
আশুলিয়ার নিশ্চিন্তপুরের সুইং অপারেটর নাসিমা আক্তার মাস শেষে পান ১৪ হাজার ৫০০ টাকা। ছয়জনের সংসার।
এ বছর মেজ ছেলের এসএসসি দেওয়ার কথা ছিল। ফরম পূরণের টাকা জোগাড় হয়নি, পরীক্ষাও দেওয়া হয়নি।
একই সপ্তাহে একটি পোশাক শিল্প গ্রুপের এমডি বললেন, এই বাস্তবতায় ‘এক পয়সা বেতন বাড়ানোর ক্ষমতাও কোনো মালিকের নেই।’
মালিক বলছেন টাকা নেই, শ্রমিক বলছেন পেট চলে না। ঝামেলা হলো, দুজনেই সত্য বলছেন।
আর এই দুই সত্যের মাঝখানে বসে মুচকি হাসছেন এমন একজন, যিনি রাস্তায় নেই, মজুরি বোর্ডে নেই—এমনকি এ দেশেও থাকেন না—বিদেশি ক্রেতা।
৩০ হাজার টাকার দাবিতে মিরপুর থেকে গাজীপুর পর্যন্ত রাস্তা আটকানোর পর ১ নভেম্বর মজুরি বোর্ড হয়েছে।
৯ নভেম্বরের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ লিখিতভাবে চেয়েছে ৩২ হাজার, এখনকার চেয়ে ১৫৬ শতাংশ বেশি।
২০২৩ সালেও মজুরি বৃদ্ধির জন্য শ্রমিকেরা আন্দোলন করেছিলেন। চারজন শ্রমিক নিহত হন, ৭০টির বেশি কারখানায় ভাঙচুর হয়।
তখন বোর্ড মজুরি ৫৬ শতাংশ বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়। কিন্তু শ্রমিকেরা চেয়েছিলেন ২৩ হাজার।
ধরা যাক, বোর্ড এবার ৫০ থেকে ৭০ শতাংশ বাড়াল। মজুরি দাঁড়াবে ১৮ হাজার ৭৫০ থেকে ২১ হাজার ২৫০ টাকা, দাবির চেয়ে ১১ থেকে ১৩ হাজার কম। পরের বিস্ফোরণের বারুদ ওই ফারাকেই।
তাই শুরুতেই বলি, এটা মালিক-শ্রমিকের মুলামুলি নয়, অর্থনীতির অসুখ। আর অর্থনীতির অসুখে পুলিশের লাঠি বা বোর্ডের টেবিল ওষুধ নয়। মাথাব্যথায় মাথা কাটলে ব্যথা যায় ঠিকই, মানুষটাও যায়।
এবার চারটা চাপ একসঙ্গে জমেছে। প্রথমত, মূল্যস্ফীতি। দুর্বল ব্যবস্থাপনা, সরকারের ধারের জন্য টাকা ছাপানো আর ইরান যুদ্ধ মিলিয়ে বাজারে আগুন।
এ বছরেই ডিজেল লিটারে ১০০ থেকে ১৩৫ টাকা। আইএমএফের পূর্বাভাসে চলতি অর্থবছরে গড় মূল্যস্ফীতি প্রায় ১১ শতাংশ। ২০২৩ সালের মজুরিতে ২০২৬ সালের বাজার হয় না।
দ্বিতীয়ত, দুর্বল অর্থনীতি। বিবিএসের সাময়িক হিসাবে, গত অর্থবছরে জিডিপির অনুপাতে বেসরকারি বিনিয়োগ ২১ দশমিক ৫৩ শতাংশ, ১৪ বছরে সবচেয়ে কম।
আইএমএফের পূর্বাভাসে প্রবৃদ্ধি মাত্র ৩ দশমিক ২ শতাংশ, কোভিডের বছরের চেয়ে কম।
তৃতীয়ত, অনানুষ্ঠানিক খাতে আঘাত। ফুটপাতের দোকান আর ইজিবাইক ছিল চাকরি হারানো মানুষের অঘোষিত নিরাপত্তার জাল। উচ্ছেদে সেই জাল ছিঁড়ছে, ক্ষুব্ধ হকাররা এখন শ্রমিকের মিছিলে।
চতুর্থত, রাজনীতি। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ডিসেম্বরে ফেরার ঘোষণা দিয়েছেন; ঘোলা পানিতে মাছ ধরার লোকের অভাব নেই।
তবে এগুলো ফুলকি। বারুদ জমেছে শিল্পের ভেতরেই।
চীনের ওপর ট্রাম্পের শুল্ক আমাদের জন্য লটারির টিকিট হতে পারত। ফেব্রুয়ারিতে চীনকে টপকে আমরা আমেরিকার বাজারে দ্বিতীয়ও হয়েছিলাম।
আগস্টে শুল্কের পাহাড় মাথায় নিয়েই চীন আবার আমাদের পেছনে ফেলেছে।
অটেক্সার তথ্যে জানুয়ারি থেকে সেপ্টেম্বরে আমেরিকায় আমাদের রপ্তানি ৪ দশমিক ৫৭ শতাংশ কমে ৬১৪ কোটি ডলার।
কম্বোডিয়ার বেড়েছে ৬ শতাংশের বেশি আর ভিয়েতনাম দাম বাড়িয়েও বাজার ধরে রেখেছে। ইউরোপে ধাক্কা আরও বড়; আমেরিকায় মার খাওয়া চীন সেখানে ঝাঁপিয়ে পড়েছে।
জানুয়ারি থেকে আগস্টে ইউরোপে রপ্তানি কমার হারে সব দেশের মধ্যে আমরাই এক নম্বর; কতটা কমেছে, সেই হিসাব গত সপ্তাহে এই পাতাতেই এসেছে ‘একই গলির তিন বাসা’ লেখায়।
একই সময়ে চীনের রপ্তানি উল্টো বেড়েছে ২ দশমিক ৩৮ শতাংশ। দামও পড়ছে। ইউরোপে আমাদের কেজিপ্রতি দাম ১৩ দশমিক ৭৬ ইউরো, চীনের ১৯ দশমিক ৮২।
প্রতিযোগীদের দাম যখন বাড়ছে, আমরা সস্তায় বেচেও পরিমাণ ধরে রাখতে পারছি না; আমেরিকায় কমেছে ৩ দশমিক ৬৫ শতাংশ।
হাটে সবচেয়ে কম দাম হেঁকেও খদ্দের না পাওয়া দোকানদারের দশা।
দুই হাজারের বেশি কারখানা কমে আসা অর্ডারের পেছনে ছুটছে। মেশিন বসিয়ে রাখার চেয়ে লোকসানে অর্ডার নেওয়াও ভালো, এই অঙ্কে অনেকে খরচের কম দামে কাজ ধরছেন।
লাভটা যায় কার পকেটে? পাবলিক আই ও ক্লিন ক্লোদস ক্যাম্পেইনের গবেষণা বলছে, ইউরোপে ঢোকা সুতি টি-শার্টের ৬১ শতাংশ বাংলাদেশের।
২০২৫ সালে সেখানে গড় দাম ছিল ২ দশমিক ৬৭ ডলার, বাংলাদেশের টি-শার্টের ২ দশমিক শূন্য ৬।
মূল্যস্ফীতি ধরলে ব্র্যান্ডগুলো এখন ২৫ বছর আগের প্রায় অর্ধেক দামে টি-শার্ট কেনে। অথচ ওই দামের মাত্র ১২ শতাংশ শ্রমিকের মজুরি।
আমাদের সরল হিসাবে, মজুরি দ্বিগুণ হলেও টি-শার্টপ্রতি খরচ বাড়ে ২৫ সেন্টের মতো। দোকানে সেই টি-শার্ট বিকোয় ১২ থেকে ২০ ডলারে।
সুস্থ বাজারে লোকসানি কারখানা বন্ধ হয়। আমাদের এখানে বন্ধ করাটাই সবচেয়ে দামি। বেক্সিমকোই ধরুন: ১৪ কারখানা বন্ধের পর ৩৩ হাজার ২৪৪ শ্রমিকের পাওনা দাঁড়ায় ৫২৫ কোটি টাকা, শ্রমিকপ্রতি দেড় লাখের বেশি, শেষে যা মেটায় সরকার।
১০ হাজার শ্রমিকের সাধারণ কারখানাতেও আইনি পাওনা ৭৫ কোটি টাকা ছাড়ায়। তার ওপর পুনঃতফসিল করা ঋণ—কারখানা থামলেই খেলাপির খাতায় নাম।
তাই লোকসান গুনেও কারখানা চলে, যত দিন না দম ফুরায়। শিল্প পুলিশের হিসাবে, দুই বছরে ৪৫৭টি শিল্পকারখানা স্থায়ীভাবে বন্ধ হয়েছে, যার ১৭০টি বস্ত্র ও পোশাকের।
শুধু পোশাক খাতেই কাজ গেছে প্রায় দেড় লাখ শ্রমিকের।
১২ হাজার ৫০০ টাকার মজুরি ২০২৩ সালের ডিসেম্বরে ছিল ১১৩ ডলার, এখন ১০১। অঙ্ক একই, অথচ তিন বছরে পকেট থেকে ১২ ডলার উধাও। গাজীপুরের অপারেটর লাকি ওভারটাইমসহ ২১ হাজার ৯০০ টাকা কামিয়েও প্রতি মাসে ধার করেন।
অপারেটররাও কেন মিছিলে? কারণ, ন্যূনতম মজুরি সিঁড়ির প্রথম ধাপ; ওটা নড়লে সব ধাপ নড়ে। এক মালিক আবার ইন্ধনদাতার তালিকায় বাড়িওয়ালাদেরও রেখেছেন।
কারণ, বেতন বাড়লে পরদিনই ভাড়া বাড়ে। হাসবেন না, কথাটা মিথ্যাও নয়।
এইচঅ্যান্ডএমের হিসাবে চীন, ভিয়েতনামসহ সাত প্রতিযোগী দেশের সবাই ন্যূনতম মজুরিতে আমাদের ওপরে।
কম্বোডিয়ায় এ বছর ২১০ ডলার, আমাদের দ্বিগুণের বেশি, তবু তারা ইউরোপে দাম বাড়াতে পারছে। সস্তা শ্রম আর আমাদের তুরুপের তাস নয়।
ক্ষোভে ঘি ঢেলেছে বৈষম্য। নতুন পে স্কেলে সরকারি কর্মচারীর মূল বেতন প্রায় দ্বিগুণ হচ্ছে, অথচ বেসরকারি কর্মী বছরে ১০ শতাংশও পান না।
মে মাসে আবার এসেছে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা, সুদের ৬ শতাংশ সরকারের; এমন সুবিধা অপব্যবহারের নজির আগেও আছে।
অর্থনীতির অসুখের ওষুধ অর্থনীতিতেই। শিল্পকে ভর্তুকি দেওয়ার মুরোদ সরকারের নেই, তাই পথ দুটি—আয় বাড়ানো আর খরচ কমানো।
এক.
টাকার মান ধাপে ধাপে সমন্বয়। মালিকেরা আমাদের বলছেন, ডলার এখনকার ১২৪ থেকে ১৩০ বা ১৩৫ টাকা হলে তাঁরা ২৫ হাজার টাকা ন্যূনতম মজুরি দিতে পারবেন।
মাসে ১০ লাখ ডলার রপ্তানি করা কারখানার অর্ধেক আয় কাঁচামালে গেলে, বাকি ৫ লাখ ডলারে ১৩৫ টাকার ডলার মাসে প্রায় ৫৩ লাখ টাকা বাড়তি আনে।
তবে বিদেশি ঋণের কিস্তি আর মূল্যস্ফীতিও বাড়বে, তাই ধাপ হোক নিয়ন্ত্রিত। অবমূল্যায়ন সহায়ক, মজুরির একমাত্র উৎস নয়।
দুই.
সুতার কৃত্রিম দেয়াল ভাঙা। স্থলবন্দরে সুতা আমদানি বন্ধ, ১০ থেকে ৩০ কাউন্টের সুতায় বন্ডের বদলে ব্যাংক গ্যারান্টি, অর্ধেক সুতা দেশি মিল থেকে কেনার নির্দেশ: এই তিন দেয়াল বানিয়েছে গুটিকয় প্রভাবশালী সুতাকলের সুরক্ষিত বাজার।
৩০ কাউন্টের সুতা এর মধ্যেই কেজিতে ১৫ সেন্টের মতো বেড়েছে। মাসে ১০০ টন সুতা লাগা নিট কারখানার বাড়তি খরচ তাতে মাসে প্রায় সাড়ে ১৮ লাখ টাকা, এখনকার হারে দেড় শ শ্রমিকের বেতন।
দেয়াল ভাঙুন, বন্ডের সুতা খোলাবাজারে বিক্রি ঠেকান নজরদারিতে। স্পিনিং মিলের আসল রোগ গ্যাস আর সুদহার, চিকিৎসাও হোক সেখানে।
ক্ষোভে ঘি ঢেলেছে বৈষম্য। নতুন পে স্কেলে সরকারি কর্মচারীর মূল বেতন প্রায় দ্বিগুণ হচ্ছে, অথচ বেসরকারি কর্মী বছরে ১০ শতাংশও পান না। মে মাসে আবার এসেছে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা, সুদের ৬ শতাংশ সরকারের; এমন সুবিধা অপব্যবহারের নজির আগেও আছে।
তিন.
শিল্পাঞ্চলে জ্বালানি আগে। গ্যাস-বিদ্যুতের ঘাটতিতে অনেক কারখানাকে ডিজেলে চলতে হয়।
প্রকৌশলীর সরল হিসাবে, জেনারেটর লিটারে সাড়ে তিন ইউনিট দিলে শুধু জ্বালানিতেই ইউনিটপ্রতি প্রায় ৩৮ টাকা, অথচ শিল্পে গ্রিডের বিদ্যুৎ প্রায় ১৪ টাকা। এই খরচ কমলে সাশ্রয় সোজা মজুরিতে যেতে পারে।
চার.
ব্যাংক খাতের জট খোলা। সেপ্টেম্বরে বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ৪ দশমিক ১৭ শতাংশ, তিন দশকে সবচেয়ে কম।
বিক্রি বা একীভূতকরণে ঋণ পুনর্গঠনের বিশেষ ব্যবস্থা হোক—কারখানা যাক শক্ত হাতে, চাকরিও বাঁচুক।
পাঁচ.
রাস্তার চাঁদা আর টেবিলের ঘুষ বন্ধ। মালিক টাকা গোনেন দুই জায়গায়, রাস্তায় আর টেবিলে।
গত সপ্তাহের ওই লেখায় দুই চাঁদার সাধারণ হিসাব আছে; পোশাকে ছবিটা আরও স্পষ্ট। রাস্তার চাঁদা সরকার বদলালে শুধু হাত বদলায়: টঙ্গীর এক কারখানাকে মাসে ৫০ লাখ টাকার ঝুট অর্ধেক দামে ছাড়তে হয়েছে, মানে ২০০ শ্রমিকের মজুরি চাঁদাবাজের পকেটে।
টেরি টাওয়েল রপ্তানিকারকদের সভাপতি এনবিআরের সভায় বলেই ফেলেছেন, ঘুষ বন্ধ করুন, আর কোনো দিন কর কমাতে বলব না।
মজার ব্যাপার, এই এক জায়গায় দুই পক্ষ একমত। শ্রমিকপক্ষের এক সংগঠনও ৩ নভেম্বর বলেছে, বন্দরের ঘুষ আর পরিবহনের চাঁদা বন্ধ হলে মালিকের খরচ বহুগুণ কমবে, মজুরি বাড়ানোও সহজ হবে।
এ জন্য বাজেট লাগে না, লাগে রাজনৈতিক সদিচ্ছা।
ছয়.
প্রতিবছর মজুরি সমন্বয়, খরচে ক্রেতারও ভাগ। গত তিন বছরের গড় মূল্যস্ফীতির হারে, সাড়ে ৯ শতাংশ করে প্রতিবছর সমন্বয় হলে ১২ হাজার ৫০০ টাকা আজ এমনিতেই প্রায় ১৬ হাজার ৪০০ হতো।
সংশোধিত শ্রম আইনে পর্যালোচনা এখন তিন বছর পরপর; কম্বোডিয়া করে প্রতিবছর। পরিহাস হলো, ২০২৩ সালে ১৫টি মার্কিন ব্র্যান্ড প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বার্ষিক মজুরি পর্যালোচনার সুপারিশ করেছিল, সঙ্গে ‘দায়িত্বশীল ক্রয়ের’ প্রতিশ্রুতি।
অথচ দাম উল্টো কমছে। সেই চিঠি টেবিলে রেখেই সরকার আর বিজিএমইএ নতুন মজুরির খরচ দামে যোগ করার প্রতিশ্রুতি আদায় করুক।
সাত.
যেকোনো মূল্যে সংঘাত এড়ানো। ২০২৩ সালে ১১ হাজার শ্রমিকের বিরুদ্ধে ঢালাও মামলা হয়েছিল, আগুন তাতে নেভেনি।
এবার শুধু মিরপুরের পাঁচ মামলাতেই অজ্ঞাতনামা আসামি সাড়ে ১১ হাজার। নাশকতাকারী ধরুন, কিন্তু পুরো আন্দোলনকে আওয়ামী লীগের এজেন্ডা বলে দাগিয়ে দিলে সত্যিকারের ক্ষুব্ধ শ্রমিকেরাই দূরে সরবেন।
নাসিমা কোনো দলের এজেন্ট নন; তাঁর ছেলের ফরম পূরণের টাকা ছিল না।
বাংলাদেশের কি সত্যিই দুই হাজারের বেশি পোশাক কারখানা দরকার? একীভূত হয়ে কম কিন্তু বড় কারখানা দর–কষাকষিতে শক্ত হবে, স্থায়ী খরচ বেশি উৎপাদনে ভাগ করবে, প্রযুক্তিতে বিনিয়োগ করে কৃত্রিম তন্তুর দামি পণ্যে যাবে।
বিশ্বের পোশাক–বাণিজ্যের অর্ধেকই এখন কৃত্রিম তন্তুর। পিডব্লিউসির হিসাবে, আমাদের রপ্তানিতে তা ২৭ শতাংশ, ভিয়েতনামের ৫৬, চীনের ৬২।
এ জন্য দরকার স্পষ্ট এক্সিট পলিসি, যাতে মালিক শ্রমিকের পাওনা মিটিয়ে কম খরচে ব্যবসা ছাড়তে পারেন। আমাদের হাজারো কারখানা টিকে আছে দক্ষ বলে নয়, বন্ধ হওয়ার সামর্থ্য নেই বলে।
অর্থনীতির ভাষায় এরা ‘জম্বি’: মরেও মরে না, আর পাশের সুস্থ কারখানার দামও টেনে নামায়।
এদের সরিয়ে দক্ষকে জায়গা দেওয়ার নাম ‘সৃজনশীল ধ্বংস’, যা ব্যাখ্যা করে গত বছর নোবেল পেয়েছেন ফিলিপ আঘিয়ঁ, পিটার হাউইট ও জোয়েল মোকির।
তবে খরচ শুধু শ্রমিকের ঘাড়ে চাপলে এই ধ্বংস আর সৃজনশীল থাকবে না; বেকার শ্রমিকের ভাতা আর প্রশিক্ষণও এক্সিট পলিসিতে থাকতে হবে।
প্রতিটি বিকল্পের দাম আছে—বাড়তি মূল্যস্ফীতি, রাজনৈতিক চাপ, কিছু চাকরি হারানো।
কিন্তু সবচেয়ে বড় ভুল হবে অর্থনীতির অসুখকে আইনশৃঙ্খলার বিষয় ভেবে পরের বিস্ফোরণের অপেক্ষায় বসে থাকা।
শুধু একটা নতুন মজুরির সংখ্যা ঠিক করে থামলে তিন বছর পর একই ব্যারিকেডে ফিরব আরও দুর্বল শিল্প নিয়ে।
পোশাকশিল্প আমাদের রপ্তানির ৮০ শতাংশের বেশি, লাখো পরিবারের চুলার আগুন। এর দরকার দোষারোপ নয়, অঙ্ক।
অঙ্কটা জটিলও নয়। সরকার রাস্তা আর টেবিলের চাঁদা থামাক, মালিক দক্ষ হোক, আর ক্রেতা টি-শার্টপ্রতি ওই ২৫ সেন্ট দিক। না হলে বিদেশি ক্রেতার মুচকি হাসি থামবে না। থামবে শুধু আমাদের কারখানা।
ফাহিম মাশরুর বিডিজবস ডটকমের প্রতিষ্ঠাতা।
সুবাইল বিন আলম, প্রকৌশলী-অর্থনীতিবিদ, টেকসই উন্নয়নবিষয়ক কলামিস্ট।
ই–মেইল: contact@subail.com