়াইল্ড শিপ চেজ’-এর নাম। কিন্তু সম্প্রতি জানা গেল, সেই জানায় কিছুটা ভুল আছে।
১৯৮০ সালে ‘পিনবল, ১৯৭৩’ লেখার পরপরই মুরাকামি আর একটা নভেলায় হাত দেন। জাপানের সাহিত্য সাময়িকী ‘বুঙ্গাকুকাই’তে সেই উপন্যাস প্রকাশিত হয়, কিন্তু কখনো বই আকারে বাজারে আসেনি। ২০২৩ সালে প্রকাশিত ৬৭২ পৃষ্ঠার উপন্যাস ‘দ্য সিটি অ্যান্ড ইটস আনসারটেন ওয়ালস’ হলো ৪৩ বছর আগে লেখা সেই নভেলার আমূল পরিবর্তিত এবং পরিমার্জিত রূপ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মুরাকামি ‘নিক্কেই এশিয়া’কে বলেছেন, ‘এখন উপন্যাসগুলো ঠিক সেভাবে লিখতে পারি, যেভাবে আমি চাই। সেই পুরোনো গল্প নতুন করে আবার লেখার সময় এসে গেছে।’
‘দ্য সিটি অ্যান্ড ইটস আনসারটেন ওয়ালস’-এর একেবারে শেষে আফটারওয়ার্ডে মুরাকামি কিছু তথ্য সংযোজন করেছেন। সেখানে তিনি বলেছেন, উপন্যাসটি বই আকারে কখনো প্রকাশ করেননি, কারণ এটা নিয়ে তিনি একেবারেই সন্তুষ্ট ছিলেন না। তবে এ উপন্যাসে এমন কিছু উপাদান আছে, যা তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
১৯৮০ সালে লেখা মূল উপন্যাসের কাঠামোতে প্রটাগনিস্ট হিসেবে একজন ‘আমি’কে দেখতে পাওয়া যায়। মুরাকামির প্রাথমিক পর্যায়ের অনেক উপন্যাসের মতোই নামহীন একজন ‘আমি’ উপন্যাসকে এগিয়ে নিয়ে যায়। তবে এই ‘আমি’কে চালিয়ে নেওয়ার জন্য উপন্যাসে ‘তুমি’ বলেও একটা চরিত্র ছিল। তারা দেয়াল দিয়ে ঘেরা একটা শহরে থাকত। ২০২৩ সালে প্রকাশিত উপন্যাসেও এসব বিষয় আছে।
হয়তো আপনারা ভাবছেন, মুরাকামি এবারই প্রথম তাঁর আগের কোনো লেখা দ্বিতীয়বারের মতো লিখতে বসেছেন। ব্যাপারটা তা নয়। ১৯৮৫ সালে প্রকাশিত তাঁর ‘হার্ড-বয়েলড ওয়ান্ডারল্যান্ড অ্যান্ড দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড’ উপন্যাসও আদতে পুনর্লিখন ছিল।
মুরাকামি ব্যাপারটাকে এভাবে ব্যাখ্যা করেছেন, ‘সে সময় আমার ক্ষমতায় কিছু খামতি ছিল। যা যা লিখতে চাইতাম, সেগুলো লেখার মতো অবস্থানে ছিলাম না এবং এই সীমাবদ্ধতা মেনেই উপন্যাসগুলো লিখতে বাধ্য হয়েছিলাম। উত্তরণের উপায় অবশ্যই খুঁজেছি এবং এই খোঁজার প্রক্রিয়াটা আমি উপভোগ করতাম। লিখতে বসার জন্য সেটাই ছিল আমার তখনকার অন্যতম আকর্ষণ।’ (সূত্র: নিক্কেই এশিয়া)
‘কাফকা অন দ্য শোর’, ‘ওয়ান কিউ এইট ফোর’, ‘কিলিং কমেন্ডেটর’-এর মতো বড় উপন্যাসগুলো লেখার পর মুরাকামি পুরোপুরি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। মনে মনে ঠিক করেন ‘দ্য সিটি অ্যান্ড ইটস আনসারটেন ওয়ালস’ উপন্যাসটা নিয়ে দ্বিতীয়বারের মতো বসবেন। কারণ, এ গল্পে তাঁর অত্যন্ত পছন্দের কিছু উপাদান আছে। যেমন দেয়াল, শ্যাডো।
তখন পৃথিবী কোভিডে আক্রান্ত। ২০২০ সালের মার্চে তিনি উপন্যাসটা নতুন করে আবার লিখতে শুরু করেন।
তিনি বলেছেন, ‘আমার উপন্যাসে ম্যাজিক রিয়েলিজম আছে। তবে আমি এই জনরা দ্বারা প্রভাবিত হইনি। আমি কেবল আমার গল্প বলার শক্তিতে বিশ্বাস রাখতে চাই সব সময়, যা আধুনিক সাহিত্য থেকে হারিয়ে গেছে। আমি কেবল ব্যক্তিগত গল্পটাই লিখি এবং মনে করি, আমার লেখার স্টাইলটা যে লোকে আংশিক গ্রহণ করেছে, সেটা আমার এই গল্পরীতির কারণেই।’
নতুন উপন্যাসের শুরুতেই দুটো চরিত্রকে দেখা যায়। ১৭ বছর বয়সী বকু, ১৯৮০ সালের ভার্সনে পাঠক যাকে পেয়েছিল ‘আমি’ হিসেবে। কিমি নামে আরেকটা চরিত্রকেও আমরা পাশাপাশি পেয়ে যাই, আগের উপন্যাসে সে ছিল ‘তুমি’ হিসেবে। এই দুজন রহস্যময় প্রাচীর দিয়ে ঘেরা একটা শহর নির্মাণ করে। এরপর যুক্ত হয় তৃতীয় আরেকটা চরিত্র, যার নাম ওয়াতাশি। শহরে প্রবেশ করে সে।
কিমি কাজ করত একটা লাইব্রেরিতে। ওয়াতাশি সেখানে কিমির সঙ্গে দেখা করে। শহরে প্রবেশ করার কিছু শর্ত আছে। ধরা যাক, কোনো লোক আজব প্রাচীর দিয়ে ঘেরা সেই শহরে ঢুকবে, প্রথমে যে কাজ তাকে করতে হবে, তা হলো, ছায়া বিসর্জন। ওয়াতাশি শহরে ঢোকার মুখেই এক দারোয়ানের কাছে তার ছায়াটা জমা রাখে। এই সামান্য ঘটনা থেকেই বোঝা যায়, পুরো উপন্যাসের আবহ সুরিয়েল বা পরাবাস্তবধর্মী।
প্রাচীর বা দেয়াল মুরাকামির লেখালেখির খুবই গুরুত্বপূর্ণ মোটিফ। ২০০৯ সালে জেরুজালেমে পুরস্কার গ্রহণ করতে গিয়ে তিনি বলেছিলেন, ‘ধরা যাক, একটা খুব উঁচু আর শক্ত দেয়াল আমাদের সামনে দাঁড়িয়ে আছে। একটা ডিম কেউ একজন হাতে তুলে নিল এবং সেই দেয়ালের দিকে ছুড়ে মারল। এখানে দুটো পক্ষ। একটা দেয়াল। আরেকটা ছুড়ে মারা ডিম। আপনাদের জানিয়ে রাখি যে আমি দ্বিতীয় পক্ষে। আমার এই অবস্থান সব সময়ের জন্য।’
১৯৯৪ সালে প্রকাশিত ‘দ্য ওইন্ড-আপ বার্ড ক্রনিকল’ উপন্যাসেও দেয়ালের মধ্য দিয়ে যাওয়া-আসার ব্যাপারটা আছে এবং সেখানেও গল্পের একটা গুরুত্বপূর্ণ মোটিফ হলো দেয়াল। মুরাকামি বলেছেন, ‘আমার জন্য প্রাচীর হলো, এই পৃথিবী এবং অন্য আরেক পৃথিবীর মধ্যকার সীমানা। যেসব ক্ষমতাবান মানুষ এই প্রাচীরের মধ্য দিয়ে যাওয়া-আসা করতে পারেন, তাঁরা আমার লেখায় খুব গুরুত্বপূর্ণ চরিত্র।’
মুরাকামি তাঁর লেখায় দেয়ালকে দেখিয়েছেন বিভিন্নভাবে। যেমন চেতন এবং অচেতন জগতের মধ্যকার দেয়াল; বাস্তবতা এবং বিভ্রমের মধ্যকার প্রাচীর।
মুরাকামি বলেন, ‘এ ছাড়া এমন অনেক প্রাচীর আছে, যা বাস্তব বিশ্বকে নানা ভাগে ভাগ করেছে। যেমন বার্লিনের প্রাচীর। ফিলিস্তিন ও ইসরায়েলকে যে প্রাচীর ভাগ করেছে, তা আমার মনে এক দীর্ঘস্থায়ী ছাপ রেখেছে। একটা দেয়াল কোথাও যখন তোলা হয়, তখন সেই দেয়ালের উদ্দেশ্য এবং আকার পরিবর্তিত হয়, এর ভেতর যাঁরা বাস করছেন, তাঁদের মর্জিতে। আমার উপন্যাসেও তাই দেয়ালের অর্থ বদলে যায়, বারবার বদলায়।’ (সূত্র: নিক্কেই এশিয়া)
চলমান ঘটনাগুলোও মুরাকামির লেখালেখির জগৎকে প্রভাবিত করেছে। তিনি বলেছেন, ‘পৃথিবীতে মহামারি এসেছে। ইউক্রেন রাশিয়াকে আক্রমণ করেছে। এখন আমি অনুভব করছি, গ্লোবালাইজেশনের ভিত পর্যন্ত নড়ে গেছে। বিশ্বায়ন বিশ্বকে উন্নত করবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গণতন্ত্রকে নতুন এক রূপ দেবে—এমনটাই ছিল প্রত্যাশিত। কিন্তু এর পরিবর্তে আমরা নতুন নতুন ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছি, একটার পর একটা—প্যান্ডোরার বাক্স খোলার মতো।’
কিন্তু বাস্তব জীবনের চলমান সেসব ঘটনা মুরাকামি কীভাবে ফুটিয়ে তোলেন?
তাঁর লেখালেখির ধরন তো মোটেও বাস্তবধর্মী নয়। রাজনৈতিক বা সামাজিক সমস্যাগুলোর সরাসরি কোনো প্রতিফলন তো তাঁর উপন্যাসে পাওয়া যায় না।
তিনি বিষয়টা এভাবে ব্যাখ্যা করেছেন, ‘ঔপন্যাসিকেরা যা অনুভব করেন, তা-ই লেখেন। আপনি যদি খুব বেশি চিন্তা করেন, তো লিখতে পারবেন না। আপনার মাথায় কিছু তথ্য সংরক্ষণ করা থাকবে এবং তারপর সেগুলো লিখতে বসবেন। ঔপন্যাসিকদের দুই ভাগে ভাগ করা যায়। প্রথম দলের মাথাটা ভালো কাজ করে। দ্বিতীয় দলের ভালো নাক আছে। কিন্তু সবচেয়ে ভালো হলেন তাঁরা, যাঁদের ঘ্রাণশক্তি প্রখর এবং মাথাও ঠিকঠাক কাজ করে। আমার লক্ষ সেই জায়গায় পৌঁছানো।’
তিনি আরও বলেছেন, ‘আমি কোনো খবর বিশ্লেষণ করি না...যখন কোনো খবর শুনি, তখন কেবল এটাই স্বীকার করি যে ঘটনাটা ঘটেছে।’ (সূত্র: নিক্কেই এশিয়া)
২০২২ সালে, মুরাকামি তাঁর নিজের রেডিও শো ‘মিউজিক টু পুট অ্যান এন্ড টু ওয়ার’-এ বলেছিলেন, ‘আমার নিজস্ব কিছু চিন্তাভাবনা আছে। কিন্তু আমি যদি সেগুলোকে কোনো বার্তা বা বিবৃতি আকারে প্রকাশ করি, তবে আমার উপন্যাসগুলো বিরক্তিকর হয়ে উঠবে। সংগীতকে কথা বলতে দেওয়া গুরুত্বপূর্ণ, আমি এটাই মনে করি। অভিব্যক্তির পরিবর্তনশীল রূপ গতিশীলতার জন্ম দেয়। উপন্যাস লেখার সময়ও এই পরিবর্তন গুরুত্বপূর্ণ।’
নতুন এই উপন্যাসে লাইব্রেরি খুবই গুরুত্বপূর্ণ এক সেটিং। মুরাকামি বলেন, ‘কিশোর বয়সে খুব লাইব্রেরিতে যেতাম। ওটা ছিল আমার ভীষণ প্রিয় জায়গা। বইয়ের গন্ধ উপভোগ করতাম। কিন্তু তখন আমি জাপানিজ উপন্যাস খুব একটা পড়িনি। যখন লেখক হলাম, তখনই জাপানি সাহিত্য পড়তে শুরু করলাম। এর আগে পড়েছিলাম কেবল বিদেশি সাহিত্য। আমার মা–বাবা জাপানিজের শিক্ষক ছিলেন এবং তাঁরা যে কাজ করতেন অর্থাৎ জাপানিজ সাহিত্য নিয়ে নাড়াচাড়া, আমি সেই কাজ সচেতনভাবেই এড়িয়ে চলতে চেয়েছিলাম। আমি ছিলাম তাঁদের একমাত্র সন্তান। তাই আমার ওপর প্রত্যাশার চাপও ছিল অনেক বেশি। যতটা সম্ভব তাঁদেরকে এড়িয়ে চলতে চেয়েছি।’
নতুন উপন্যাসে দেখা যায়, ওয়াতাশি চরিত্রটা ট্রমায় ভোগে। সে এবং এক অল্পবয়স্ক ছেলে স্কুলে যায় না। এর পরিবর্তে লাইব্রেরিতে যায়। তারা দুজনই নিজেদের বিশ্বাসের ওপর জোর দেয়। মুরাকামি বলেন, ‘অন্য জগতে প্রবেশের জন্য আপনার দরকার হবে দৃঢ় সংকল্প এবং বিশ্বাস। পাশাপাশি শারীরিক শক্তিরও প্রয়োজন পড়বে। আপনার সব শক্তি এক না করে অন্য জগতে যেতে পারবেন না। সে জন্য আমি মনে করি, বিশ্বাসের শক্তি খুব গুরুত্বপূর্ণ। আমার উপন্যাসগুলো নৈরাশ্যবাদী নয়। তবে এতে অনেক অদ্ভুত উপাদান আছে, কিছু অন্ধকার দিকও খুঁজে পাবেন। তবে মৌলিক দিক থেকে সেগুলো ইতিবাচক।’ (সূত্র: নিক্কেই এশিয়া)
মুরাকামি নতুন উপন্যাসের এপিগ্রাফে ব্রিটিশ কবি এস টি কোলরিজের ‘কুবলা খান’ থেকে একটা উদ্ধৃতি ব্যবহার করেছেন। আর উপন্যাসের ভেতর গল্পের অংশ হিসেবে আছে কলম্বিয়ান লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের ‘লাভ ইন দ্য টাইম অব কলেরা’ থেকে একটা উদ্ধৃতি।
এ দুটো বেছে নেওয়ার কারণ হিসেবে মুরাকামি বলেছেন, ‘আমি আমার এপিগ্রাফগুলোয় ভূগর্ভস্থ জগতের কথা বলতে পছন্দ করি। আর মার্কেজের উক্তি উপন্যাসে ব্যবহার করেছি, কারণ লাতিন আমেরিকান লেখকেরা আমার খুব পছন্দের। প্রায়ই তাঁদের লেখা পড়া হয়।’
মুরাকামি আরও বলেছেন, ‘আমার উপন্যাসে ম্যাজিক রিয়েলিজম আছে। তবে আমি এই জনরা দ্বারা প্রভাবিত হইনি। আমি কেবল আমার গল্প বলার শক্তিতে বিশ্বাস রাখতে চাই সবসময়, যা আধুনিক সাহিত্য থেকে হারিয়ে গেছে। আমি কেবল ব্যক্তিগত গল্পটাই লিখি এবং মনে করি, আমার লেখার স্টাইলটা যে লোকে আংশিকভাবে গ্রহণ করেছে, সেটা আমার এই গল্পরীতির কারণেই।’ (সূত্র: নিক্কেই এশিয়া)
নতুন এই উপন্যাসের আরেকটা উল্লেখযোগ্য মোটিফ হলো ছায়া। ২০১৬ সালে মুরাকামি হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন সাহিত্য পুরস্কার জিতেছিলেন। পুরস্কার নিতে গিয়ে সেই অনুষ্ঠানে তিনি অ্যান্ডারসনের ছোটগল্প ‘দ্য শ্যাডো’-র কথা উল্লেখ করেন। তিনি বলেছিলেন, ছায়া থেকে ছুটে গেলে হবে না। বরং ছায়াকে নিজের একটা অংশ হিসেবেই গ্রহণ করতে হবে।
নতুন এই উপন্যাস নিয়ে জাপানে উৎসাহ–উদ্দীপনার অভাব নেই। পাঠকেরা লাইন ধরে উপন্যাসটা সংগ্রহ করছেন। এনএইচকে ওয়ার্ল্ডে প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, বইটা হাতে পেয়ে উচ্ছ্বসিত এক তরুণ বলছেন, ‘সারা রাত খোলা থাকে এমন একটা ক্যাফেতে যাব। আর একবসায় পড়ে ফেলব।’
যদিও এই মোটাসোটা বইটা এক বসায় পড়ে ফেলা সম্ভব নয়, তবু এই বাঁধভাঙা উচ্ছ্বাস আমাদের আগ্রহ বাড়িয়ে দেয়। দুঃখের বিষয়, আমার মতো যাঁরা বইটা ইংরেজি অনুবাদ থেকে পড়তে চান, তাঁদের সম্ভবত ২০২৫ পর্যন্ত অপেক্ষা করতে হবে।