গোটা উপজেলা চিকিৎসকশূন্য

রাঙ্গাবালীর প্রতি এমন অবহেলা কেন

সরকার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত জনগণের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে বলেই আমরা জানি। কিন্তু সেই স্বাস্থ্যসেবায় থেকে যায় নানা ফাঁকফোকর। অবাক করা বিষয় হচ্ছে, পটুয়াখালীর প্রত্যন্ত উপজেলা রাঙ্গাবালীতে নেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে জোড়াতালি দিয়ে সেখানকার স্বাস্থ্যসেবা চালানো হচ্ছে। আরও করুণ অবস্থা হচ্ছে গোটা উপজেলাতেই কোনো চিকিৎসক নেই। রাঙ্গাবালী বলতে দেশে একটি উপজেলা আছে, সেখানে যে স্বাস্থ্যকাঠামো তৈরি করতে হবে এবং সেখানকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে, সেটিই মনে হয় ভুলতে বসেছেন স্বাস্থ্যসংশ্লিষ্ট কর্ণধারেরা।

পটুয়াখালীর দ্বীপ এলাকা রাঙ্গাবালীকে ২০১২ সালে উপজেলা হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু একটা উপজেলার যে সুযোগ-সুবিধা থাকার কথা, তা থেকে এখনো অনেকাংশে বঞ্চিত সেখানকার মানুষ। গত ১১ বছরেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা যায়নি। ছয়টি ইউনিয়নের চারটিতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে উপজেলাবাসী স্বাস্থ্যসেবা পাচ্ছে। কিন্তু কোনো কেন্দ্রেই কোনো চিকিৎসক নেই। এ ছাড়া বাকি দুই ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্রের ভবন হলেও জনবলের অভাবে সেগুলো চালু হচ্ছে না। এখানে শুধু চিকিৎসক নয়, অন্যান্য জনবলেরও বড় সংকট আছে। সব মিলিয়ে ২৮টি পদের মধ্যে চিকিৎসকসহ ১৬টি পদই খালি পড়ে আছে। এমনকি কোনো স্বাস্থ্যকেন্দ্রে সাতটি পদ থাকলেও জনবল আছে মাত্র দুজন। এতেই স্পষ্ট হয় যে সেখানকার মানুষ কেমন স্বাস্থ্যসেবা পাচ্ছে। এভাবে একটা উপজেলার স্বাস্থ্যসেবা চলতে পারে না। 

রাঙ্গাবালীতে কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স না থাকায় পাশের গলাচিপা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে সেখানকার স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়। গত মার্চের শেষে গলাচিপা থেকে চিঠি দিয়ে দুজন চিকিৎসা কর্মকর্তাকে রাঙ্গাবালীতে সপ্তাহে দুই দিন স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়। কিন্তু প্রায় এক মাস হয়ে গেলেও তাঁরা সেখানে যোগদান করেননি। 

কোনো চিকিৎসা কর্মকর্তা না থাকায় গোটা উপজেলার জটিল রোগীরা মারাত্মক অসুবিধায় পড়েছেন। জেলার সরকারি হাসপাতাল বা উপজেলার বেসরকারি ক্লিনিকগুলোতে ছুটতে হচ্ছে তাঁদের। বিচ্ছিন্ন দ্বীপ এলাকা হওয়ায় পটুয়াখালীতে গিয়ে চিকিৎসাসেবা নিতে অনেক দুর্ভোগ পোহাতে হয়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দরিদ্র ও নিম্ন আয়ের মানুষেরা। 

পটুয়াখালীর সিভিল সার্জন বলছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মিত হলে এ সংকট থাকবে না। কিন্তু সেটি কখন সম্ভব হবে, সে ব্যাপারে সুস্পষ্ট কিছু বলতে পারেননি তিনি। আমরা আরও হতাশ এ জন্য যে জেলা পর্যায় থেকে যে উদ্যোগ নেওয়া যেত, সেখানেও ব্যাপক ঘাটতি আছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আমাদের আহ্বান থাকবে, রাঙ্গাবালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ ও সেটি চালুর জন্য দ্রুত উদ্যোগ নিন। এখন সেটি না হওয়া পর্যন্ত কি রাঙ্গাবালীর স্বাস্থ্যসেবার এ হাল থাকবে?