মতামত

মার্কিন কংগ্রেসম্যান ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্যদের চিঠির উদ্দেশ্য কী

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট
যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট

ইউরোপীয় পার্লামেন্টের ছয় সদস্যের একটি দল ১৩ জুন ইউনিয়ন ফর ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড সিকিউরিটি পলিসির জ্যেষ্ঠ প্রতিনিধি জোসেপ বোরেলকে একটি চিঠি পাঠায়। চিঠিতে তাঁকে বলা হয়, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিতে এবং প্রয়োজনে যেন তা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত জানিয়েছেন, এটিকে তাঁরা সমগ্র ইউরোপীয় ইউনিয়নের পক্ষে দেওয়া চিঠি হিসেবে বিবেচনা করছেন না; বরং ওই ছয় সদস্যের সম্পূর্ণ ব্যক্তিগত মতামত হিসেবে বিবেচনা করা হচ্ছে।

কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রেও একই ধরনের ঘটনা দেখা গেছে। গত ১৭ মে তারিখে ছয় মার্কিন কংগ্রেসম্যান বাংলাদেশে নির্যাতিত ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে একটি চিঠি পাঠিয়েছেন।

২৫-২৬ জুন ২০২৩ সালে জাতিসংঘের শান্তিরক্ষাবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ-পিয়ের লাক্রোয়া বাংলাদেশ সফরের কারণে এই দুটি চিঠির গুরুত্ব বেড়েছে। কিছু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা র‌্যাবের সদস্যদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে যেসব সদস্যদের দ্বারা মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, তাদের জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসেবে নিযুক্ত না করার। ওই সফরকে সামনে রেখে বাংলাদেশে তথাকথিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে ইস্যু করা হচ্ছে।

চলুন, একে একে ইস্যুগুলো আলোচনা করি। প্রথমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা করা যাক, এরপর বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার এবং সবশেষে এই চিঠি দুটির ভূরাজনৈতিক তাৎপর্য নিয়ে আলোচনা করব।

১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সর্বাগ্রে ছিল। তৎকালীন বিএনপি সরকারকে সে সময় আওয়ামী লীগের জনপ্রিয় দাবির কাছে নতি স্বীকার করতে হয়েছিল। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সে বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসে।

২০০১ সালে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো শান্তিপূর্ণভাবে তত্ত্বাবধায়ক সরকারের হাতে তাদের ক্ষমতা হস্তান্তর করে। ২০০১ সালের নির্বাচনে বিএনপির ৪০ দশমিক ৯৭ শতাংশ ভোটের তুলনায় আওয়ামী লীগ ৪০ দশমিক ১৩ শতাংশ ভোট পায়। যেখানে আওয়ামী লীগ পেয়েছিল মাত্র ৬২টি আসন এবং বিএনপি পেয়েছিল ১৯৩টি আসন। বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশসহ চারদলীয় জোট সরকার গঠন করে এবং তারা সংসদে বাংলাদেশের সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পায়।

বিএনপি সরকার বাংলাদেশের প্রধান বিচারপতির অবসরের বয়স বাড়িয়েছে, যাতে তাদের পছন্দের সর্বশেষ প্রধান বিচারপতি কে এম হাসান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে পারেন। এভাবে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে কলুষিত করেছে। যার কফিনে শেষ পেরেকটি গেঁথেছিলেন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ। তিনি প্রজাতন্ত্রের সংবিধান লঙ্ঘন করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছিলেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট ২০১১ সালে এই পোকায় কাটা ব্যবস্থাকে অসাংবিধানিক ঘোষণা করে। কেননা, এ ধরনের ব্যবস্থা দিয়ে কোনো গণতন্ত্র বিকশিত হতে পারে না। বেহুলা ও লখিন্দরের গল্পে যেমনটি ঘটে, তেমনিভাবে ঘরে ফাঁকফোকর রেখে সাপ ঢোকার সুযোগ ও সাপের কামড়ে মৃত্যুর মতো গণতন্ত্রকে ধ্বংস করা আমাদের নিয়তি হতে পারে না।

আমাদের গণতন্ত্রে ত্রুটি রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তাই আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও সমুন্নত করতে হবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলা ও শক্তিশালী করার জন্য আমাদের গণতান্ত্রিক পশ্চিমা বন্ধুদের সাহায্যের প্রয়োজন রয়েছে। কিন্তু এ ক্ষেত্রে কোনো গণতান্ত্রিক ভবিষ্যৎ নেই, এমন একটি ব্যবস্থাকে সমর্থন করলে তা বাংলাদেশের অগ্রগতিতে খুব কমই সাহায্য করবে।

রাষ্ট্রপতি বাইডেনের কাছে মার্কিন ছয় কংগ্রেসম্যানের চিঠিতে অন্যান্য অভিযোগের পাশাপাশি বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বাংলাদেশে জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ আনা হয়েছে। ছয় মার্কিন কংগ্রেসম্যানের দেওয়া এই চিঠির জন্য কি আমাদের হাসা উচিত? তারা কি আসলেই অন্য জাতির অভ্যন্তরীণ ও সংবেদনশীল বিষয়গুলোতে যথেষ্ট সিরিয়াস? তারা এভাবে চলতে থাকলে কোনো জাতিই আর তাদের কোনো কথায় কর্ণপাত করবে না।

আওয়ামী লীগ সরকার ২০১১ সালে কেবল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিলুপ্তি ঘটায়নি; বরং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতার পুনঃ প্রবর্তনও করেছে। এই সরকার সংবিধানের ২৩(ক) অনুচ্ছেদে বাংলাদেশের আদিবাসী সংস্কৃতির সুরক্ষা এবং অগ্রগতি-সম্পর্কিত ধারাও সংযুক্ত করেছে। সংবিধানের ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নাগরিক হিসেবে জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীগুলোকে আর বাঙালি বলা হয় না।

বাংলাদেশের ভূরাজনীতির ইতিহাসে আমরা বর্তমানে যুগসন্ধিক্ষণে রয়েছি। আমাদের দেশ আন্তর্জাতিক রাজনীতির খেলার মাঠ হয়ে উঠেছে। এটি একই সঙ্গে স্বস্তিদায়ক ও উদ্বেগ সৃষ্টি করে—একদিকে স্বস্তিদায়ক; কারণ, আমাদের অর্থনৈতিক উন্নয়ন ও অন্যান্য বিষয় আমাদের ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। অন্যদিকে বিষয়টি উদ্বেগের; কারণ, আমরা চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধের বিষয় হিসেবে আবির্ভূত হয়েছি।

সংখ্যালঘুদের অন্যতম মুখ্য নেতা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট রানা দাশগুপ্ত এই দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। উপরন্তু ৯ জুন ২০২৩ বাংলাদেশ বৌদ্ধ ফেডারেশনও এটিকে ‘ভিত্তিহীন এবং বানোয়াট’ বলে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে প্রত্যাখ্যান করেছে। এ ছাড়াও বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও ছয় মার্কিন রিপাবলিকান কংগ্রেসম্যানের বাংলাদেশের খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর এই সরকারের নিপীড়ন-সম্পর্কিত দাবিকে নাকচ করে দিয়েছেন। খ্রিষ্টান মিশনারিগুলো ধর্মীয় স্বাধীনতার অধিকার ভোগ করছে। তারা শুধু তাদের ধর্মচর্চাই করছে না, তাদের ধর্ম প্রচারও করছে। বাংলাদেশে যেকোনো ধর্মীয় গোষ্ঠী শান্তিপূর্ণভাবে তাদের ধর্ম বা ধর্মীয় বিশ্বাস প্রচার করতে পারে।

বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে অন্তর্ভুক্ত তার প্রতিশ্রুতি পূরণে সব সময় সফল হয়নি। তবে আমাদের এই সত্য ভুলে যাওয়া উচিত নয় যে এই চুক্তি ১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকার দ্বারাই সম্ভব হয়েছিল। বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি দল, যার ওপর আমাদের সংখ্যালঘু জনগোষ্ঠী নির্ভর করতে পারে এবং আমাদের ইতিহাস তার প্রামাণিক সাক্ষ্য দিয়ে আসছে।

চলুন, এবার সমস্যার মূলে যাই। বাংলাদেশের ভূরাজনীতির ইতিহাসে আমরা বর্তমানে যুগসন্ধিক্ষণে রয়েছি। আমাদের দেশ আন্তর্জাতিক রাজনীতির খেলার মাঠ হয়ে উঠেছে। এটি একই সঙ্গে স্বস্তিদায়ক ও উদ্বেগ সৃষ্টি করে—একদিকে স্বস্তিদায়ক; কারণ, আমাদের অর্থনৈতিক উন্নয়ন ও অন্যান্য বিষয় আমাদের ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। অন্যদিকে বিষয়টি উদ্বেগের; কারণ, আমরা চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধের বিষয় হিসেবে আবির্ভূত হয়েছি।

ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় তার প্রভাব গুটিয়ে রেখেছিল এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বেশির ভাগ সময়েই ভারতের ওপর নির্ভর করেছিল। যুক্তরাষ্ট্রের অনুপস্থিতির কারণে যে শূন্যতা সৃষ্টি হয়, তারই সুযোগ নিয়ে চীন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে তার প্রভাব বিস্তার করেছে। পশ্চিমা রাজনীতিবিদরা একটু দেরিতে হলেও দক্ষিণ এশিয়া এবং তার বাইরে চীনের এই উত্থান ও সম্প্রসারণের বিষয়ে সচেতন হয়েছে এবং কর্মতৎপরতা চালাচ্ছেন। তাঁদের কাছে মনে হচ্ছে, বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করার সময় এসেছে। তবে তাঁদের এটা মনে রাখতে হবে যে তাঁদের এসব পদক্ষেপ বাংলাদেশে সহিংসতা উসকে দিতে পারে এবং এই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে, যা তাঁদের নিজস্ব জাতীয় স্বার্থের পাশাপাশি বাংলাদেশ এবং অন্যান্য দেশকেও নানাভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।

বাংলাদেশ বর্তমানে এমন একটি সংকটময় মুহূর্তে রয়েছে, যেখানে হয় দেশটি একধরনের বিশৃঙ্খলার সম্মুখীন হতে যাচ্ছে, অথবা একটি ইতিবাচক রূপান্তরের সাক্ষী হবে। তবে আমাদের উন্নয়ন ও গণতন্ত্রের অংশীদারদের দায়িত্বজ্ঞানহীন আচরণ বাংলাদেশকে ২০১৫ সালের মতো উদ্ভূত রাজনৈতিক অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে। অথবা বাংলাদেশ অবকাঠামো, সামগ্রিক অর্থনীতি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের পরিপ্রেক্ষিতে ক্রমাগত সৃজনশীলতা এবং উন্নয়নের একটি নতুন দিগন্ত দেখতে পাবে। প্রথম যে সম্ভাবনার কথা বলা হলো, যদি সেটি ঘটে, তবে তা নিশ্চয়ই কোনো সুখকর বিষয় হবে না; বরং এটা দেশের জন্য একটি ট্র্যাজেডিতে পরিণত হতে পারে। তবে আমরা আশা করি, বাংলাদেশের জনগণ সেই সম্ভাবনাকে নস্যাৎ করে দেবে।

জ্যারেড কোহেন তাঁর ‘দ্য রাইজ অব জিও পলিটিক্যাল সুইং স্টেটস’ নিবন্ধে যুক্তি দিয়েছেন যে বাংলাদেশ একটি ভূরাজনৈতিক সুইং স্টেট (গোল্ডম্যান স্যাক্স, ১৫ মে ২০২৩)। বর্তমান বাংলাদেশ সরকারের বৈদেশিক নীতির যে অবস্থান অর্থাৎ ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’ তাকে কৌশলগত স্বায়ত্তশাসন (স্ট্র্যাটেজিক অটোনমি) দিয়েছে। এটি মূলত আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে স্থায়ী বন্ধুত্ব কিংবা স্থায়ী শত্রুতা হয় না, সেদিকে ইঙ্গিত করে। চীন বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, তবে অবশ্যই তা যুক্তরাষ্ট্রের মতো এত ব্যাপকভাবে নয়। তা সত্ত্বেও চীনা ও আমেরিকান বিনিয়োগ পেতে বাংলাদেশ কখনো দ্বিধা করে না।

বাংলাদেশ নিজেকে জোটনিরপেক্ষ ব্যবস্থায় নয়; বরং বহুপক্ষীয় জোটব্যবস্থায় যুক্ত করেছে। জ্যারেড কোহেন মনে করেন যে আজকের বিশ্বের বাস্তবতায় জোটনিরপেক্ষতা সম্ভব নয়। সম্ভবত তিনি ঠিক বলেছেন। কিন্তু এটা আমাদের বলতে হবে যে নেহরুর ভারত এবং নাসেরের মিসরের মতো ন্যামভুক্ত দেশগুলোর বেশির ভাগই পুঁজিবাদী এবং কমিউনিস্ট ব্লক উভয়ের কাছ থেকে সুবিধা পাওয়ার চেষ্টা করেছিল, যেখানে পাকিস্তান পশ্চিমাদের সঙ্গে একত্র হয়ে সেই সুযোগ হারিয়েছিল।

বলা বাহুল্য, ন্যাম জোটনিরপেক্ষ নয়; বরং একটি বহুপক্ষীয় জোট ছিল। এটি উভয় ব্লকের সঙ্গে যুক্ত হওয়ার কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখতে পেরেছিল। ভবিষ্যতে বাংলাদেশের কখনোই মার্কিন বা চীনা ব্লকে যোগদান করা উচিত হবে না।  ক্রমবর্ধমান ভূরাজনৈতিক চাপের মুখেও (যার সাম্প্রতিক কয়েকটি উদাহরণ মার্কিন কংগ্রেসম্যান এবং ইউরোপীয় পার্লামেন্টের এমপিদের চিঠিগুলো) জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে বাংলাদেশের উচিত হবে, তার জোটনিরপেক্ষ অবস্থান ধরে রাখা।  

  • অধ্যাপক মিজানুর রহমান সাবেক চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন