প্রথম আলোর আলোকচিত্রী জুয়েল শীল আক্রান্ত হয়েছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রলীগের কিছু নেতা-কর্মীর হাতে। কর্তব্যরত এই সাংবাদিককে মারধর করে তাঁর হাত থেকে ক্যামেরাও কেড়ে নিয়েছিলেন তাঁরা। সেটা ২০১৬ সালের ঘটনা। ক্ষোভে সেদিন ফুঁসে উঠেছিলেন চট্টগ্রামের সাংবাদিক সমাজ। চমেক ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলামসহ এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করে মানববন্ধন ও একাধিক প্রতিবাদ সভা করা হয়েছিল চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে।
প্রেসক্লাবে অনুষ্ঠিত একটি প্রতিবাদ সভায় স্বপ্রণোদিত হয়ে হাজির হয়েছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের তৎকালীন মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ আ জ ম নাছির উদ্দীন। সভার একপর্যায়ে তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং জুয়েল শীলকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন। বলা বাহুল্য, আওয়ামী লীগ নেতার এই উদারতায় সাংবাদিক সমাজ তাঁর প্রতি কৃতজ্ঞতা বোধ করেছিল। প্রতিবাদ সভাটি শেষ পর্যন্ত ঘরোয়া আড্ডায় রূপ নেয় এবং সাম্প্রতিক রাজনীতি বিষয়ে সাংবাদিকদের নানা ধরনের প্রশ্নের উত্তর দেন তিনি।
সাংবাদিকদের দুটি দাবির উত্তরে সেদিন নাছির উদ্দীন যে জবাব দিয়েছিলেন, অনুষ্ঠানে উপস্থিত বর্তমান লেখকের তা এখনো স্পষ্ট মনে আছে। সাংবাদিকেরা হামলাকারী ছাত্রলীগ নেতাকে মেডিকেল কলেজ থেকে বহিষ্কারের দাবি তুললে তিনি বলেছিলেন, ওই ছাত্রলীগ নেতা পঞ্চম বর্ষের ছাত্র, এ মুহূর্তে তাঁকে বহিষ্কার করা হলে একজন ‘মেধাবী’ ছাত্র চিকিৎসক হওয়ার সুযোগ হারাবেন। সাংবাদিকদের দ্বিতীয় দাবি ছিল, হামলাকারী ছাত্রলীগ নেতাকে অন্তত দল থেকে বহিষ্কার করা হোক।
খুবই বিব্রত হয়ে পড়েছিলেন আ জ ম নাছির, তারপর অনুচ্চ স্বরে বলেছিলেন, তিনি যদি ওই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেন, তাহলে অপর পক্ষ তাঁকে লুফে নেবে। সেদিন উপস্থিত সাংবাদিকেরা আরও একবার বুঝতে সমর্থ হয়েছিলেন, হামলায় নেতৃত্বদানকারী ‘ছাত্রনেতা’রা দলে কতটা প্রয়োজনীয় ও আদৃত!
শীর্ষ দুই নেতার মধ্যে যত দিন সমঝোতা ও শ্রদ্ধা-প্রীতির সম্পর্ক গড়ে উঠবে না, তত দিন নিচের স্তরে সেটা সঞ্চারিত হবে না। প্রয়োজনে ছাত্রলীগের কর্মীরা ব্যবহৃত হবেন, নেতাদের পেছনে জয়ধ্বনি দেবেন, সেটা নেতারা সানন্দে উপভোগও করবেন, কিন্তু তাঁদের অপকর্মের দায় কাঁধে নিয়ে তাঁদের শাসন করে সঠিক পথের নিশানা দেবেন না—এটা প্রকৃত নেতৃত্বসুলভ আচরণ হতে পারে না।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ডে এসব কথা মনে পড়ল। গত তিন মাসে এই শিক্ষাপ্রতিষ্ঠানে ১৬ বার সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগ। আহত হয়েছেন অর্ধশতাধিক ছাত্র, কক্ষ ভাঙচুর হয়েছে ৭০টিরও বেশি। বিভিন্ন মেয়াদে বহিষ্কার, হল তল্লাশি, অস্ত্র উদ্ধার ইত্যাদি নানা রকম উদ্যোগ নিয়েও বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ ছাত্রলীগের দুর্বৃত্তপনা রোধ করতে। এত কিছুর পর যখন বলা হয়, ‘১৫ মার্চের পর থেকে ক্যাম্পাসে কোনো অছাত্র পেলেই ব্যবস্থা নেওয়া হবে’, তখন ব্যাপারটাকে হাস্যকর মনে হয়।
কারণ, বিরাট এ ক্যাম্পাসে হাজার হাজার ছাত্রছাত্রীর মধ্যে অছাত্র খোঁজার মতো জনবল বা খুঁজে পেলে তাঁর মুখোমুখি দাঁড়ানোর সামর্থ্য আদৌ প্রশাসনের আছে কি না, সেটাই প্রশ্নসাপেক্ষ। গত ১৪ বছরে কাগজে-কলমে বিভিন্ন মেয়াদে ছাত্রলীগের অন্তত ১৯০ জন বহিষ্কৃত হলেও তাঁরা দিব্যি হলে থেকেছেন, ক্যাম্পাসে ঘুরে বেরিয়েছেন, নতুন করে সংঘর্ষে জড়িয়েছেন, এমনকি পরীক্ষায়ও অংশ নিয়েছেন। শাস্তিমূলক ব্যবস্থা যেখানে বজ্র আঁটুনি ফসকা গেরো, সেখানে শাস্তি নিয়ে দুশ্চিন্তা করার কীই-বা আছে!
এখানে বলা অপ্রাসঙ্গিক হবে না, নব্বইয়ের দশকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছিল ইসলামী ছাত্রশিবিরের দখলে। ১৯৮৬ সালে তৎকালীন জাতীয় ছাত্রসমাজের নেতা হামিদের কবজি কেটে নিয়ে উল্লসিত শিবিরকর্মীরা যে মিছিল করেছিল, তার পর থেকে এই ক্যাম্পাসে অন্য কোনো ছাত্রসংগঠনের পক্ষে মাথা তুলে দাঁড়ানো সম্ভব হয়নি। প্রকাশ্যে সভা–সমাবেশ-মিছিল করার ওপর অলিখিত নিষেধাজ্ঞা জারি করেছিল শিবির। ১৯৯০ সালে অনুষ্ঠিত সর্বশেষ চাকসু নির্বাচনে শিবিরের বিরুদ্ধে সব কটি ছাত্রসংগঠন এক হয়ে সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করে এবং জয়লাভ করে।
উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির বিরোধ থাকলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে জোট বাঁধতে কোনো আপত্তি ছিল না ছাত্রদলের।
নির্বাচনে সর্বদলীয় ছাত্র ঐক্য জয় লাভ করলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের একতরফা দাপট চলেছে ২০১২ সাল পর্যন্ত। এই সময়কালে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর কর্মীরা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন। অবশেষে ২০১৪ সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আবাসিক হলগুলো থেকে শিবিরকে উচ্ছেদ করে এর দখল নেয় ছাত্রলীগ।
প্রগতিশীল ছাত্রসংগঠনগুলো তখন স্বস্তির নিশ্বাস ফেলেছিল এবং নিয়মিত ক্যাম্পাসে সুস্থ রাজনীতি-সংস্কৃতির চর্চা হবে ভেবে আশ্বস্ত হয়েছিল সাধারণ শিক্ষার্থীরা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ছাত্রলীগ অন্যান্য ছাত্রসংগঠনের রাজনীতিচর্চার পথ তো সহজতর করেইনি, উপরন্তু নিজেদের গ্রুপিংয়ের দ্বন্দ্ব-সংঘাতে পুরো ক্যাম্পাসকেই করে তুলেছে অশান্ত ও ভীতিকর।
এ কথা কারও অজানা নয়, চট্টগ্রামে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কর্মীরা প্রধানত দুটি উপদলে বিভক্ত। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বা শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর (নওফেল) অনুসারী তাঁরা। সম্প্রতি একটি শোকসভায় এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘নাছির-নওফেলের তরুণ তুর্কিদের নিয়ে মাঝে মাঝে বড় দুশ্চিন্তায় পড়ি।’ তাঁর এই দুশ্চিন্তা যে কতটা অকৃত্রিম, সেটা রাজনীতির খোঁজখবর যাঁরা রাখেন, তাঁরা ভালোই জানেন। কিন্তু এই নেতারা প্রায়ই তা অস্বীকার করার চেষ্টা করেন। যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপদলীয় সংঘর্ষ সম্পর্কে প্রশ্নের উত্তর মহিবুল হাসান চৌধুরী ক্যাম্পাসে তাঁর কোনো অনুসারী নেই দাবি করে বলেছেন, ছাত্রত্ব শেষ হওয়ার পর অনেকে ক্যাম্পাসে থাকছেন, প্রশাসন ক্যাম্পাস থেকে তাঁদের বের করে দিলে সমস্যা অনেকটাই কমে যাবে।
প্রায় একই সুরে কথা বলেছেন নাছির উদ্দীনও। প্রশাসনকে দোষারোপ করে তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সব সময় কঠোর হতে পরামর্শ দেওয়া হয়। প্রশাসন কোনো অবস্থাতেই কঠোর হয় না।
দুই নেতার কথা শুনে মনে হবে, ক্যাম্পাসে ছাত্রলীগের যাবতীয় অপকর্ম দমন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সদিচ্ছাই যথেষ্ট। কিন্তু আমরা তো জানি, ছাত্রলীগের কমিটি গঠনের সময় যেমন দুই নেতার অনুসারীদের মধ্যে ভারসাম্য রক্ষা করা হয়, তেমনি ক্যাম্পাসে অপরাধী চিহ্নিত করার সময়ও প্রশাসনকে ভারসাম্য রক্ষা করেই চলতে হয়। তা না হলে দুই নেতার যেকোনো একজনের কোপানলে পড়তে হবে তাঁদের।
জেনেশুনে এই বিপদ ডেকে আনবেন কেন তাঁরা? ফলে, ‘কঠোর’ পদক্ষেপের নামে যা হয়, তার ‘দৌড়’ ছাত্রলীগ নেতা-কর্মীদের ভালোই জানা আছে।
আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের দৌরাত্ম্য কমাতে হলে সর্বাগ্রে আ জ ম নাছির ও মহিবুল হাসানকে তাঁদের অনুসারীদের অপকর্মের দায় নিতে হবে। তারপর সেই সমস্যা সমাধানে যৌথভাবে কাজ করতে হবে। শীর্ষ দুই নেতার মধ্যে যত দিন সমঝোতা ও শ্রদ্ধা-প্রীতির সম্পর্ক গড়ে উঠবে না, তত দিন নিচের স্তরে সেটা সঞ্চারিত হবে না। প্রয়োজনে ছাত্রলীগের কর্মীরা ব্যবহৃত হবেন, নেতাদের পেছনে জয়ধ্বনি দেবেন, সেটা নেতারা সানন্দে উপভোগও করবেন, কিন্তু তাঁদের অপকর্মের দায় কাঁধে নিয়ে তাঁদের শাসন করে সঠিক পথের নিশানা দেবেন না—এটা প্রকৃত নেতৃত্বসুলভ আচরণ হতে পারে না।
বিশ্বজিৎ চৌধুরী প্রথম আলোর যুগ্ম সম্পাদক, কবি ও সাহিত্যিক