মতামত

ফ্রান্সে দাঙ্গা: এমানুয়েল মাখোঁ কি পুলিশকে ভয় পান

এমানুয়েল মাখোঁ
ফাইল ছবি, রয়টার্স

প্যারিসের শহরতলি নঁতেরে এলাকায় যে পুলিশ কর্মকর্তা নাহেল নামের ১৭ বছর বয়সী কিশোরকে গুলি করে হত্যা করেছেন, তাঁকে সহায়তা করতে ফ্রান্সের কট্টর ডানপন্থীরা গণচাঁদা তোলা শুরু করেছেন। চলতি সপ্তাহে সেই তহবিলের পরিমাণ ১৪ লাখ ইউরো (১৫ লাখ ২৩ হাজার মার্কিন ডলার) ছাড়িয়ে গেছে।

এই গণচাঁদার পরিমাণ যখন ১০ লাখ ইউরো (১০ লাখ ৬৭ হাজার মার্কিন ডলার) ছাড়িয়ে যাচ্ছিল, ততক্ষণে কমপক্ষে ১২০ জন তরুণকে আটক করে জেলে পোরা হয়েছে।

এই ঘটনায় সরকার যেসব ব্যবস্থা নিচ্ছে সেটিকে ফ্রান্সের বিচারমন্ত্রী এরিক ডুপোঁ মোরেত্তি ‘তড়িৎ, কঠোর ও নিয়মতান্ত্রিক বিচারিক প্রতিক্রিয়া’ বলে উল্লেখ করেছেন। তবে সেই সরকারি ‘তড়িৎ, কঠোর ও নিয়মতান্ত্রিক বিচারিক প্রতিক্রিয়া’ ফ্রান্সের শহরে শহরে শুধু বিক্ষোভই ছড়িয়েছে।

যেসব শহরে বিক্ষোভ ফুঁসে উঠেছে, সেখানকার বাসিন্দারা কারফিউর মুখে পড়েছেন। অনেক শহরে যানবাহন চলাচল সীমিত করে ফেলা হয়েছে। যেসব শহরে গাড়ি ভাঙচুর ও দোকানপাটে লুটপাট হয়েছে, সেসব শহরে পুলিশি উপস্থিতি ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। শুক্রবার রাত পর্যন্ত ফ্রান্সজুড়ে প্রায় ৪৫ হাজার পুলিশ কর্মকর্তাকে মোতায়েন করা হয়েছে।

সহিংসতার মূল কারণ থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য সরকারের দিক থেকে সৃজনশীল কায়দা অবলম্বন করা হচ্ছে। এর অংশ হিসেবে সরকার বিক্ষোভকারীদের নৈরাজ্য সৃষ্টিকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। বিচারমন্ত্রী এরিক ডুপোঁ মোরেত্তি বিক্ষোভরত তরুণদের মা–বাবার দিকে অভিযোগের আঙুল তুলে বলেছেন, ‘এ ধরনের প্রতিটি ঘটনায় কিছু পিতা-মাতাকে দেখা যায়, যাঁরা ঠিকমতো সন্তানদের সামাল দেন না। মা–বাবা হিসেবে যা করণীয়, তা অবশ্যই তাঁদের করতে হবে।’

প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এই দাঙ্গার দায় সামাজিক যোগাযোগমাধ্যম ও ভিডিও গেমসের ওপর চাপিয়েছেন। ফ্রান্স সরকারের মুখপাত্র বলেছেন, এই সহিংসতার মধ্যে ‘কোনো রাজনৈতিক বার্তা নেই’ এবং ‘এটি স্রেফ লুটপাট’। প্যারিস ও তার আশপাশের খবরাখবর পরিবেশন করা স্থানীয় সংবাদমাধ্যম বন্ডি ব্লগের দেওয়া তথ্যমতে, আটককৃত বিক্ষোভকারীদের বিচারকাজে নিয়োজিত একজন বিচারক বিক্ষোভকারীদের বলেছেন, তাঁরা (বিক্ষোভকারীরা) যা নিয়ে সহিংসতা করছেন, তা খুবই ‘তুচ্ছ বিষয়’। ওই নিবন্ধে বলা হয়েছে, এই বিচারক ‘একটিবারের জন্যও নাহেলের নাম উচ্চারণ করেননি।’

মাখোঁর স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডার্মানিনের মতে, ‘পুলিশি সহিংসতার অস্তিত্ব নেই’। ডার্মানিন ও মাখোঁ মাঠে নামা পুলিশের প্রতি সমর্থন জানাতে প্যারিসে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের সঙ্গে দেখা করেছেন। প্রেসিডেন্ট মাখোঁ পুলিশের ‘পেশাদারি’র প্রশংসা করে বলেছেন, ‘আমরা আপনাদের সঙ্গে আছি’। মাখোঁ কি পুলিশকে ভয় পান? নাকি তিনি কেবল ক্ষমতার মাপকাঠি মূল্যায়ন করেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন, তিনি পুলিশি সহিংসতাকে মোকাবিলা করার বদলে সহিংস শাসন চালিয়ে যাবেন। এমনকি যদি শহরগুলো ছারখার হয়ে যায়, তাহলেও!

একজন আইনজীবী সুইস দৈনিক ব্লিককে বলেছেন, সপ্তাহান্তে গ্রেপ্তার হওয়া বিক্ষোভকারীদের মামলায় যেভাবে তাড়াহুড়া করে শুনানি গ্রহণ করা হচ্ছে, তাতে তাঁর ভয় হচ্ছে, অভিযুক্তদের যেনতেনভাবে সাজা দিতে পুরো বিচারপ্রক্রিয়াকে পাকানো হয়ে থাকতে পারে। আরেকজন আইনজীবী ‘তাড়াহুড়ার বিচারে’ আসামিদের ‘গুরুদণ্ডের’ আশঙ্কা প্রকাশ করেছেন। এর মধ্য দিয়ে ‘একটি সামাজিক প্রেশার কুকার পরিস্থিতি’ তৈরির ঝুঁকি বেড়ে যাচ্ছে। আরেকজন আইনজীবী ‘তাড়াহুড়ার বিচারে’ আসামিদের ‘গুরুদণ্ডের’ আশঙ্কা প্রকাশ করেছেন।

অন্যদিকে যে পুলিশ কর্মকর্তা নাহেলকে গুলি করেছেন, তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং ‘পরিস্থিতির মুখে পড়ে হত্যা করার’ বিষয়ে তদন্ত হচ্ছে। এটি নিশ্চিত যে তাঁর বিচার মাসের পর মাস বা বছরের পর বছর ঝুলিয়ে রাখা হবে না।

জাতিসংঘ যখন ফ্রান্সকে তার পুলিশ বিভাগের মধ্যে থাকা বর্ণবাদ ও বৈষম্যের দিকে মনোযোগ দিতে বলেছে, তখন জবাবে ফরাসি কর্তৃপক্ষ উত্তর দিয়েছে, ফ্রান্সের পুলিশের বিরুদ্ধে ওঠা বর্ণবাদ বা পদ্ধতিগত বৈষম্যের যেকোনো অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

সরকারের তরফে এই প্রতিক্রিয়াটি যেদিন দেওয়া হয়, ঠিক সেদিনই দুটি প্রভাবশালী ফরাসি পুলিশ ইউনিয়নের লিখিত সংবাদ বিজ্ঞপ্তিতে দাঙ্গাকারীদের ‘কীটপতঙ্গের’ ‘বর্বর দল’ হিসাবে বর্ণনা করা হয়।

 এই বিবৃতিতে কি বর্ণবাদ দেখা যাচ্ছে না! নিশ্চিতভাবে এটি কি বর্ণবাদ নয়? অভিযুক্ত পুলিশ কর্মকর্তার সহায়তায় নামা গণচাঁদা উত্তোলনকারী প্রতিষ্ঠান দি গো-ফান্ড-মি ইতিমধ্যেই একটি বড় অগ্নিকুণ্ডের ওপর ঢেলে দেওয়া গ্যাসোলিনের ব্যারেল হিসাবে কাজ করেছে। কিন্তু তাদের নিয়ে সরকারের মাথা ব্যথা নেই।

ফ্রান্সের পুলিশ বিভাগে সংস্কার আনার আহ্বানও সরকারের দিক থেকে উড়িয়ে দেওয়া হয়েছে। বিরোধী গ্রিন পার্টির একজন এমপি পুলিশের বিরুদ্ধে ওঠা বর্ণবাদী আচরণের তদন্তের দাবি জানিয়েছেন এবং পুলিশ বিভাগে বর্ণবাদী প্রবণতা কতটা আছে তা তলিয়ে দেখার দাবি জানিয়েছিলেন। কিন্তু সরকারের দিক থেকে প্রত্যাখ্যান করা হয়েছে।

 প্রকৃতপক্ষে ২০১৮ সালে ফ্রান্সে অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারের দাবিতে শুরু হওয়া বিক্ষোভের সময় থেকেই মাখোঁর সরকার ‘পুলিশের সঙ্গে কাজ’ করে আসছে এবং সহিংসতার সঙ্গে দেশ শাসন করছে। ওই আন্দোলনের সময় পুলিশের ছোড়া গুলি ও অন্যান্য অস্ত্রের আঘাতে কমপক্ষে ২৪ জনের এক চোখ নষ্ট হয়েছিল এবং পাঁচজনের হাত ভেঙেছিল। তখন থেকেই জলবায়ু কর্মী, উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী, নারীবাদী, কারখানার ধর্মঘট ডাকা কর্মী, রেলকর্মী, অগ্নিনির্বাপণ থেকে সব ধরনের আন্দোলনকর্মীদের পুলিশের বর্বরতা দিয়ে দমন করা হয়েছে।

মাখোঁর স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডার্মানিনের মতে, ‘পুলিশি সহিংসতার অস্তিত্ব নেই’। ডার্মানিন ও মাখোঁ মাঠে নামা পুলিশের প্রতি সমর্থন জানাতে প্যারিসে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের সঙ্গে দেখা করেছেন। প্রেসিডেন্ট মাখোঁ পুলিশের ‘পেশাদারি’র প্রশংসা করে বলেছেন, ‘আমরা আপনাদের সঙ্গে আছি’। মাখোঁ কি পুলিশকে ভয় পান? নাকি তিনি কেবল ক্ষমতার মাপকাঠি মূল্যায়ন করেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন, তিনি পুলিশি সহিংসতাকে মোকাবিলা করার বদলে সহিংস শাসন চালিয়ে যাবেন। এমনকি যদি শহরগুলো ছারখার হয়ে যায়, তাহলেও!

দ্য গার্ডিয়ান থেকে নেওয়া, ইংরেজি থেকে সংক্ষেপিত আকারে অনূদিত

● পলিন বক প্যারিসভিত্তিক একজন ফরাসি সাংবাদিক