
চলমান শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ড আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। শুধু রাজধানী শহরে নয়, দেশের অন্যান্য শহর এমনকি জেলা-উপজেলাতেও ঘটছে অগ্নিদুর্ঘটনা। এতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা রীতিমতো নিঃস্ব হয়ে পড়ছে। আর্থিকভাবে সামর্থ্যবান মানুষও মুহূর্তেই সহায়-সম্বলহীন হয়ে পড়ছেন। ব্যবসাপ্রতিষ্ঠান, দোকানপাট পুড়ে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আবার ঘরবাড়ি পুড়ে আশ্রয় হারানোর ঘটনাও ঘটছে। যেমনটি আমরা দেখছি নাটোরের নলডাঙ্গা উপজেলার বাঁশিলা উত্তরপাড়ায়। সেখানে অগ্নিকাণ্ডে পুড়ে ২৪টি বাড়ির অনেকগুলো পরিবার রীতিমতো পথে বসেছে। পাঁচ দিনেও নিজেদের ভিটেমাটিতে ফিরতে পারেনি পরিবারগুলো। আশপাশের বাড়ির ছাদে, আঙিনায় ও গাছপালার নিচে বসবাস করছেন তাঁরা। দীর্ঘদিনের ভূমিবিরোধের কারণে নতুন করে ঘরবাড়িও নির্মাণ করতে পারছেন না তাঁরা। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এসব ক্ষতিগ্রস্ত মানুষ।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, রান্নার চুলার আগুন থেকে গত রোববার বিকেলে ২৪টি পরিবারের বসতবাড়ি পুড়ে গেছে। বাড়িগুলো একটির সঙ্গে অন্যটি লাগোয়া। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভিটেমাটি ছাড়া আর কিছুই পুড়তে অবশিষ্ট নেই। এখন শোক ভুলে নতুন করে ঘুরে দাঁড়ানোর ইচ্ছা থাকলেও তা সম্ভব হচ্ছে না।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বলছেন, নতুন করে শোবার ঘর, রান্নাঘর ও শৌচাগার নির্মাণ করা না হলে বসবাস শুরু করা যাবে না। এসব করতে এখন নির্মাণসামগ্রী ও নগদ টাকা দরকার, যা তাঁদের কাছে নেই। স্থানীয় প্রশাসন, রাজনীতিবিদ ও স্বেচ্ছাসেবী সংগঠন যে সহায়তা দিয়েছে, তা পর্যাপ্ত নয়।
তবে অর্থসংকট ছাড়াও নতুন করে ঘরবাড়ি করতে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ আছে। এ বিরোধ নিষ্পত্তি না হলে কাউকে নতুন করে ঘরবাড়ি নির্মাণ করতে দেওয়া হচ্ছে না। পরিবারগুলোর মধ্যে জমির ভাগ-বাঁটোয়ারা নিয়ে আগে থেকেই বিরোধ ছিল। যার কারণে কেউ পাকা বাড়ি বা স্থায়ীভাবে আবাস তৈরি করতে পারেননি। যে যাঁর মতো কাঁচা ঘর নির্মাণ করে বসবাস করছিলেন। কাঁচা ঘর হওয়ার কারণেই অগ্নিকাণ্ডে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তঁাদের।
এ বিষয়ে স্থানীয় মাধনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার বলেন, ‘বাড়িঘর হারিয়ে পরিবার মানবেতর জীবন যাপন করছে। নতুন আবাসন নির্মাণ করে তাঁদের বসবাসের ব্যবস্থা করার জন্য সবকিছুই করার চেষ্টা করা হচ্ছে। ভূমিবিরোধ মেটানো নিয়েও আলোচনা চলছে।’ আমরা তাঁর কথায় আশান্বিত হতে চাই। স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান থাকবে, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে পর্যাপ্ত সহায়তা নিয়ে পাশে দাঁড়ান। সেখানকার জমির বিরোধ নিষ্পত্তি করে নিঃস্ব পরিবারগুলোকে দ্রুত পুনর্বাসনের উদ্যোগ নিন।