
‘রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত কমিশন’ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের কাছে প্রতিবেদন দাখিল করলেও এত দিন তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) তদন্ত কমিশনের দেওয়া সেই প্রতিবেদন উদ্ধার করেছে। সেই প্রতিবেদন ধরে দুই পর্বে লিখেছেন প্রদীপ সরকার। আজ ছাপা হলো শেষ পর্ব
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এডিসি ক্যাপ্টেন মাজহারুল হকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে তদন্ত কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি অবস্থান করছিলেন ৪ নম্বর কক্ষে। তাঁর পাশের ৩ নম্বর কক্ষে ছিলেন এডিসি ক্যাপ্টেন মাজহারুল হক। দুটি কক্ষের মধ্যে একটি সংযোগদরজা ছিল।
তদন্ত কমিশনের মতে, হামলার সময় ওই দরজা দিয়ে রাষ্ট্রপতির কাছে পৌঁছানোর চেষ্টা করা সম্ভব ছিল। দরজা বন্ধ থাকলেও অন্তত তাতে আঘাত করে রাষ্ট্রপতিকে সতর্ক করতে পারতেন এডিসি। হামলাকারীরা যখন রাষ্ট্রপতির কক্ষের দরজায় আঘাত করছিলেন, তখন এডিসির কক্ষ হয়ে বের হওয়ার একটি পথও ছিল। কিন্তু ক্যাপ্টেন মাজহারুল হক সংযোগদরজা দিয়ে রাষ্ট্রপতির কাছে যাওয়ার কিংবা দরজায় আঘাত করে তাঁকে সতর্ক করার চেষ্টা করেননি। কমিশনকে তিনি জানিয়েছিলেন, দুটি কক্ষের মধ্যে সংযোগদরজা থাকার বিষয়টি তাঁর জানা ছিল না। তাঁর এই বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছে কমিশন।
তবে হামলার সময় এডিসি টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেছিলেন। কমিশনের প্রতিবেদনে তাঁর বক্তব্য অনুযায়ী, তিনি প্রথমে রাষ্ট্রপতির সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেন। সাড়া না পেয়ে লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুর রহমানকে ফোন করেন। পরে আবার রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাননি। এরপর তিনি চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের সদর দপ্তরে ফোন করেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে না পেয়ে স্থানীয় ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিটের কর্মকর্তা মেজর মুজিবের সঙ্গে কথা বলেন এবং অবিলম্বে সহায়তা চান।
কমিশনের অনুসন্ধানে আরও উঠে আসে, হামলাকারীরা চলে যাওয়ার পর নায়েক আবুল বাশার তাঁদের কক্ষের দরজায় আঘাত করে ডাকলে তবেই লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুর রহমান ও ক্যাপ্টেন মাজহারুল হক বের হন। কমিশন জানতে পারে, ওই দুই সেনা কর্মকর্তা নিজেদের কক্ষে টেলিফোনে ব্যস্ত ছিলেন এবং দীর্ঘ সময় বাইরে আসেননি। রাষ্ট্রপতির সঙ্গে তাঁদের দায়িত্ব ও সম্পর্ক বিবেচনায় এই আচরণকে যথাযথ ও আন্তরিক দায়িত্ব পালনের সঙ্গে সংগতিপূর্ণ মনে করেনি কমিশন।
কমিশন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই), সামরিক গোয়েন্দা বিভাগ এবং পুলিশের বিশেষ শাখার দায়িত্ব ও কার্যক্রম পর্যালোচনা করে। সংশ্লিষ্ট গোয়েন্দাপ্রধানেরা প্রয়োজনীয় সতর্কবার্তা দিতে ব্যর্থ হওয়ার কথা কমিশনের কাছে স্বীকার করেন।
কমিশনকে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল সাদিকুর রহমান চৌধুরী জানান, জেনারেল মঞ্জুরের রাষ্ট্রক্ষমতা দখলের উচ্চাভিলাষ সম্পর্কে ডিজিএফআইয়ের ধারণা ছিল। এ বিষয়ে তাঁরা রাষ্ট্রপতির সঙ্গে কথাও বলেছিলেন। কিন্তু রাষ্ট্রপতি তাঁদের উদ্বেগকে গুরুত্ব দেননি এবং আপাতদৃষ্টিতে তথ্যটি উপেক্ষা করেছিলেন। এনএসআইয়ের তৎকালীন মহাপরিচালক এস এ হাকিমও কমিশনকে জানান, মঞ্জুর সরকারের নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি—এমন ধারণা তাঁদের ছিল। বিষয়টি তিনি রাষ্ট্রপতির সঙ্গে একাধিকবার আলোচনা করেছিলেন। তবে রাষ্ট্রপতি বলতেন, পরিস্থিতি সম্পর্কে তিনি জানেন এবং নিজের সময়ে তা মোকাবিলা করবেন।
ডিজিএফআইয়ের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল মোহাব্বত জান চৌধুরী কমিশনকে জানান, মঞ্জুর সামরিক অভ্যুত্থানের চেষ্টা করতে পারেন—এমন আশঙ্কা ছিল। কিন্তু পরিস্থিতি বিশ্লেষণ করে তাঁরা মনে করেছিলেন, তখনো অভ্যুত্থান ঘটানোর উপযুক্ত সময় আসেনি। ফলে এত দ্রুত এমন ঘটনা ঘটবে বলে তাঁরা ধারণা করেননি।
ডিজিএফআইয়ের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল মোহাব্বত জান চৌধুরী কমিশনকে জানান, মঞ্জুর সামরিক অভ্যুত্থানের চেষ্টা করতে পারেন—এমন আশঙ্কা ছিল। কিন্তু পরিস্থিতি বিশ্লেষণ করে তাঁরা মনে করেছিলেন, তখনো অভ্যুত্থান ঘটানোর উপযুক্ত সময় আসেনি। ফলে এত দ্রুত এমন ঘটনা ঘটবে বলে তাঁরা ধারণা করেননি।
মোহাব্বত জান চৌধুরীর ব্যাখ্যা অনুযায়ী, সার্কিট হাউসে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন মঞ্জুরের কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী। সিদ্ধান্তটি অন্য কর্মকর্তাদের জানানো হয় একেবারে শেষ মুহূর্তে। হামলাকারীদের দল গঠন করা হয় ৩০ মে রাত দেড়টার দিকে। আগের রাতে চট্টগ্রাম সেনানিবাসে সামরিক প্রশিক্ষণ চলছিল। ফলে সেনানিবাসের ভেতরে ও বাইরে সেনাবাহিনীর বহু গাড়ির চলাচল ছিল। তাঁর দাবি, এ কারণে হামলাকারীদের কালুরঘাট হয়ে সার্কিট হাউসের দিকে যাওয়ার বিষয়টি শনাক্ত করা যায়নি। কমিশনের কাছে অবশ্য তিনি স্বীকার করেন, চট্টগ্রামে তাঁর সংস্থা আগাম সতর্কবার্তা দিতে ব্যর্থ হয়েছিল।
চট্টগ্রামে ডিজিএফআইয়ের দায়িত্বে থাকা লেফটেন্যান্ট কর্নেল আবু লাইস চৌধুরী কমিশনকে জানান, সেনানিবাসে তরুণ কর্মকর্তাদের একাংশের অসন্তোষ এবং মঞ্জুরের সমমনা কর্মকর্তাদের তৎপরতা সম্পর্কে তাঁর ধারণা ছিল। হামলাকারীদের চলাচল সম্পর্কে আগাম তথ্য না পাওয়ার ব্যাখ্যায় আবু লাইস কমিশনকে জানান, বিদ্রোহীরা সেনানিবাসের প্রধান ফটক দিয়ে বের হননি। এ কারণে তাঁর তথ্যদাতারা তাঁদের চলাচল শনাক্ত করতে পারেননি।
পুলিশের বিশেষ শাখার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে কমিশন। বিশেষ শাখার বক্তব্য ছিল, সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিষয় তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। কিন্তু কমিশন মনে করেছে, মঞ্জুরের অনুসারী সেনা কর্মকর্তাদের রাজনৈতিক তৎপরতা সম্পর্কে তথ্য সংগ্রহ ও প্রতিবেদন দেওয়ার প্রয়োজন ছিল। বিশেষ করে সেনানিবাসের বাইরের রাজনৈতিক যোগাযোগ ও তৎপরতা সম্পর্কে বিশেষ শাখার কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
কমিশনের অনুসন্ধানে আরও দেখা যায়, সার্কিট হাউসের আশপাশে সন্দেহজনক চলাচল শনাক্ত করার জন্য প্রয়োজনীয় গোয়েন্দা নজরদারির ব্যবস্থা ছিল না। রাষ্ট্রপতির নিরাপত্তারক্ষীদের সম্ভাব্য বিপদ সম্পর্কে আগাম সতর্ক করার জন্য প্রয়োজনীয় ওয়্যারলেস বা ওয়াকিটকিসহ গোয়েন্দা কর্মকর্তা কিংবা নিরাপত্তা পুলিশও মোতায়েন করা হয়নি। কমিশন মনে করেছে, সার্কিট হাউসে যাওয়ার সড়কগুলোতে গোয়েন্দা তথ্য সংগ্রহের ব্যবস্থা থাকলে হামলাকারীদের আগমনের খবর আগে থেকেই নিরাপত্তারক্ষীদের জানানো সম্ভব হতে পারত।
কমিশনের মূল্যায়নে, মঞ্জুরের উদ্দেশ্য ও সম্ভাব্য তৎপরতা নিয়ে সন্দেহ থাকার পরও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়নি। বিভিন্ন গোয়েন্দা সংস্থার মধ্যে সমন্বয়, সহযোগিতা এবং তথ্য আদান-প্রদানেরও কার্যকর ব্যবস্থা ছিল না। কমিশন তার চূড়ান্ত মূল্যায়নে বলেছে, মঞ্জুরের নেতৃত্বে গড়ে ওঠা ষড়যন্ত্র এবং তা বাস্তবায়নের পরিকল্পনা সম্পর্কে আগাম সতর্ক করতে গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা ছিল রাষ্ট্রপতির নিরাপত্তা বিপন্ন হওয়ার প্রধান কারণ।
কমিশনের অনুসন্ধানে দেখা যায়, হত্যাকাণ্ডের পর রাষ্ট্রপতির মরদেহ সার্কিট হাউসের ৪ নম্বর কক্ষের পূর্ব পাশের দরজার সামনে পড়ে ছিল। মরদেহটি সাদা চাদরে ঢাকা ছিল এবং প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্টের (পিজিআর) একজন সিপাহি তা পাহারা দিচ্ছিলেন। রাষ্ট্রপতির ব্যক্তিগত সচিব লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুর রহমানের নির্দেশে এই ব্যবস্থা করা হয়েছিল। তিনি পুলিশকে মরদেহের দায়িত্ব নিতে দেননি। কারণ হিসেবে জানান, মরদেহ ঢাকায় নেওয়ার জন্য হেলিকপ্টার পাঠাতে রাষ্ট্রপতির সামরিক সচিব ও সেনা সদর দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
৩০ মে সকাল সাড়ে সাতটার দিকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার সার্কিট হাউস ছেড়ে যান। নিরাপত্তার জন্য তিনি মাহফুজুর রহমান, রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক ও এডিসিকে সঙ্গে নিয়ে নিজের বাসভবনে যান। এরপর পুলিশ কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সার্কিট হাউস ছেড়ে যান। তবে সেখানে পাহারার জন্য কিছু পুলিশ সদস্যকে রেখে যাওয়া হয়।
কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা তখন আতঙ্কিত ও বিভ্রান্ত ছিলেন। স্থানীয় সেনাবাহিনী হত্যাকাণ্ডে জড়িত এবং সেনাসদস্যরা টহল দিচ্ছেন—এমন আশঙ্কায় তাঁরা নিজেদের কর্তৃত্ব ও বিবেচনা অনুযায়ী মরদেহের নিরাপত্তার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছিলেন না। পরে মেজর জেনারেল মঞ্জুরের ডাকে বিভাগীয় কমিশনার চট্টগ্রামের ডিভিশন সদর দপ্তরে যান। পুলিশ কমিশনার ও জেলা প্রশাসককেও সেখানে রাখা হয়। তাঁরা সেখানে অবস্থানকালে সার্কিট হাউসে কী ঘটছে, তা জানতে পারেননি। এই সময়, সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে বিদ্রোহী সেনা কর্মকর্তারা রাষ্ট্রপতির মরদেহ সরিয়ে নেন।
কমিশনের অনুসন্ধানে উঠে আসে, দুটি সেনা জিপ ও একটি ভ্যান নিয়ে সশস্ত্র সেনাসদস্যরা সার্কিট হাউসে আসেন। তাঁদের মধ্যে তিনজন মেজর ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির গোপন নথিপত্র খোঁজেন এবং ব্যক্তিগত সামগ্রী সংগ্রহ করেন। পরে কয়েকজন সিপাহির সহায়তায় রাষ্ট্রপতির মরদেহ নিচে নামিয়ে গাড়িতে তোলেন। একই সঙ্গে নিহত লেফটেন্যান্ট কর্নেল মইনুল আহসান ও ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খানের মরদেহও নিয়ে যাওয়া হয়। মরদেহ নিরাপদ হেফাজতে নেওয়ার বিষয়ে উচ্চপর্যায়ের সিদ্ধান্তহীনতার বিষয়টিও তদন্তে উঠে এসেছে। কমিশনকে তৎকালীন সেনাপ্রধান জানান, চট্টগ্রাম সেনানিবাসে বিদ্রোহ শুরু হওয়ার খবর পাওয়ার পর বিদ্রোহ দমন না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির মরদেহ নিরাপদ হেফাজতে নেওয়ার বিষয়টি বিবেচনা করা সম্ভব ছিল না।
অন্যদিকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) এ এস এম মোস্তাফিজুর রহমান কমিশনকে জানান, ৩০ মে সকালে মন্ত্রিসভা রাষ্ট্রপতির মরদেহ নিরাপদে নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছিল কি না, তা তাঁর মনে নেই। পরে তিনি জানান, মরদেহ ঢাকায় আনার অনুমতি চেয়ে মেজর জেনারেল মঞ্জুরের কাছে আবেদন করার কথা ভাবা হয়েছিল। তথ্য ও সম্প্রচারমন্ত্রী শামসুল হুদা চৌধুরী কমিশনকে জানান, রাষ্ট্রপতির মরদেহ নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়েছিল। কিন্তু এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
কমিশনের অনুসন্ধানে দেখা যায়, রাষ্ট্রপতির মরদেহ বিদ্রোহীরা সরিয়ে নেওয়ার আগে ঢাকা থেকে তা নিরাপদ হেফাজতে নেওয়ার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। সার্কিট হাউসে উপস্থিত দুই প্রতিমন্ত্রী ও নৌবাহিনীর প্রধানও মরদেহের নিরাপত্তা নিয়ে স্থানীয় কর্মকর্তাদের কোনো নির্দেশনা দেননি। কমিশন উল্লেখ করেছে, ঢাকায় সরকারের পক্ষ থেকে ওয়্যারলেসের মাধ্যমে নির্দেশনা পাঠানোর সুযোগ ছিল; কিন্তু তা করা হয়নি।
তবে কমিশন চট্টগ্রামের তৎকালীন পরিস্থিতিও বিবেচনায় নিয়েছে। ৩০ মে সকাল থেকে চট্টগ্রামে সেনা অভ্যুত্থান ঘটেছিল এবং স্থানীয় সেনাবাহিনী বেতারকেন্দ্র, টেলিফোন ও টেলিগ্রাফ ব্যবস্থা এবং বন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় অবস্থান নিয়েছিল। সার্কিট হাউসের আশপাশেও সেনাবাহিনীর গাড়ি চলাচল করছিল। কমিশন মনে করেছে, এমন অস্বাভাবিক ও গুরুতর পরিস্থিতিতে স্থানীয় কর্মকর্তাদের পক্ষে রাষ্ট্রপতির মরদেহ সরিয়ে নেওয়া বাস্তবসম্মত ছিল না। তাঁদের অসহায়ত্ব আরও বেড়েছিল ঢাকা থেকে নির্দেশনা বা সাড়া না পাওয়ায়।
কমিশনের চূড়ান্ত পর্যবেক্ষণে বলা হয়েছে, রাষ্ট্রপতির মরদেহ সার্কিট হাউস থেকে সরিয়ে নিতে না পারার জন্য স্থানীয় বেসামরিক প্রশাসন ও পুলিশের কোনো কর্মকর্তাকে দায়ী করা যায় না। পরিস্থিতি বিবেচনায় মরদেহ রক্ষার ব্যর্থতার জন্য কোনো ব্যক্তিকে দায়ী করার প্রশ্নও ওঠে না।
কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, তাদের প্রাথমিক কার্যপরিধির প্রথম বিষয়টি ছিল রাষ্ট্রপতি হত্যাকাণ্ড ষড়যন্ত্রের ফল কি না, তা নির্ধারণ করা। ষড়যন্ত্র হয়ে থাকলে ষড়যন্ত্রকারীদের শনাক্ত করা, তাঁদের উদ্দেশ্য বের করা, পরিকল্পনা কীভাবে সংগঠিত হয়েছিল তা অনুসন্ধান করা এবং কারা, কীভাবে ও কতটা সহযোগিতা করেছিলেন, তা চিহ্নিত করার দায়িত্বও দেওয়া হয়েছিল কমিশনকে। কিন্তু ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখার আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে কার্যপরিধির প্রথম বিষয়টি বাদ দেওয়া হয়। ফলে হত্যাকাণ্ডের পেছনের ষড়যন্ত্র এবং ষড়যন্ত্রকারীদের শনাক্ত করার পূর্ণাঙ্গ অনুসন্ধান কমিশনের আনুষ্ঠানিক দায়িত্বের মধ্যে আর থাকেনি।
পরে সংশোধিত কার্যপরিধি অনুযায়ী, কমিশনের দায়িত্ব ছিল রাষ্ট্রপতির নিরাপত্তায় কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেই ব্যবস্থা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সতর্কতা যথাযথ ছিল কি না, কোনো ব্যক্তি বা সংস্থার ব্যর্থতা ছিল কি না এবং থাকলে তার মাত্রা কতটুকু, তা নির্ধারণ করা। পাশাপাশি রাষ্ট্রপতির মরদেহ সার্কিট হাউস থেকে বিদ্রোহীরা সরিয়ে নেওয়ার আগে কেন নিরাপদ হেফাজতে নেওয়া যায়নি এবং হত্যাকাণ্ডের পর বেসামরিক প্রশাসন ও পুলিশ কী ভূমিকা পালন করেছিল, তা অনুসন্ধান করাও কমিশনের দায়িত্বে ছিল।
তিন সদস্যের এই কমিশনের সভাপতি ছিলেন বিচারপতি রুহুল ইসলাম। আর দুজন সদস্য ছিলেন বিচারপতি এ টি এম আফজাল এবং খুলনার জেলা ও দায়রা জজ সৈয়দ সিরাজউদ্দিন আহমেদ। এই কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন জিয়াউদ্দিন এম চৌধুরী। তিনি জিয়াউর রহমান যখন হত্যাকাণ্ডের শিকার হন, তখন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ছিলেন। পরবর্তী সময়ে জিয়াউদ্দিন ‘দুই জেনারেলের হত্যাকাণ্ড, ১৯৮১-র ব্যর্থ সামরিক অভ্যুত্থান’ নামে একটি বইও লেখেন।
বিদেশে অবস্থানকারী জিয়াউদ্দিন এম চৌধুরী হোয়াটসঅ্যাপে প্রথম আলোকে বলেছেন, এই প্রতিবেদন কোনো দিনই দিনের আলো দেখেনি। যাঁরা লিখেছেন, তাঁদেরও ক্ষমতা সীমিত ছিল। গঠনের পরই কমিশনের কার্যপরিধি থেকে ষড়যন্ত্র অনুসন্ধানের অংশটি বাদ দেওয়া হয়েছিল। তা ছাড়া সেনাবাহিনীর ভেতরে যাওয়ার ক্ষমতাও এই কমিশনের ছিল না। কারণ, এটি ছিল বেসামরিক কমিশন।
প্রদীপ সরকার প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক
মতামত লেখকের নিজস্ব