মতামত

আলোর মহোৎসব যিশুর পুনরুত্থান

সারা বিশ্বের খ্রিষ্টান সম্প্রদায় পালন করছে যিশুর গৌরবময় পুনরুত্থান মহোৎসব।
ছবি : রয়টার্স

আজ ৯ এপ্রিল, রবিবার।  গোটা খ্রিষ্টান সম্প্রদায় পালন করছে যিশুর গৌরবময় পুনরুত্থান মহোৎসব। ৭ এপ্রিল ছিল পুণ্য শুক্রবার: যিশুর ক্রুশীয় মৃত্যুদিবস। খ্রিষ্টীয় বিশ্বাস অনুসারে যিশুর এ মৃত্যু ত্রাণদায়ী মৃত্যু। কেননা, যিশুরই রক্তে ধৌত হয়েছে মানবকুলের পাপ-অপরাধ। সেদিন খ্রিষ্টবিশ্বাসী মানুষেরা যিশুর ক্রুশ-মৃত্যু ধ্যান করেছে; ক্রুশের প্রতি ভক্তি প্রদর্শন করেছে। আরও যা করেছে, তা হলো আপন পাপের জন্য অনুতাপ করেছে; কৃচ্ছ্রসাধন করেছে; উপবাস করেছে। পাপের জন্য অনুতাপ করে পাপ স্বীকার সাক্রামেন্ত গ্রহণ করেছে। এভাবেই আধ্যাত্মিকভাবে পাপমুক্ত হয়ে প্রত্যেক খ্রিষ্টবিশ্বাসী যিশুর পুনরুত্থান উৎসব পালন করার জন্য শনিবার নিশিজাগরণ করেছেন।

৮ এপ্রিল শনিবার আলোর প্রদীপ প্রজ্বালন রাতের উপাসনায় বড় এক মোমবাতি, পুনরুত্থান প্রদীপ প্রতিষ্ঠা করা হয়। জ্বলন্ত এ প্রদীপ ঘোষণা করে যিশুর পুনরুত্থান। সবাই এই নব জ্যোতির জয়গান করে; গেয়ে উঠে— ‘আলোর দিন শুরু এ রাতে; হিংসা ছাড়িয়া, প্রেম ঢালিয়া প্রদীপ জ্বালিয়া তুলিয়া লও তোমার হাতে।’ গোটা গির্জাঘর আলোয় আলোকিত হয়। সবার হাতে থাকে জ্বলন্ত মোমবাতি। শনিবার মধ্যরাত, তথা রাত ১২টা ১ মিনিটেই শুরু হয় আলোর উৎসব—যিশুর পুনরুত্থান উৎসব।

আজ ৯ আগস্ট রবিবার। যিশুর গৌরবময় পুনরুত্থান দিবস—পুনরুত্থান মহোৎসব। পবিত্র বাইবেলে উল্লেখ আছে, রবিবার প্রত্যুষে মাগদালার মারিয়া ও অন্য এক স্ত্রীলোক যিশুর কবরে গেলে দেখতে পান যিশুর শূন্য সমাধি (যোহন ২০:১; লুক ২৪: ১-৫)। দুই পাশে দুজন স্বর্গদূত তাদের বলে, যিনি জীবিত, তাঁকে মৃতদের মধ্যে খুঁজছ কেন (লুক ২৩:৫)। সাধু পিতর ও সাধু যোহন—এই দুজনও মারিয়ার কাছে শোনার পর দৌড়ে যিশুর কবরে গেলেন এবং দেখলেন, কবর শূন্য (যোহন ২০:৩-৭)।

অতএব যিশুর পুনরুত্থান একটি ঐতিহাসিক ঘটনা। আর আধ্যাত্মিক দিক দিয়ে বলা যায়, যিশুর পুনরুত্থান পাপের ওপর এনেছে এক মহাবিজয়। সমগ্র মানবকুলকে নতুন জীবন, পাপমুক্ত জীবন দান করার জন্যই যিশুর এ বিজয়ী পুনরুত্থান। তাই বলা যায়, যিশুর এ পুনরুত্থান মানুষের উদ্দেশ্যে, মানবজাতির উদ্ধারকল্পেই। যিশুর মহিমময় পুনরুত্থান গোটা মানবজাতিকে করেছে পুনরুত্থিত; মানুষকে করেছে পাপমুক্ত; মানুষের জীবন হয়েছে নবায়িত, আলোকিত। বিজয়ী পুনরুত্থিত প্রভু বলছেন, ‘রে কবর, তোর জয় কোথায় হলো? রে মরণ, তোর হুল কোথায় গেল?’

যিশুর মৃত্যু ও পুনরুত্থান খ্রিষ্টবিশ্বাসের কেন্দ্র

যিশুর পুনরুত্থানে গোটা মানবজাতি নবজীবন লাভ করল; যিশুর সঙ্গে মানবজাতিও হলো উত্থিত। যিশুর পুনরুত্থান ছাড়া তাঁর ক্রুশ-মৃত্যু হতো অর্থহীন। তাই দুটো ঘটনাকে এক করে বলা যায়, খ্রিষ্টবিশ্বাস অনুসারে যিশুর মৃত্যু ও পুনরুত্থান মানুষের জন্য এনে দিয়েছে নবজীবন; এ যেন খ্রিষ্টের সঙ্গে গোটা মানবকুলের পুনরুত্থান। আর তাই এ পুনরুত্থান দিবস প্রতিবছর খ্রিষ্টবিশ্বাসীরা এত ঘটা করে পালন করেন। যিশুর জন্মদিন বড়দিন উৎসবের দিক থেকে অনেক তুঙ্গে; বিশ্বাসের দিক থেকেও ঊর্ধ্বগামী। তবে বড়দিনের চেয়েও ইস্টার তথা যিশুর পুনরুত্থান কেন্দ্রীয় বিশ্বাসের ভিত্তি। প্রত্যেক দীক্ষিত খ্রিষ্টবিশ্বাসী যিশুর মৃত্যু ও পুনরুত্থান বিশ্বাস করবেনই। এ বিশ্বাসের ওপর ভিত্তি করেই এ উৎসব পালন করার জন্য বিশ্বাসী মানুষেরা ৪০ দিন ধরে প্রস্তুতি নিতে থাকেন। এ বছর ৪০ দিন পূর্ণ হলো গত শনিবার। আজ ৯ এপ্রিল পুনরুত্থান উৎসব—ইস্টার সান ডে।

ইস্টারের অপর নাম পাস্কা

‘পাস্কা’ শব্দটি হিব্রু ভাষা থেকে এসেছে, যার অর্থ—লাফ দিয়ে পার হওয়া। যিশু মৃত্যুবরণ করে নতুন জীবনে পদার্পণ করেছেন; মানুষকেও তাঁর সঙ্গে রেখেছেন। এ ছাড়া বলা হয়েছে, মানুষের এই নবজীবন দান করার জন্যই যিশুর এ মৃত্যু থেকে উত্থিত হয়ে নবজীবনে পদার্পণ করা। পাস্কা পর্ব অর্থই দাঁড়ায় লাফ দিয়ে পার হওয়ার পর্ব; পুরোনোর ওপর নতুনের বিজয়। গোটা মানবজাতিকে নতুন জীবনে পদার্পণ করালেন।

ইস্টার
এটি মূলত দেবতার নাম। ইস্ট দেবতা। উষালগ্নে সূর্যের কিরণ পৃথিবীকে উজ্জ্বল করে, আলোকিত করে। যিশুর পুনরুত্থান ঘটেছিল রবিবারের উষালগ্নে। তাঁর পুনরুত্থান পাপের রাত্রির অন্ধকার দূরীভূত হয়েছিল। এ অর্থে এ উৎসব ইস্টার উৎসব।

উষার আলো, সূর্যের প্রথম আলো, পুনরুত্থানের আলো

প্রথম আলো, যিশুর পুনরুত্থানের আলো: উষালগ্নের আলো স্বচ্ছ-সুন্দর। প্রথম আলোর কিরণমালা শুধু সৃষ্টিকেই নয়, প্রত্যেক মানুষকে আলোকিত করে। যিশুর পুনরুত্থান ঘটেছিল রবিবার খুব ভোরে। তাঁর পুনরুত্থান সূর্যের প্রথম আলোর মতোই মানুষকে করেছিল অন্ধকারমুক্ত; পুণ্যে আলোকিত। সূর্যোদয়ের এ উষার আলোর সঙ্গে মিল রেখেই রবিবারকে ইংরেজি ভাষায় বলা হয় ‘সান ডে’, যার বাংলা হলো রবিবার। রবি অর্থই তো সূর্য। এই রবিবারে যিশুর পুনরুত্থান। এই ঐতিহাসিক ঘটনাকে ঘিরেই খ্রিষ্টবিশ্বাসীদের জন্য রবিবার হলো (১) প্রভুর দিন; (২) রবিবার হলো সপ্তাহের প্রথম দিন; (৩) রবিবার হলো বিশ্রামবার।

পুনরুত্থান মহোৎবের আহ্বান: আলোকিত মানুষ হওয়া

আলোর উৎসব ইস্টার উৎসব, যিশুর পুনরুত্থান উৎসব। তাই এ মহোৎসব মানুষকে আলোকিত মানুষ হওয়ারই আহ্বান জানায়। অন্ধকারের সব ধ্বংসাত্মক কাজ ছেড়ে মানুষকে অন্তর-বাইরে আলোকিত মানুষ হওয়ার আহ্বান জানায়। একজন আলোকিত মানুষের প্রয়োজন অত্যধিক বর্তমান সময়ে। তাঁর বৈশিষ্ট্য হবে—
১. সততা, স্বচ্ছতা, সত্যতা।
২. শুভচিন্তা, শুভকামনা-বাসনা; আলোকিত অন্তর ও আলোকিত মনমানসিকতা।
৩. ঠকবাজি, দুই নম্বরি, সুদ-ঘুষ—এগুলোর স্থান নেই একজন পুনরুত্থিত, আলোকিত মানুষের কাছে।
৪. আলোকিত মানুষ একজন নতুন মানুষ, যা প্রকাশ পায় তাঁর মনমানসিকতায়, কথাবার্তায়, চলনে-বলনে ও আচরণে।
৫. বাংলাদেশের পুনরুত্থিত আলোকিত মানুষ শুধু নিজ ধর্মের মানুষের মধ্যেই নয়, আন্তধর্মীয় সম্প্রীতিতে তিনি সবার মধ্যে আলো ছড়ান; সবাইকে আলোকিত করেন।
৬. এবং এমন ধরনের আরও অনেক।

আলোর মহোৎসব যিশুর পুনরুত্থান মহোৎসব উপলক্ষে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—সবার প্রতি প্রীতিপূর্ণ শুভেচ্ছা। শুভ পুনরুত্থান, শুভ পাস্কা, হ্যাপি ইস্টার।

  • ফাদার প্যাট্রিক গমেজ ক্যাথলিক ধর্মযাজক ও সেক্রেটারি, বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মিলনীর খ্রিষ্টীয় ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশন