সম্পাদকীয়
সম্পাদকীয়

ম্যালেরিয়া ও ডেঙ্গুর প্রকোপ

পার্বত্য তিন জেলায় সমন্বিত পদক্ষেপ নিন

পার্বত্য চট্টগ্রামে একটা সময় ম্যালেরিয়া মানে ছিল রীতিমতো আতঙ্ক। প্রত্যন্ত পাহাড়ি এলাকা হওয়ায় মশাবাহিত এ রোগের প্রকোপে চরমভাবে ভুগতে হতো সেখানকার জনগোষ্ঠীকে। গত দুই আড়াই দশকে যোগাযোগব্যবস্থা ও আর্থসামাজিক উন্নয়নের ফলে সেখানকার স্বাস্থ্যব্যবস্থাও তুলনামূলকভাবে উন্নত হয়েছে।

এরপরও দেশের মোট ম্যালেরিয়া রোগীর ৯০ শতাংশের বেশি আক্রান্ত হন পার্বত্য তিন জেলায়। চলতি বছর এখন পর্যন্ত আগের বছরের তুলনায় ম্যালেরিয়া রোগীর সংখ্যা বেড়েছে। ইতিমধ্যে কয়েকজন মারাও গেছেন। তবে আরও আশঙ্কার বিষয় হলো ম্যালেরিয়ার সঙ্গে সেখানে হানা দিয়েছে আরেক মশাবাহিত রোগ ডেঙ্গুও। এ কারণে সেখানকার বাসিন্দাদের জন্য উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে।

গত বছরের প্রথম ছয় মাসের তুলনায় রাঙামাটি ও খাগড়াছড়ির পরিস্থিতি আরও খারাপ হয়েছে, সেদিক দিয়ে বান্দরবানের পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক। গত বছরের প্রথম ছয় মাসে তিন পার্বত্য জেলায় কোনো ডেঙ্গু রোগী না থাকলেও সেখানে এখন গত রোববার পর্যন্ত ৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

ম্যালেরিয়ার সঙ্গে ডেঙ্গু যুক্ত হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের কপালে এ নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে। তবে স্থানীয়ভাবে ডেঙ্গু আক্রান্ত হওয়ার হার কম। ঢাকা–চট্টগ্রাম বা অন্যান্য এলাকা থেকে বাসে করে সেখানে যাতায়াতের কারণে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে।

যাত্রীবাহী বাসগুলোতে মশার উপদ্রবের বিষয়টি এর বড় কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। এ ব্যাপারে বাসমালিক সমিতি কিছু উদ্যোগ নিলেও সেটি কতটা বাস্তবায়িত হচ্ছে, তা তদারক করতে হবে স্থানীয় প্রশাসনকে। এ ব্যাপারে অবহেলার কোনো সুযোগ নেই। বাসমালিক, চালক ও সহযোগীদের সচেতন করা জরুরি।

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর ক্ষেত্রে পরিচ্ছন্নতা বেশি জরুরি। পাহাড়েও এ বিষয় নিশ্চিত করতে হবে। পাহাড়ের পাড়াগুলোতে ঘরবাড়ির আশপাশ, ঝোপঝাড় পরিষ্কার–পরিচ্ছন্ন রাখার ব্যাপারে সচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে। ডেঙ্গু ও ম্যালেরিয়া মশাবাহিত দুটি রোগ।

ফলে এখানে সচেতনতামূলক কার্যক্রমের কোনো বিকল্প নেই। সেখানে হেডম্যান, কার্বারিসহ স্থানীয় জনপ্রতিনিধি ও তরুণদের সম্পৃক্ত করতে হবে।

সেখানকার স্বাস্থ্যব্যবস্থাকে আরও বেশি গতিশীল করে তুলতে সংশ্লিষ্ট ব্যক্তিদের তৎপরতা জরুরি। আমরা মনে করি, সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটি সমন্বিত কার্যক্রমই পারে পার্বত্য জেলাগুলোর ম্যালেরিয়া ও ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে।