সম্পাদকীয়
সম্পাদকীয়

বেহাল ব্যাংকিং খাত

ঋণখেলাপিদের আর কত ছাড় দেবে সরকার

দেশবাসীর প্রত্যাশা ছিল বর্তমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকার ব্যাংকিং খাতে গতি ফিরিয়ে আনতে ঋণখেলাপিদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেবে। কিন্তু নীতিনির্ধারকেরা সেই পথে না গিয়ে খেলাপি ঋণের পরিমাণ কম দেখিয়ে সবাইকে কাগুজে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।

অন্যদিকে আর্থিক সংস্থান না করেই সরকার যে বিশাল অঙ্কের বাজেট করেছে, তার জন্য ভঙ্গুর ব্যাংকিং খাতের ওপরই নির্ভর করতে হবে। সরকার ব্যাংকগুলো থেকে বাজেট–ঘাটতি মেটানোর চেষ্টা করলে বেসরকারি খাত ঋণ থেকে বঞ্চিত হবে। ব্যবসায়ীদের পক্ষ থেকে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার যে গালভরা প্রতিশ্রুতি দিয়েছিল, বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। বরং গত ১৫ বছরে বেসরকারি ব্যাংকমালিক ও ঋণখেলাপিদের একের পর এক অন্যায্য সুবিধা দেওয়া হয়েছে। ছাড় দেওয়া হয়েছে। ২০১৫ সালে ঋণ পুনর্গঠনের নামে দেওয়া হয় বিশেষ সুবিধা। ঋণ অবলোপনের ক্ষেত্রেও দেওয়া হয় বিশেষ ছাড়। ফলে বাংলাদেশ ব্যাংকের হিসাবে খেলাপি ঋণ ১ লাখ ৮২ হাজার কোটি টাকা বলা হলেও প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ আরও অনেক বেশি।

১৩ জুলাই রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘বাংলাদেশে ব্যাংকিং খাতে দুরবস্থার কারণ’ শীর্ষক আলোচনায় ব্যাংকিং খাতের বেহাল চিত্রই উঠে এসেছে। অর্থনীতিবিদ ও সাংবাদিকেরা ব্যাংকিং খাতের এই অবস্থার জন্য সরকারের ভুল নীতিকেই দায়ী করেছেন।

আলোচনা সভায় পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেছেন, ‘বাংলাদেশ ব্যাংকের তথ্যে খেলাপি ঋণ দেখানো হচ্ছে ১১ শতাংশ। বাস্তবে খেলাপি বা মন্দ ঋণ ২৫ শতাংশ। এভাবে আর্থিক খাত বেশি দিন চলতে পারে না। তদারকির অভাবে আমাদের মুদ্রাবাজার হাতছাড়া হয়েছে, মূল্যস্ফীতিও হাতের নাগালের বাইরে চলে গেছে।’

ঋণ আদায় না করেই ঋণের সুদকে আয় দেখিয়ে মুনাফা দেখানোকে আহসান এইচ মনসুর ‘ঘরের থালাবাটি বেচে কোরমা-পোলাও খাওয়া’র সঙ্গে তুলনা করেছেন।

যেকোনো খাতের সমস্যা চিহ্নিত করা এবং সমাধানের জন্য সঠিক তথ্য-উপাত্ত প্রয়োজন। কিন্তু ব্যাংকিংসহ আমাদের অর্থনীতির অনেক খাতেই তথ্যের গরমিল বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক বছরগুলোয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রপ্তানির যে হিসাব দিয়েছে, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) তার চেয়ে অনেক বেশি রপ্তানি দেখিয়েছে। ইপিবির তথ্যের ভিত্তিতে সরকারের নেওয়া পদক্ষেপগুলোও ভুল প্রমাণিত হয়েছে।

একই ঘটনা ঘটেছে খেলাপি ঋণের বেলায়। খেলাপি ঋণ নিয়ে যখন সব মহলে সমালোচনার ঝড় বইছে, সরকার নানা কৌশলে খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে দেখাল। এ ধরনের ভুল তথ্য কেবল ব্যাংকিং খাত নয়, সার্বিক অর্থনীতির জন্যও ভুল বার্তা দেবে। এমনকি বৈদেশিক বাণিজ্যেও নেতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন।

প্রশ্ন হলো, সরকার কি গুটিকয় ঋণখেলাপিকে রক্ষা করতে গিয়ে ব্যাংকিং খাতকে মহাবিপর্যয়ের মধ্যে ঠেলে দেবে? যদি সেটা না দেয়, তাহলে ঋণের প্রকৃত তথ্যই দেশবাসীকে জানাতে হবে। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২০২৪–২০২৫ অর্থবছরের বাজেট পেশকালে খেলাপি ঋণ ১০ শতাংশে নামিয়ে আনার ওয়াদা করেছিলেন।

এর আগে বাংলাদেশ ব্যাংকও ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটি পথনকশা তৈরি করেছিল। মন্দ ব্যাংককে ভালো ব্যাংকের সঙ্গে একীভূত করার উদ্যোগ নিয়েছিল। এখন পর্যন্ত কোনোটার সুফল দেশবাসী পানি। তবে বাংলাদেশ ব্যাংক যদি সত্যি সত্যি খেলাপি ঋণ কমিয়ে আনতে চায়, ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেই হবে।

‘ঘরের থালাবাটি বেচে কোরমা-পোলাও খাওয়া’ থেকে বিরত থাকুন।