চিঠিপত্র

বন্যায় গবাদিপশুর কষ্ট নিয়ে আমরা কতটা ভাবছি

এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা। বন্যা পরিস্থিতিতে মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ, এর মধ্যে নেই গবাদিপশুর বাসস্থানের সুব্যবস্থা। এই বন্যা পরিস্থিতিতে উত্তরবঙ্গের মানুষের পাশাপাশি সিরাজগঞ্জ ও সুনামগঞ্জের মানুষের জীবনেও নেমে এসেছে চরম দুর্দশা। বাসস্থানের যেমন নেই ঠিক, তেমনি খাবারেরও রয়েছে অনেক ঘাটতি। চারপাশ বন্যার পানিতে টলমল করছে।

যেখানে সাধারণ মানুষ ঘর থেকে বের হতে পারছে না, সেখানে গবাদিপশুর কথা ভাবার সময় কোথায়। দিন দিন বন্যা পরিস্থিতির অবনতি দেখা দিচ্ছে। এর মধ্যে একটু পানি কমলেও এখন পরিস্থিতি আবার খারাপের দিকে যাচ্ছে।

চারণভূমি ডুবে যাওয়ায় চরম বিপাকে আছেন খামারিরা। গবাদিপশুর সঠিক পরিচর্যা ব্যাহত হওয়ায় খামারিরা চিন্তিত। নানা রোগবালাইয়ে আক্রান্ত হচ্ছে গবাদিপশু। সুপেয় পানির পাশাপাশি খাবার ও বাসস্থানসংকট চরমে পৌঁছেছে। পানিবন্দী সব মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছে, ত্রাণসংকটও রয়েছে। মানুষের খাবারের দাম বাড়লে গবাদিপশুর খাবারের দামও বেড়ে যায়। কিন্তু এবার বাড়ছে লাগামছাড়া।

একদিকে কৃষকের ফসলি জমি ভেসে যাচ্ছে, অন্যদিকে গবাদিপশুর খাদ্যের দাম বেড়ে যাচ্ছে—পানিবন্দী মানুষ যাবে কোথায়? ফসলি জমির পাশাপাশি মাছের খামারগুলোও পানির নিচে। কৃষকের পাশাপাশি মৎস্যচাষিদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। বন্যায় জমিজমা ডুবে যাওয়ায় গোখাদ্যের দেখা দিয়েছে চরম সংকট। আশ্রয়স্থলে ঠাঁই মিললেও জুটছে না খাবার।

এই বন্যা পরিস্থিতিতে পানিবন্দী মানুষ ও গবাদিপশু অসহায় জীবন যাপন করছে।

অনেক এলাকায় ত্রাণ দিতে দেখা গেলেও প্রত্যন্ত এলাকায় পৌঁছায় না এই ত্রাণ। তাই তাদের জীবনমান আরও দুর্বিষহ হয়ে পড়ছে। গবাদিপশুর জন্য আশ্রয়স্থলের ব্যবস্থা থাকলেও নেই পর্যাপ্ত সুব্যবস্থা। দুর্গত এলাকায় ত্রাণের পাশাপাশি গোখাদ্য বিতরণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। পাশাপাশি গবাদিপশুর বাসস্থানও নিশ্চিত করতে হবে।

আইরিন হাসান
ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ইসলামী বিশ্ববিদ্যালয়