সম্পাদকীয়
সম্পাদকীয়

চট্টগ্রামে চিকিৎসাযন্ত্র নষ্ট

সাড়ে ২৯ কোটি টাকা এভাবে পানিতে যাবে

দেশে সর্বজনীন চিকিৎসাব্যবস্থা চালু আছে। তার মানে একজন নাগরিক সরকারি হাসপাতালগুলোতে গেলে কম খরচে এমনকি ক্ষেত্রবিশেষে বিনা মূল্যে চিকিৎসা পাবেন। কিন্তু সেই চিকিৎসাব্যবস্থার এত ফাঁকফোকর, তাতেই মানুষকে ছুটতে হয় বেসরকারি ব্যবস্থার দিকে।

সরকারি হাসপাতালগুলোতে সব ধরনের দামি দামি যন্ত্রপাতি ঠিকই আছে, কিন্তু অনেক জায়গায় দেখা যায়, হয় সেগুলো বাক্সবন্দী কিংবা নষ্ট বা অকেজো। যেমনটি আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম নগরের বড় দুটি সরকারি হাসপাতালের ক্ষেত্রে। সেখানে সাড়ে ২৯ কোটি টাকা দামের গুরুত্বপূর্ণ চারটি চিকিৎসাযন্ত্র এক থেকে চার বছর ধরে নষ্ট হয়ে আছে। সেগুলো মেরামতের জন্য আন্তরিক প্রচেষ্টাও আমরা দেখি না। বিষয়টি খুবই দুঃখজনক।

সরকারি হাসপাতাল দুটি হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতাল। এ দুই হাসপাতালে নষ্ট হয়ে পড়ে আছে ১৯ কোটি ৭৯ লাখ টাকা মূল্যের দুটি এমআরআই (ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং), ক্যানসার চিকিৎসায় অপরিহার্য সাড়ে ৬ কোটি টাকা দামের ব্র্যাকিথেরাপি যন্ত্র এবং ৩ কোটি ১৭ লাখ টাকার হৃদ্‌রোগীদের রক্তনালিতে ব্লক শনাক্তকারী ও স্টেন্ট লাগানোর জন্য ব্যবহৃত ক্যাথল্যাব।

চট্টগ্রাম জেলার মানুষের চিকিৎসাসেবার ভরসার জায়গা এ দুটি হাসপাতাল। চিকিৎসা নিতে আসা ব্যক্তিদেরও বেশির ভাগ স্বল্প ও মধ্যম আয়ের। প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, এ দুই হাসপাতালে অন্তর্বিভাগ ও বহির্বিভাগ মিলে প্রতিদিন রোগী থাকে ৯ হাজারের মতো।

যন্ত্রগুলো নষ্ট থাকায় বিপুলসংখ্যক রোগী বাধ্য হয়ে বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের সেবা নিচ্ছেন। এর ফলে তাঁদের চিকিৎসার বাড়তি ব্যয় বহন করতে হচ্ছে, যা সরকারি হাসপাতাল থেকে কয়েক গুণ বেশি।

চিকিৎসাযন্ত্রগুলো মেরামতের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে ২০ বার পর্যন্ত চিঠি চালাচালি হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। এ যন্ত্রগুলো মেরামতের জন্য হয়তো কয়েক কোটি টাকা খরচ হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কি এতটাই অভাবে পড়েছে যে এত দামি দামি যন্ত্রগুলো মেরামত করতে পারছে না?

চিঠি চালাচালি থেকেই বোঝা যাচ্ছে, এখানে সদিচ্ছার বড় অভাব। আরও একটি প্রশ্ন, এমআরই যন্ত্র কীভাবে মাত্র চার বছরে নষ্ট হয়ে যায়, যেখানে সেখানকার বেসরকারি হাসপাতালে এমন যন্ত্র ১০ বছর ধরে সচল থাকে। এখানে হাসপাতাল দুটির কর্তৃপক্ষ কোনোভাবেই দায় এড়াতে পারে না।

আর কতবার চিঠি-চালাচালির পর এ যন্ত্রগুলো মেরামত করা হবে? যেখানে সরকার ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার নীতি গ্রহণ করেছে, সেখানে এমন চিঠি-চালাচালি তো প্রশাসনিক কার্যক্রমে একধরনের স্থবিরতাকেই প্রকাশ করে। আমরা চাই এই স্থবিরতার বেড়াজাল থেকে বের হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় যন্ত্রগুলো মেরামতের জন্য দ্রুত পদক্ষেপ নেবে।