দি কাউ ইজ দি ক্যাপিটাল অব বাংলাদেশ

‘দি কাউ’ রচনা মুখস্ত করতে দিয়েছিলেন ইংরেজির স্যার। পড়া ধরার পর ধরা পড়ে গেলাম। ‘দি কাউ ইজ আ ফোর ফুটেড অ্যানিমেল’ বলার পর দেখি মাথা ফকফকা ফাঁকা। চোখের সামনে গরু ছাড়া কিচ্ছু নেই।

মুখস্থ জিনিস ভুলে গিয়ে মাথা চুলকাচ্ছি। জানালা দিয়ে স্কুলের মাঠে তৃণ সেবনরত গরুর দিকে তাকিয়ে আছি। পরের লাইন আর মনে পড়ছে না।

আসমানে তাকালাম। ঘুমিয়ে পড়া সদ্যোজাত গোবৎস আকৃতির একখণ্ড মেঘের দিকে আমার গোবেচারা দৃষ্টি পড়ল। তবু পরের লাইন মনে এল না।

স্যারের মনে সমবেদনা জাগানোর সর্বোচ্চ চেষ্টা করে বিড়বিড় আওয়াজে আওড়ালাম,‘দি কাউ ইজ আ ফোর ফুটেড অ্যানিমেল...অ্যাঁ... অ্যাঁ...।’

স্যার ভাবলেন, পরের লাইনটা ধরিয়ে দিলে হয়তো ছেলেটা গড়গড় করে বাকি পড়া ছড়ার মতো করে বলে দিতে পারবে। তিনি বললেন, ‘ইট লিভস অন গ্রাস... তারপর কী বল।’

কিন্তু আমার মনে পড়ল না। মাথা চুলকানি বেড়ে গেল। স্যার হুংকার দিয়ে বেঞ্চের ওপর জোড়া বেত দিয়ে সপাং করে বাড়ি মেরে বলেন, ‘এই গরু! বলিস না কেন? হোয়াট ইজ নেক্সট?’ আমি ভয়ের চোটে বলে ফেললাম, ‘দি কাউ ইজ দি ক্যাপিটাল অব বাংলাদেশ! অ্যাঁ...অ্যাঁ...অ্যাঁ...।’

স্যার বেত বাগিয়ে বললেন, ‘নিল ডাউন! নিল ডাউন!’

টানা এক পিরিয়ড নিল ডাউন অবস্থায় থাকতে হলো। নিচের দিকে মাথা, পশ্চাদ্দেশ ঊর্ধ্বমুখী। নাকের শিকনি-সর্দি বেয়ে বেয়ে ঝরতে লাগল। সেই নিল ডাউনের পর বহুদিন পর্যন্ত ‘দি কাউ’ আমার মুখস্ত ছিল। ফি বছর কোরবানির ঈদের গরুর হাটে গেলে ‘দি কাউ’ মনে পড়ে। এবারও তার নড়চড় হয়নি।

এবারও গাইবান্ধা থেকে ছাগলছিঁড়ায়; ছাগলনাইয়া থেকে গোপালগঞ্জে পালে পালে গরু–ছাগল হাটে আসছে। হাটের সামনে বিরাট বিরাট তোরণ। কোনো তোরণে লেখা ‘বিরাট গরু-ছাগলের হাট’; কোনো তোরণে ‘গরু-ছাগলের বিরাট হাট’। এই সব হাটে এখন হাঁটার জায়গা নেই। হাজার কিসিমের গরু গিজগিজ করছে। বিরাট বিরাট বোগদাই গরু ভারী নিতম্ব দুলিয়ে হাম্বা রবে সাম্বা নৃত্য করছে। সেই হাম্বার আওয়াজের তলে ছাগলের ব্যা ব্যা চাপা পড়ে গেছে।

অনেকেই গরু আগে চেনেন, পরে কেনেন। চেনার জন্য এক–দুই দিন আগে থেকে হাটে গিয়ে ‘রেকি’ করেন। বিয়েবাড়িতে নওশার গলায় যে হৃদয়াকৃতির রুপালি লকেটযুক্ত মালা ঝিলমিল করে, সেই মালা পরা কালা-ধলা গরু নিয়ে হাট থেকে বাড়ির দিকে দৌড়াতে থাকা লোক দেখলেই, তাঁরা চেঁচান, ‘ভাই, কত পড়ল?’ দড়ি ধরে থাকা লোক দৌড়াতে দৌড়াতে জবাব দেয়, ‘এক... ষাট।’ সেই গরু দৌড়ে চলে যাওয়ার পর আরেক গরু এলে আবার চিৎকার, ‘ভাই, কত পড়ল?’ আবার জবাব আসে, ‘নব্বই...’। সারা দিন ‘রাখাল গরুর পাল লয়ে যায় হাটে/ হাট থেকে কিনে ক্রেতা দড়ি ধরে হাঁটে।’ এইভাবে ‘রাজা যায় রাজা আসে’র মতো গরু যায়, গরু আসে।

সকালে হাঁটতে হাঁটতে কমলাপুর হাটে গিয়ে দেখি, গরুর বাজার বেজায় গরম। বাছুর সাইজের গরুর দামও সত্তর হাজার টাকার ওপরে। মাঝারি সাইজ দেড় লাখের কম নয়। গতবারের তুলনায় দাম কমপক্ষে দেড় গুণ।

‘এত দাম ক্যান? ব্যাপার কী?’ জিজ্ঞাসা করাতে এক ব্যাপারী আদা–চায়ে চুমুক
দিয়ে জাহাজ মার্কা বিড়ি ধরিয়ে বললেন, ‘ট্রাকভাড়া দ্বিগুণ হইছে। গরুর খোরাকির দাম
কত বাড়ছে জানেন? দাম তো আর খেয়ালখুশিমতো চাচ্ছি না, গতবার যে ভুসির দাম ছিল তিরিশ
টাকা, এ বছর তা ষাটে উঠছে; গরুর ব্যবসাও
লাটে উঠছে।’

দাম দ্বিগুণ হোক আর চার গুণ হোক, কোরবানি যেহেতু দিতে হবে, সেহেতু অলি-গলি-গাবতলী—সবখানে এখন গিজগিজ করছে গরু। আর গরুর চারপাশে মাছির মতো ভ্যানভ্যান করছেন ক্রেতা।

 আমাদের দেশে গরু মূলত দুই প্রকার। একটি ‘দেশি’ আরেকটি ‘ইন্ডিয়ান’। দেশি গরু ‘স্বায়ত্তশাসিত’ গোয়াল থেকে আসছে। আর ইন্ডিয়ান গরু আসছে বর্ডার পার হয়ে। তবে এবার হাটে হাটে হাঁটাহাঁটি করে ইন্ডিয়ান গরু খুব একটা দেখা গেল না। মনে হচ্ছে, গরু চাষের স্বদেশি আন্দোলন গো-বিপ্লবে গড়িয়ে একেবারে গয়লাদের গোয়াল ভরিয়ে দিয়েছে। এটা বড়ই আমোদের কথা।

যেহেতু সব জিনিসের দাম বেড়েছে, সেহেতু নামে-দামে শুধু গোবেচারা গরু পিছিয়ে থাকবে, তা তো হয় না!