
বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতের ইতিহাসে ১৭ নভেম্বর একটি নতুন অধ্যায় রচিত হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করেছে।
গ্রিডের সঙ্গে সফলভাবে সিনক্রোনাইজেশনের পর বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের মর্যাদা অর্জন করেছে। দীর্ঘ প্রতীক্ষা, কারিগরি জটিলতা ও বহু পরীক্ষার পর এটি জাতির জন্য গর্ব ও আনন্দের বিষয়।
এই অর্জনের গুরুত্ব বুঝতে হলে সি ধাপ; অর্থাৎ পাওয়ার স্টার্টআপ পর্যায়ের তাৎপর্য জানা দরকার। গত ১১ অক্টোবর রিঅ্যাক্টর প্রথমবার ক্রিটিক্যালিটিতে পৌঁছায়; অর্থাৎ চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ ও নিয়ন্ত্রিত ধারাবাহিক পারমাণবিক শৃঙ্খল বিক্রিয়া শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২৯ অক্টোবর পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা সি ধাপের কার্যক্রমের অনুমোদন দেয়।
এ ধাপে চুল্লির তাপে উৎপন্ন বাষ্প দিয়ে টারবাইন ঘুরিয়ে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন এবং তা গ্রিডে সরবরাহের সক্ষমতা পরীক্ষা করা হয়। তবে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়া মানেই চূড়ান্ত বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়া নয়। এটি টারবাইন, জেনারেটর ও জাতীয় গ্রিডের মধ্যে সামঞ্জস্য যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা।
এরপর পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে শুরু হবে ডি ধাপ; অর্থাৎ পাইলট বাণিজ্যিক পরিচালনা। রুশ ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী এ পর্যায়ে ১০ মাস পরীক্ষামূলকভাবে ইউনিটটি পরিচালনা করা হবে। এ সময় ইউনিটটিকে পূর্ণ সক্ষমতা পর্যন্ত পরীক্ষা করা হবে। প্রায় ৯ বছর ধরে চলা নির্মাণ ও কমিশনিং কার্যক্রমের ভিত্তিতে চুল্লির নিরাপত্তা-সংক্রান্ত একটি বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করতে হবে।
প্রতিবেদনটি পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা বিস্তারিতভাবে পর্যালোচনা করে সন্তোষজনক মনে করলে ইউনিটটিকে পূর্ণ সক্ষমতায় নিয়মিত বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহের জন্য স্থায়ী সনদ দেওয়া হবে। এরপর রুশ ঠিকাদার প্রতিষ্ঠান ইউনিটটি সাময়িকভাবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কাছে হস্তান্তর করবে।
সব মিলিয়ে রূপপুরের প্রথম গ্রিড সংযোগ একটি সূচনা, গন্তব্য নয়। প্রথমবার বিদ্যুৎ সরবরাহ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, চূড়ান্ত অর্জন নয়। এই মাইলফলককে স্থায়ী সাফল্যে পরিণত করতে প্রয়োজন কঠোর নিরাপত্তাসংস্কৃতি, স্বচ্ছতা, দক্ষ জনবল এবং শক্তিশালী জাতীয় গ্রিড।
এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জাতীয় গ্রিডের স্থিতিশীলতা। ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি দেশের সবচেয়ে বড় একক বিদ্যুৎ উৎপাদনকারী ইউনিট। কোনো কারণে এর জেনারেটর হঠাৎ ট্রিপ (কোনো কারিগরি ত্রুটি দেখা দিলে) করলে বিদ্যুৎ সরবরাহ দ্রুত কমে যায় এবং গ্রিডের ফ্রিকোয়েন্সি নেমে যেতে পারে। এতে গ্রিডের স্থিতিশীলতা বিঘ্নিত হওয়ার ঝুঁকি তৈরি হয়। এ পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণিক রিজার্ভ বিদ্যুৎ, দ্রুত উৎপাদন বাড়ানোর ব্যবস্থা অথবা প্রয়োজনে লোডশেডিংয়ের মাধ্যমে গ্রিডকে ব্ল্যাকআউটের ঝুঁকি থেকে রক্ষা করতে হয়।
বিপরীতভাবে সরবরাহের তুলনায় চাহিদা হঠাৎ কমে গেলে গ্রিডের ফ্রিকোয়েন্সি বেড়ে যেতে পারে। ফ্রিকোয়েন্সি নির্ধারিত সীমা অতিক্রম করলে সুরক্ষাব্যবস্থার কারণে বিদ্যুৎকেন্দ্রের জেনারেটর গ্রিড থেকে বিচ্ছিন্ন হতে পারে, যা গ্রিডের ওপর আরও চাপ সৃষ্টি করতে পারে। এ ক্ষেত্রে বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে যথাযথ সমন্বয় না থাকলে গ্রিড বিপর্যয়ের ঝুঁকি থেকে যায়। জাতীয় গ্রিড পরিচালনাকারী প্রতিষ্ঠান পিজিসিবিকে সরবরাহ ও চাহিদার ওঠানামার মধ্যেও গ্রিডের স্থিতিশীলতা রক্ষায় সক্রিয় ব্যবস্থা নিতে হবে।
এ বছরের গ্রীষ্মে সর্বোচ্চ লোডশেডিং ছিল প্রায় ৩ হাজার ৬০০ মেগাওয়াট। রূপপুরের একটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে আগামী গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ–ঘাটতির প্রায় অর্ধেক মোকাবিলা করা সম্ভব হতে পারে। ২০২৮ সালে দ্বিতীয় ইউনিটটি পূর্ণ সক্ষমতায় চালু হলে আরও ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত হবে। এতে বিদ্যমান ঘাটতি মোকাবিলায় উল্লেখযোগ্য সহায়তা মিলতে পারে। তবে শুধু রূপপুরের বিদ্যুৎ দিয়ে লোডশেডিং পুরোপুরি দূর করা সম্ভব হবে না। কারণ, বিদ্যুতের চাহিদা আরও বাড়বে। এর পাশাপাশি সৌরশক্তি থেকে ২ হাজার থেকে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত করা গেলে ভবিষ্যতে সরবরাহের ঘাটতি কমাতে সহায়তা করবে।
পারমাণবিক বিদ্যুৎ তেল, কয়লা ও আমদানি করা এলএনজিভিত্তিক বিদ্যুতের তুলনায় সাশ্রয়ী হতে পারে। আমার বিশ্লেষণ অনুযায়ী, প্রতি ইউনিট বিদ্যুতের সর্বোচ্চ মূল্য ১০ টাকার কম হতে পারে। তবে বিদ্যুতের দাম চূড়ান্তভাবে নির্ধারিত হলে প্রকৃত মূল্য জানা যাবে।
রূপপুর প্রকল্পের চ্যালেঞ্জও কম নয়। প্রথমত, দক্ষ জনবল গড়ে তোলা ও ধরে রাখা জরুরি। রিঅ্যাক্টর অপারেটর, রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, নিরাপত্তাবিশ্লেষক এবং নিয়ন্ত্রক সংস্থার বিশেষজ্ঞদের যথাযথ প্রশিক্ষণ দিতে হবে। পাশাপাশি বিদেশিনির্ভরতা কমাতে ধাপে ধাপে প্রযুক্তি হস্তান্তর এবং স্থানীয় জনবলের মাধ্যমে বিদ্যুৎকেন্দ্র পরিচালনার সক্ষমতা গড়ে তোলা দরকার।
দ্বিতীয়ত, ব্যবহৃত জ্বালানি ও তেজস্ক্রিয় বর্জ্যের নিরাপদ এবং দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, জ্বালানি সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। রাশিয়া থেকে ইউরেনিয়ামের চালান ইতিমধ্যে কয়েক দফায় এসেছে। তবে নিরবচ্ছিন্ন সরবরাহ, পরিবহন ও রিফুয়েলিংয়ের জন্য শক্তিশালী ও টেকসই পরিকল্পনা থাকা প্রয়োজন। চতুর্থত, বিশাল এই প্রকল্পের ঋণ সময়মতো পরিশোধ করতে হবে, যা বৈদেশিক মুদ্রার ওপর চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে মার্কিন ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার ব্যাপক অবমূল্যায়নের কারণে ঋণ পরিশোধের ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সব মিলিয়ে রূপপুরের প্রথম গ্রিড সংযোগ একটি সূচনা, গন্তব্য নয়। প্রথমবার বিদ্যুৎ সরবরাহ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, চূড়ান্ত অর্জন নয়। এই মাইলফলককে স্থায়ী সাফল্যে পরিণত করতে প্রয়োজন কঠোর নিরাপত্তা–সংস্কৃতি, স্বচ্ছতা, দক্ষ জনবল এবং শক্তিশালী জাতীয় গ্রিড। এসব নিশ্চিত করা গেলে রূপপুর দেশের নিরাপদ, নির্ভরযোগ্য ও পরিবেশবান্ধব বিদ্যুৎ সরবরাহের অন্যতম ভিত্তি হয়ে উঠবে।
ড. মো. শফিকুল ইসলাম অধ্যাপক, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
msislam@du.ac.bd