চাঁদপুরে বালুখেকোর দৌরাত্ম্যে মেঘনা নদী সাবাড় হওয়ার খবর প্রকাশের পর নরসিংদীতে আরেক সারখেকোর সন্ধান পাওয়া গেছে।
নরসিংদীর বালুখেকোর তুলনায় চাঁদপুরের বালুখেকোকে শিশুই বলতে হবে। চাঁদপুরের বালুখেকো ছিলেন আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা ও মন্ত্রীর আশীর্বাদপুষ্ট।
আর নরসিংদীর ‘সারখেকো’ নিজেই অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তি। সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান (পোটন) মেসার্স পোটন ট্রেডার্সের মালিক। তিনি সার ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) সভাপতি।
তিনি বালুর ব্যবসা করেন না, করেন সারের ব্যবসা। বেসরকারিভাবে সার আমদানির সুযোগ নেই বাংলাদেশে। আমদানির কাজটি করে সরকারি প্রতিষ্ঠান। ওই সাবেক সংসদ সদস্যের দায়িত্ব ছিল আমদানি করা সার সরকারি গুদামে পৌঁছে দেওয়া; যেখান থেকে কৃষকেরা সরকার নির্ধারিত দামে কিনতে পারবেন। কিন্তু সাবেক সংসদ সদস্য সেই সার সরকারি গুদামে সরবরাহ না করে খোলাবাজারে বেশি দামে বিক্রি করে দিয়েছেন।
বিষয়টি আড়ালেই থেকে যেত যদি না প্রথম আলোয় ‘আত্মসাৎ ৫৮২ কোটি টাকার সার’ শিরোনামে খবর প্রকাশিত হতো। প্রতিবেদনে বলা হয়, সরকারিভাবে আমদানি করা ৭২ হাজার মেট্রিক টন রাসায়নিক সার বন্দর থেকে খালাসের পর গুদামে পৌঁছে না দিয়ে আত্মসাৎ করেছে পরিবহনের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পোটন ট্রেডার্স। এতে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে ৫৮২ কোটি টাকা।
গত বছর জুলাই মাসে কিশোরগঞ্জের ভৈরবে সার কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) দুই কর্মকর্তার যাবজ্জীবন ও অপর তিন আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডসহ সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ২২ কোটি টাকার সার কেলেঙ্কারির জন্য বিএডিসির দুই কর্মকর্তার যাবজ্জীবন কারাদণ্ড হলেও ৫৮২ কোটির সার কেলেঙ্কারির জন্য দায়ী ব্যক্তি ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। তাদের ক্ষমতার উৎস কোথায়?
৫ জানুয়ারি প্রথম আলোয় খবর প্রকাশের পর আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৬০ দিনের মধ্যে দুদককে আদালত প্রতিবেদন দিতে বলেছিলেন। গত বুধবার দুদকের একজন জ্যেষ্ঠ আইনজীবীর সঙ্গে কথা বলে জানা গেল, তারা এখনো অনুসন্ধানের কাজ শেষ করতে পারেননি। কেননা বিষয়টির সঙ্গে সরকারের একাধিক মন্ত্রণালয় ও দপ্তর যুক্ত।
পোটন ট্রেডার্স যে সার আত্মসাৎ করেছে, তা উঠে এসেছে সারের আমদানিকারক শিল্প মন্ত্রণালয়ের অধীন সরকারি প্রতিষ্ঠান রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) দুটি তদন্তেও। সার খালাস হয়েছিল ২০২১ সালের নভেম্বর থেকে ২০২২ সালের ১৫ মে মাসের মধ্যে। সার সরবরাহ না করার পর অনেক দিন পেরিয়ে গেলেও কোনো আইনগত ব্যবস্থা নেয়নি বিসিআইসি। গত ২০ ডিসেম্বর আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে নির্দেশনা চেয়ে বিসিআইসির পক্ষ থেকে শিল্প মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়।
সরকারিভাবে আমদানি করা সার আত্মসাতের অভিযোগ ওঠা সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খানকে (পোটন) কালো তালিকাভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, ‘তাঁকে আমরা কালো তালিকাভুক্ত করেছি। তিনি আমাদের এখানে কোনো দরপত্রে অংশ নিতে পারবেন না এবং অবশ্যই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। কিন্তু উনি (কামরুল) উল্টো আমাদের বিরুদ্ধে মামলা করেছেন। আমরা যে ব্যবস্থা নিয়েছি, সেটি সঠিক হয়নি। বাংলাদেশে এই আরেক সমস্যা। তবে আমরা খুবই সচেতন আছি। আমাদের চোখ-কান খোলা আছে। তিনি অনেক ক্ষতি করেছেন। কোনোভাবেই এটি সহজভাবে নিচ্ছি না। এটুকু আপনাদের নিশ্চয়তা দিচ্ছি।’
যার বিরুদ্ধে সরকারের আমদানি করা সার আত্মসাতের অভিযোগ, তিনিই এখন সরকারের বিরুদ্ধে মামলা করেছেন। দেখা যাক কে বেশি বলবান— সরকার না সাবেক সংসদ সদস্য। কামরুল আশরাফ খান আওয়ামী লীগের নেতা না হলে সার সরবরাহের ঠিকাদারি পেতেন কি না সন্দেহ। নিজের ব্যর্থতা ঢাকতে এখন তিনি সরকারের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন। সব সাহসের উৎস ক্ষমতা। সেটি বৈধ পথে আসুক আর অবৈধ পথে আসুক। বিএনপি সরকারের আমলে সার কেলেঙ্কারিতেও এই প্রতিষ্ঠানের হাত ছিল বলে অভিযোগ আছে।
কৃষিমন্ত্রী বলেছেন, তাঁদের চোখ–কান খোলা আছে। কিন্তু তাদের চোখ–কান খোলা থাকার পরও কীভাবে সরকারি সার তছরুপ হলো। কীভাবে একজন ঠিকাদার সার সরবরাহ না করে উল্টো দাপট দেখাচ্ছেন?
বিসিআইসির নথিপত্র থেকে জানা যায়, ২০২১-২২ অর্থবছরে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা ৩ লাখ ৯৩ হাজার মেট্রিক টন ইউরিয়া সার খালাসের পর সরকারি গুদামে পৌঁছে দিতে পোটন ট্রেডার্সের সঙ্গে চুক্তি করা হয়। নিয়ম হলো, সারগুলো ৫০ দিনের মধ্যে গুদামে পৌঁছে দিতে হবে। সর্বশেষ ১০ ডিসেম্বরের তথ্য অনুযায়ী, খালাস হওয়া সারের মধ্যে ৭২ হাজার টন গুদামে সরবরাহ করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান পোটন ট্রেডার্স, যার বাজারমূল্য ৫৮২ কোটি টাকা।
পোটন ট্রেডার্সের গুদামে আমদানি করা সার মজুত আছে কি না, তা যাচাই করতে গত ১০ নভেম্বর বিসিআইসি দুটি তদন্ত কমিটি গঠন করে। দুই কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করে গত ৮ ডিসেম্বর। তদন্ত প্রতিবেদন অনুযায়ী, পোটন ট্রেডার্স গত অক্টোবরের শুরুতে জানিয়েছিল যে তাদের ৬টি গুদামে ৬৬ হাজার টন সার রয়েছে। তবে সরেজমিন তদন্তে দেখা গেছে, গুদামে আছে মাত্র ১ হাজার ৩০০ টন সার। এই সারও ব্যবহারের অনুপযোগী এবং কৃষক পর্যায়ে বিতরণযোগ্য নয়।
কামরুল আশরাফ খান ২০১৪ সালে নরসিংদী-২ আসনে জাসদের প্রার্থী জায়েদুল কবিরকে হারিয়ে সংসদ সদস্য হন। জায়েদুল মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করেন। কামরুল আশরাফ খান আওয়ামী লীগের রাজনীতি করেন। বর্তমানে এই আসনের সংসদ সদস্য তাঁর ভাই আনোয়ারুল আশরাফ খান, যিনি নৌকা প্রতীক নিয়ে জিতেছেন। একভাই নৌকার প্রার্থীকে হারিয়ে দিয়ে সংসদ সদস্য হন। আরেকভাই নৌকা নিয়ে।
দশম জাতীয় সংসদের স্বতন্ত্র এমপি কামরুল আশরাফ খান পোটন দেশের সার ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) সভাপতি। বাংলাদেশে অন্যান্য পণ্যের ব্যবসার মতো সারের ব্যবসাও গুটি কয়েক ব্যক্তির নিয়ন্ত্রণে।
বিপুল পরিমাণ সার আত্মসাতের পাশাপাশি পোটন ট্রেডার্সের বিরুদ্ধে সার গুদামে নিম্নমানের সার সরবরাহের অভিযোগও উঠেছে। গত রোববার প্রতিষ্ঠানটিকে দেওয়া বিসিআইসির আরেক চিঠিতে বলা হয়, ‘বিভিন্ন কারখানা ও বাফার গুদামের তথ্যানুযায়ী গত শনিবার পর্যন্ত আপনার প্রতিষ্ঠানের কাছে ৭২ হাজার ৬৮০ টন ইউরিয়া সার পাইপলাইন বা ট্রানজিটে রয়েছে। সম্প্রতি আপনার প্রতিষ্ঠান বিভিন্ন বাফার গুদামে শক্ত, জমাটবাঁধা, বিবর্ণ, কালো ও ময়লাযুক্ত সার সরবরাহ করছে। গাইবান্ধা বাফার গুদামে শক্ত, জমাটবাঁধা, বিবর্ণ, কালো ও ময়লাযুক্ত সরবরাহ অনুপযোগী সার পাঠানো হয়েছে। আপনার প্রতিষ্ঠানের কাছে থাকা সার প্রয়োজনে রি-ব্যাগিং বা ব্যবহার উপযোগী করে জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট গুদামে সরবরাহ নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।’
গত বছর জুলাই মাসে কিশোরগঞ্জের ভৈরবে সার কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) দুই কর্মকর্তার যাবজ্জীবন ও অপর তিন আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডসহ সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ২২ কোটি টাকার সার কেলেঙ্কারির জন্য বিএডিসির দুই কর্মকর্তার যাবজ্জীবন কারাদণ্ড হলেও ৫৮২ কোটির সার কেলেঙ্কারির জন্য দায়ী ব্যক্তি ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। তাদের ক্ষমতার উৎস কোথায়?
সোহরাব হাসান প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি
মেইল: sohrabhassan55@gmail.com