সম্পাদকীয়
সম্পাদকীয়

নালায় পড়ে শিশুর মৃত্যু

চসিকের দায় এড়ানোর সুযোগ নেই

একটা নগরে বছরের পর বছর ধরে নালায় পড়ে শিশুসহ মানুষের মৃত্যু হওয়ার অর্থ হচ্ছে নাগরিকের জীবনের নিরাপত্তার প্রশ্নে নগর কর্তৃপক্ষ চরমভাবে দায়িত্বহীন ও উদাসীন। চট্টগ্রাম নগরীর অরক্ষিত খাল ও নালায় পড়ে ট্র্যাজিক মৃত্যুর মিছিলে সর্বশেষ যুক্ত হয়েছে তিন বছরের শিশু হুমায়রা।

প্রথম আলোর খবর জানাচ্ছে, গত বুধবার দুপুরে নগরের হালিশহরের আনন্দিপুর এলাকার একটি নালায় পড়ে নিখোঁজ হয় শিশুটি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটির নিথর দেহ উদ্ধার করে। এ ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। উদ্বেগজনক বিষয় হচ্ছে, তদন্ত কমিটি শিশুর মৃত্যুর এ ঘটনায় নিজেদের কোনো দায় খুঁজে পায়নি। পরিবারের উদাসীনতা ও মায়ের কর্মস্থলের অবহেলাকে তারা দায়ী করেছে।

চট্টগ্রাম নগরে যখন খাল ও নালায় পড়ে ছয় বছরে ১৪ জনের মৃত্যু হয়েছে, সেখানে এ ধরনের তদন্ত প্রতিবেদন কতটা গ্রহণযোগ্য! গত এপ্রিল মাসেও হিজড়া খালে পড়ে সেহরিশ নামের একটি শিশুর মৃত্যু হয়েছিল। শিশুসহ নাগরিক মৃত্যুর এসব ঘটনার কোনোটিতেই সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ দায় নেয়নি; বরং পরস্পরের প্রতি দায় চাপিয়ে নিজেদের দায়িত্ব শেষ করেছে। এবারের ঘটনায় নগর কর্তৃপক্ষ তো সরাসরি শোকগ্রস্ত পরিবারকেই দায়ী করল। এটা কতটা সংবেদনশীল আচরণ, সে প্রশ্ন নগর কর্তৃপক্ষ কিংবা তদন্তের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভেবে দেখেছেন?

নিহত শিশুটির মা–বাবা দুজনই কর্মজীবী। যে নালায় হুমায়রা পড়ে যায়, তার সামনেই একটি পোশাক কারখানায় কাজ করছিলেন শিশুটির মা। আবাসিক এলাকায় পোশাক কারখানাটি কীভাবে গড়ে উঠল, সেটা একটা বড় প্রশ্ন। আবার কারখানাটিতে কোনো নিরাপত্তারক্ষীও ছিল না। ঘটনার সময় কারখানার ফটকটিও খোলা ছিল। ফলে শিশুটি খেলতে খেলতে বাইরে চলে যায়।

কর্মজীবী মা–বাবার শিশুসন্তানদের সুরক্ষা কীভাবে নিশ্চিত করা যায়, সেটা আধুনিক নগরব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থনীতি ও শ্রমক্ষেত্রে নারীর অংশগ্রহণ যে বাড়তে থাকবে, সেটা অনিবার্য বাস্তবতা। কিন্তু সেটাকে মাথায় রেখে শিশুদের জন্য দিবাযত্ন কেন্দ্র গড়ে ওঠেনি। হাতে গোনা যে কয়েকটি গড়ে উঠেছে, তার ব্যয় মেটানো শ্রমজীবী পরিবারগুলোর পক্ষে অসম্ভব। অথচ তাদের জন্যই আরও বেশি করে দিবাযত্ন কেন্দ্র প্রয়োজন। সে ক্ষেত্রে সরকার ও সিটি করপোরেশনের ভূমিকা রয়েছে।

নাগরিকের, বিশেষ করে শিশুর জীবনের প্রতি যে সমাজের ন্যূনতম দায়বদ্ধতা আছে, সেখানে এ ধরনের মৃত্যু ঘটতে পারে না। সামগ্রিকভাবে দেখতে না পারা আর দায় না নেওয়ার যে সংস্কৃতি আমাদের কর্তৃপক্ষগুলোর মধ্যে গভীরভাবে গেড়ে বসে আছে, সেখান থেকে না বের হতে পারলে খালে পড়ে, নালায় পড়ে মৃত্যুর এই মিছিল বন্ধ হবে না।