
বাইডেন প্রশাসনকে একটা বিষয় পরিষ্কার করা প্রয়োজন যে তারা ইউক্রেনকে বাসের চাকার নিচে ফেলে দিতে পারে না। রাশিয়ার কাছে ইউক্রেন ভূখণ্ডের কিছু অংশ ছেড়ে দেওয়ার বিনিময়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যদি শান্তিচুক্তিতে যেতে রাজি না হন, তাহলে যুক্তরাষ্ট্রের উচিত জোর করে শান্তি আলোচনায় তাঁকে নিয়ে আসা।
ইউক্রেনের প্রধানতম অস্ত্র সরবরাহকারী হিসেবে যুক্তরাষ্ট্রের এই সুবিধা নেওয়া উচিত।
নভেম্বর মাসের শুরুর দিকে মার্কিন সংবাদমাধ্যম এনবিসির প্রতিবেদনে উঠে আসে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভ্যান শান্তি আলোচনার উদ্যোগ নিয়েছেন। প্রতিবেদন প্রকাশের পর সুলিভ্যান সাংবাদিকদের বলেন, শান্তি আলোচনার জন্য যুক্তরাষ্ট্র ইউক্রেনকে চাপ দিচ্ছে না। সেই একই সপ্তাহে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘তাদের (ইউক্রেন) কী করা উচিত, সেটা আমরা বলে দিতে যাচ্ছি না।’ এক সপ্তাহ পরই জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র জন কিনবি বলেন, জেলেনস্কিকে আলোচনার টেবিলে বসার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কেউ জোর করে, চাপ দিয়ে কিংবা কনুই দিয়ে ঠেলছে না।
যুক্তরাষ্ট্রের কেউ যদি শান্তি আলোচনার উদ্যোগ নিতে চায়, সেটা নেওয়াই উচিত। শান্তি আলোচনার মধ্য দিয়ে যদি স্থায়ী শান্তি আসে এবং যুক্তরাষ্ট্রের উদ্যোগ ছাড়া সেটা সম্ভব না হয়, তাহলে শান্তি আলোচনায় মার্কিন স্বার্থ রয়েছে। কিন্তু এ ধরনের শান্তি প্রতিষ্ঠা ইউক্রেনের স্বার্থ যেমন রয়েছে, একইভাবে বিশ্বের বেশির ভাগ দেশের স্বার্থও রয়েছে।
শান্তি যে খুব তাড়াতাড়ি স্থাপন করা প্রয়োজন, তার কিছু জাগতিক প্রেক্ষাপটও রয়েছে। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রচুর টাকা ব্যয় হচ্ছে। মূল্যস্ফীতি এখন বিশ্বের যখন সবচেয়ে বড় সমস্যা, তখন বিপুল এ ব্যয় যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতিতে ঘৃতাহুতি দিচ্ছে। ইউরোপে জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় এই যুদ্ধ মূল্যস্ফীতিতে আরও একভাবে জ্বালানি জোগাচ্ছে।
ইউরোপীয় মিত্ররা এখন বিকল্প হিসেবে আমেরিকার কাছ থেকে গ্যাস কিনছে। কিন্তু ইউরোপীয় কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র তাদের কাছ থেকে বড় অঙ্কের মুনাফা করছে। শীত মৌসুমকে কেন্দ্র করে পশ্চিমাদের মধ্যে উত্তেজনা বাড়ছে।
শক্তিশালী প্রতিবেশী যখন ছোট একটি দেশে আক্রমণ চালায়, তখন আলোচনার সুযোগ হাতছাড়া করাটা একটা বাজে ধরনের জুয়াখেলা। এ ছাড়া জাতীয়তাবাদী নেতারা দেশের ভেতরে রাজনৈতিক চাপে পড়েন, তাতে দেশের প্রকৃত স্বার্থে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না। জেলেনস্কি দেশের ভেতরে কতটা রাজনৈতিক চাপে পড়েছেন, সেটা প্রকৃতপক্ষে জানা যাচ্ছে না, কিন্তু সেনাবাহিনীর মধ্যে যে জাতীয়তাবাদী উপাদান রয়েছে, সেটা উপেক্ষা করা যায় না।
যুদ্ধ আরেকটি দিন গড়ানো মানে তালিকায় আরও ইউক্রেনীয় মৃত্যুর তথ্য যুক্ত হওয়া, আরও বেশিসংখ্যক অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হওয়া। প্রতিমূহূর্তের শঙ্কা হলো, এই যুদ্ধে ন্যাটো যুক্ত হবে কি না, যুদ্ধ আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে কি না। এমন যুদ্ধে যদি পারমাণবিক বোমার ব্যবহার হয়, তাহলে ধ্বংসযজ্ঞ হবে বিশাল। তৃতীয় বিশ্বযুদ্ধ ধারণাটি অতিরিক্ত কল্পনা হয়ে যাবে, কিন্তু তারও বাস্তব শর্ত (বিশেষ করে যখন চীন ও রাশিয়া গোপন প্রতিরক্ষা সমঝোতা করেছে) আছে।
ইউক্রেনের কিছুটা ভূখণ্ড রাশিয়ার কাছে ছেড়ে দেওয়ার বিনিময়ে শান্তি আলোচনার বিরোধিতা করার যুক্তি কী? সবচেয়ে সাধারণ যুক্তিটা হলো, প্রতিবেশী দেশে আগ্রাসন চালানোয় রাশিয়াকে বড় একটা শিক্ষা দেওয়া প্রয়োজন—যুক্তরাষ্ট্র, ইউক্রেনসহ অনেকগুলো দেশ এ ধারণা পোষণ করে। এই শাস্তি রাশিয়া এবং অন্য দেশগুলোকে সার্বভৌম দেশগুলোতে আগ্রাসন চালাতে বাধা দেবে।
অবশ্যম্ভাবীভাবে ইউক্রেনকে ২০১৪ সালের আগের অবস্থানে (জেলেনস্কির লক্ষ্য ক্রিমিয়া যুদ্ধের আগে ইউক্রেনের যতটা ভূখণ্ড ছিল, সবটা থেকেই রাশিয়ার সেনাদের বিতাড়িত করা) ফিরিয়ে নেওয়া কিংবা ২৪ ফেব্রুয়ারির আগের ইউক্রেনের সীমানা নিশ্চিত করতে পারলে, সেটা হবে আগ্রাসনের বিপক্ষে কঠোর বার্তা। কিন্তু বিবেচনার জন্য এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই যুদ্ধে রাশিয়া ও ভ্লাদিমির পুতিনকে সর্বোচ্চ মূল্যটা দিতে হয়েছে।
বৈশ্বিক নীতি বিষয়ে আমেরিকান সংস্থা র্যান্ড করপোরেশনের ইউক্রেন বিষয়ে বিশেষজ্ঞ স্যামুয়েল চারাপ সম্প্রতি বলেছেন, রাশিয়ার অধিকারে ইউক্রেনের কতটা ভূখণ্ড থাকল, সেটা কোনো বিষয় নয়। এই যুদ্ধে তারা এরই মধ্যে হেরে গেছে। রাশিয়ার কৌশল পরাজিত হয়েছে। তিনি ব্যাখ্যা করেন, ‘এর কারণ হলো, রাশিয়ার সামরিক সামর্থ্য, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং তাদের অর্থনীতি ও সমরাস্ত্র কেনার সামর্থ্যে বিস্ময়কর ক্ষতি হয়েছে। আমার মনে হয়, ইউক্রেনে আগ্রাসন চালিয়ে রাশিয়া গত ৯ মাসে নিজেদের যে ক্ষতিটা করেছে, যুক্তরাষ্ট্রের কোনো নীতি তাদের সেই ক্ষতি করতে পারেনি।’
ইউক্রেনের প্রেক্ষাপট থেকে বিবেচনা করলে একটি দিক থেকেই শান্তিচুক্তির বিরোধিতা যৌক্তিক হতে পারে। কিন্তু সেটা শর্তসাপেক্ষ ব্যাপার। যুদ্ধ অব্যাহত থাকলে গ্রহণযোগ্য মানবিক ক্ষয়ক্ষতির মধ্যে ইউক্রেন যদি রাশিয়াকে পরাজিত করতে পারে—এমনটা দেখা যায়—তাহলেই বাস্তবে তা ঘটতে পারে।
মোটাদাগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য তিনটি গতিপথ হতে পারে।
এক. অচলাবস্থা
এ ক্ষেত্রে লাভবান হবে রাশিয়া। ইউক্রেন তাদের সেই সুযোগ করে দেবে। কিন্তু কেউই অন্যের থেকে এগিয়ে যেতে পারবে না। সেপ্টেম্বর মাসে খারকিভ এবং সম্প্রতি খেরসন থেকে রাশিয়ার সেনাদের পশ্চাদপসরণের ঘটনায় কারও কারও কাছে মনে হতে পারে, এখন অচলাবস্থা অসম্ভব। কেননা, হাওয়া ইউক্রেন ঘিরে ঘুরতে শুরু করেছে।
কিন্তু খেরসন থেকে সেনা প্রত্যাহার এই যুদ্ধের গতিমুখের ক্ষেত্রে প্রধান নির্দেশক নয়। প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার জেনারেলরা দীর্ঘদিন ধরেই বলে আসছিলেন, খেরসন যুদ্ধকৌশলের দিক থেকে তাদের জন্য অনুকূল অবস্থান নয়, শেষ পর্যন্ত বিষয়টি পুতিন অনুমোদন দেন। নিপার নদী সামনে রেখে শক্ত প্রতিরক্ষা গড়ে তোলা রাশিয়ার লক্ষ্য। সে কারণে এই যুদ্ধক্ষেত্রে আরও অগ্রসর হওয়া খুব তাড়াতাড়ি সম্ভব নয়।
খারকিভে রাশিয়ার সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়। নতুন করে তিন লাখ সেনা নিয়োগ করতে হয়। কিন্তু খেরসনের ক্ষেত্রে রুশ বাহিনী খুব নীরবে সেনা প্রত্যাহার করে নিয়েছে।
দুই. রাশিয়া এগিয়ে যাবে
নতুন নিয়োগকৃত বিশাল সেনাশক্তির সঙ্গে ইউক্রেনের অবকাঠামো ও সামরিক স্থাপনায় অব্যাহত হামলার রাশিয়ার পক্ষেই বরং পাশার দান ঘুরিয়ে দিয়েছে। পুতিন অবশেষে ইউক্রেনের যতটা ভূমি রাশিয়ার নিয়ন্ত্রণে নিতে চেয়েছিলেন, সেই লক্ষ্যে পৌঁছে গেছেন। লুহানস্ক ও দোনেস্ক পুরোপুরি ইউক্রেনের কাছ থেকে দখলে এবং অন্য দুটি প্রদেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলেছেন তিনি এবং সম্ভবত তিনি আরও অগ্রসর হবেন। নিপার নদীর পূর্ব দিকের পুরোটাই রাশিয়ার ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে চান পুতিন।
তিন. ইউক্রেন এগিয়ে যাবে
যুদ্ধক্ষেত্রে ইউক্রেন যদি নিজেদের পক্ষে বড় কিছু অর্জন করে ফেলে, রাশিয়ার বাহিনীকে ২৪ ফেব্রুয়ারির আগের সীমানা—এমনকি ২০১৪ সালের আগের সীমানা থেকে হটিয়ে দিতে পারে।
যুদ্ধের সামনে এই তিন পরিণতিই রয়েছে। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই ইউক্রেনীয়দের মৃত্যু ও ইউক্রেনের ধ্বংস অব্যাহত থাকবে।
ইউক্রেন যুদ্ধের এই দোলাচল বন্ধ হওয়া প্রয়োজন। কূটনৈতিক সমাধানের পথ বন্ধ করে ইউক্রেনের প্রথম দুটি সম্ভাবনা খারিজ করে দিচ্ছে। সে ক্ষেত্রে তৃতীয় পথটাই শুধু খোলা থাকছে। কিন্তু শক্তিশালী প্রতিবেশী যখন ছোট একটি দেশে আক্রমণ চালায়, তখন আলোচনার সুযোগ হাতছাড়া করাটা একটা বাজে ধরনের জুয়াখেলা। এ ছাড়া জাতীয়তাবাদী নেতারা দেশের ভেতরে রাজনৈতিক চাপে পড়েন, তাতে দেশের প্রকৃত স্বার্থে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না। জেলেনস্কি দেশের ভেতরে কতটা রাজনৈতিক চাপে পড়েছেন, সেটা প্রকৃতপক্ষে জানা যাচ্ছে না, কিন্তু সেনাবাহিনীর মধ্যে যে জাতীয়তাবাদী উপাদান রয়েছে, সেটা উপেক্ষা করা যায় না।
জেলেনস্কি যদি আলোচনায় বসতে অনিচ্ছুক হন, তাহলে বাইডেনের উচিত তাঁকে আলোচনার টেবিলে বসানো। জেলেনস্কিকে রাজনৈতিকভাবে ব্যর্থ হওয়ার হাত থেকে রক্ষা করার দায়িত্ব বাইডেনের।
রবার্ট রাইট, আমেরিকান সাংবাদিক ও লেখক
ওয়াশিংটন পোস্ট থেকে নেওয়া, ইংরেজি থেকে অনুবাদ মনোজ দে