সম্পাদকীয়
সম্পাদকীয়

খননের পর দখলে বুড়িতিস্তা

দখলদারদের কোনোভাবেই ছাড় নয়

আমাদের নদীগুলো দখলে আর দূষণে বিপর্যস্ত। নদীকে স্বরূপে ফেরাতে নানা প্রকল্প নেওয়া হয়, পুনঃখনন করা হয়, কিন্তু অনেক ক্ষেত্রে সেগুলোর সুফল পাওয়া যায় না। নদী উদ্ধার করে কয়েক বছর না যেতেই সেটি আবার দখল হয়ে যায়। দখলদারেরা এত বেপরোয়া যে তাঁদের থামানোও যায় না।

যেমনটি আমরা দেখছি কুড়িগ্রামের উলিপুরে বুড়িতিস্তা নদীর ক্ষেত্রে। ডেল্টা প্ল্যান কর্মসূচির আওতায় নদীটি খনন করা হয়েছিল। কিন্তু চার বছর পর আবার দখলদারদের কবলে পড়েছে বুড়িতিস্তা। ফলে আবার হুমকির মুখে পড়তে যাচ্ছে কুড়িগ্রামের গুরুত্বপূর্ণ নদীটি।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, বুড়িতিস্তা উলিপুরের থেতরাই ইউনিয়নে তিস্তা নদী থেকে প্রবাহিত হয়ে চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে। ২০১৮ সালে প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নদীটির খননের উদ্যোগ নেয়।

সেই প্রকল্পে বুড়িতিস্তা ৮০ ফুট প্রস্থ ও ৩১ দশমিক ৫ কিলোমিটার দৈর্ঘ্য হিসাব করে খনন করা হয়। কিন্তু দুঃখজনক হচ্ছে, উপজেলার গুনাইগাছ খেয়াঘাট সেতু থেকে ভদ্রপাড়া ও নারিকেলবাড়ি পর্যন্ত ১২ দশমিক ৫ কিলোমিটার এলাকাজুড়ে দখলের দৌরাত্ম্য এমন যে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। দুই পাড়ের মাটি কেটে বিক্রি, নদী দখল করে পাকা ভবন নির্মাণ ও নদীতে ঘের দিয়ে মাছ চাষ করছে একটি চক্র।

নদী দখলদারদের দাবি, নদীতে তাদের পৈতৃক জমি রয়েছে। পাউবো সিএস নকশা না দেখেই ব্যক্তিমালিকানাধীন জমি খনন করেছে, জমি অধিগ্রহণও করেনি। ফলে সেখানে এখন জমির মালিকেরা বেড়িবাঁধ দিয়ে পুকুর তৈরি করে মাছ চাষ করছেন এবং ভবন তৈরি করছেন। নদীর জমির মালিকানা জটিলতা নিয়ে বেশ কিছু মামলাও চলমান। স্থানীয় ব্যক্তিদের ভাষ্য, এভাবে দখল কর্মকাণ্ড ও মাটি কেটে নিয়ে যাওয়ার ফলে বর্ষা মৌসুমে নদীর পানি লোকালয়ে ঢুকে উপজেলা শহর প্লাবিত হবে। আশপাশের ফসলের ক্ষতি হবে। একপর্যায়ে বুড়িতিস্তা আগের মতো মরা খালে পরিণত হবে।

পাউবোর কুড়িগ্রাম কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুনের বক্তব্য থেকে আমরা জানতে পারছি, নদীতে কোনো ব্যক্তিমালিকানাধীন জমি থাকলে সেগুলো অধিগ্রহণের পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু এর জন্য মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া যায়নি।

জমি নিয়ে জটিলতা নিষ্পত্তি না করে কেন বুড়িতিস্তা পুনঃখনন করা হলো, সেটিই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এখন স্থানীয় প্রশাসন ও পাউবো দখলদারকে কি উচ্ছেদ করতে পারবে? জমি মালিকানা নিষ্পত্তি নিয়ে আদালতের সিদ্ধান্ত না আসার আগেই কীভাবে নদী দখল কর্মকাণ্ড চলে? আমরা চাই, বুড়িতিস্তাকে দখলমুক্ত রাখতে কার্যকর ব্যবস্থাই নেওয়া হবে।