সম্পাদকীয়
সম্পাদকীয়

ডিজিটাল নিরাপত্তা আইন

সংশোধন নয়, বাতিল করা হোক

সংবাদমাধ্যমের স্বাধীনতার বৈশ্বিক সূচকে বাংলাদেশের আরও পিছিয়ে যাওয়ার সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনের নিগূঢ় সম্পর্ক আছে। ২০১৮ সালে আইনটি জারি হওয়ার পর থেকে বাংলাদেশ সংবাদমাধ্যমের স্বাধীনতার সূচকে ক্রমেই পিছিয়ে যাচ্ছে।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের অবস্থান ১৮০টি দেশের মধ্যে ১৬৩। গত বছর ছিল ১৬২। প্রাপ্ত নম্বর ৩৫ দশমিক ৩১ শতাংশ, যা গত বছর ছিল ৩৬ দশমিক ৬৩ শতাংশ।

শুধু আরএসএফ নয়, দেশি-বিদেশি প্রায় সব প্রতিবেদনেই বাংলাদেশের সংবাদমাধ্যমের স্বাধীনতার উদ্বেগজনক তথ্য বেরিয়ে এসেছে। শুরু থেকেই সংবাদমাধ্যমের অংশীজনেরা ডিজিটাল নিরাপত্তা আইনের বিপদ সম্পর্কে বলে আসছিলেন, যদিও সরকারের নীতিনির্ধারকেরা তা মোটেই আমলে নেননি।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের দপ্তর থেকে আইনের দুটি ধারা বাতিল ও ৮টি ধারা সংশোধন করার আহ্বান জানানোর পরই তাদের হুঁশ হয় এবং মন্ত্রীরা আইনটির অপব্যবহার নিয়ে মাঝেমধ্যে কথা বলেন।

এবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের এক আলোচনা সভায় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আইনটি সংশোধনের উদ্দেশ্যে একটি কমিটি গঠিত হয়েছে। কমিটিতে আইন মন্ত্রণালয়ের সংসদ বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইসিটি বিভাগের কর্মকর্তারা থাকলেও সংবাদমাধ্যমের কোনো প্রতিনিধি রাখা হয়নি।

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হবে না—এ ঘোষণা দিয়ে আইনমন্ত্রী বলেছেন, সেপ্টেম্বরের মধ্যে সংশোধনের চেষ্টা করা হবে। তাদের এই চেষ্টা কতটা সফল হবে, সে বিষয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ আছে। প্রথম আলোর সম্পাদক ও প্রতিবেদকের বিরুদ্ধে মামলার বিষয়ে আইনমন্ত্রী যা বলেছেন, তা–ও সত্য নয়। প্রথম আলোর প্রতিবেদনে স্বাধীনতা দিবসে সাত বছরের শিশুর মুখ দিয়ে চাল–ডালের দাম নিয়ে কিছু বলানো হয়নি।

ওই প্রতিবেদনে প্রথম আলো একজন দিনমজুরের বক্তব্য তুলে ধরেছে, যাতে কোনো ভুল ছিল না। তারপরও প্রথম আলোর প্রতিবেদককে রাত তিনটায় বাড়ি থেকে সিআইডি পরিচয়ে কিছু লোক তুলে নিয়ে যায় এবং পরে তাঁর বিরুদ্ধে দুটি মামলা করা হয়, যার একটিতে প্রথম আলোর সম্পাদককেও আসামি করা হয়েছে। তাঁরা দুজনই এখন জামিনে আছেন।

প্রথম আলোর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা নিয়ে একেক মন্ত্রী একেক কথা বলছেন, যা সত্যের অপলাপ ছাড়া কিছু নয়। ডিজিটাল কিংবা কোনো মাধ্যমেই কোনো অপরাধ সংঘটিত না হওয়া সত্ত্বেও প্রথম আলোর বিরুদ্ধে মামলা প্রমাণ করে, সাংবাদিকেরা কী অন্যায়ভাবে আইনটির অপব্যবহারের শিকার।

সরকারের পক্ষ থেকে দাবি করা হয় যে সাংবাদিকদের হয়রানি বা নাজেহাল করতে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়নি। এটি করা হয়েছে ডিজিটাল মাধ্যমে অপরাধ রোধ করতে। সেটাই যদি হবে, তাহলে মোট মামলার ২৭ দশমিক ৪১ শতাংশ কেন সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা হলো? ২০১৮ সালের অক্টোবরে আইনটি জারি হওয়ার পর থেকে চলতি বছর ১১ এপ্রিল পর্যন্ত মোট মামলা হয়েছে ১ হাজার ২৯৫টি। সংখ্যার বিচারে সর্বোচ্চসংখ্যক রাজনীতিক আসামি হয়েছেন ৪০৩ জন, এরপর যথাক্রমে সাংবাদিক ৩৫৫ এবং শিক্ষার্থী ১১৮ জন। (সূত্র: প্রথম আলো, ১ মে ২০২৩)

এ অবস্থায় আইনটি নামকাওয়াস্তে সংশোধন করলে সাংবাদিকতার স্বাধীনতা কিংবা নাগরিকদের মানবাধিকার সুরক্ষা হবে, এটা বিশ্বাস করা কঠিন। সংবাদমাধ্যমবিশেষজ্ঞদের সঙ্গে সুর মিলিয়ে আমরাও বলতে চাই, সরকার যদি সাংবাদিকতাকে অপরাধ হিসেবে গণ্য না করে (কোনো সভ্য দেশেই সেটা হতে পারে না), তাহলে তাদের উচিত হবে ডিজিটাল নিরাপত্তা আইনটি পুরোপুরি বাতিল করা। অন্তত এই আইনের খড়্গ থেকে সাংবাদিক ও সাংবাদিকতাকে মুক্ত রাখা হোক।