সম্পাদকীয়
সম্পাদকীয়

মাতৃস্বাস্থ্যসেবা

বরাদ্দ বাড়ান, টেকসই কর্মসূচি নিন

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) তথ্য অনুযায়ী বাংলাদেশে মাতৃমৃত্যুর হার কমেছে—এটা স্বস্তির কথা হলেও লক্ষ্যমাত্রা থেকে আমরা অনেক পিছিয়ে আছি। মাতৃমৃত্যুর হার প্রতি লাখে ১২৩ জন। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা বা এসডিজি হলো ২০৩০ সালের মধ্যে এ সংখ্যা ৭০ বা তার নিচে নামিয়ে আনতে হবে।

সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত এক সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেছেন, মাতৃস্বাস্থ্যসেবা নিরাপদ ও সম্মানজনক হওয়া দরকার। এখানে বলা দরকার, নিরাপদ ও সম্মানজনক মাতৃস্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যে অবকাঠামো ও লোকবল দরকার, তা দেশে নেই। এখনো প্রায় অর্ধেক মা অপ্রশিক্ষিত ধাত্রীর সহায়তায় সন্তান প্রসব করেন, যা মা ও নবজাতক উভয়ের জন্য ঝুঁকিপূর্ণ।

আবার যাঁরা জেলা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকে সন্তান প্রসব করেন, সেখানেও প্রশিক্ষিত মিডওয়াইফ থাকেন না। এমনকি বড় বড় হাসপাতালেও মিডওয়াইফের ঘাটতি রয়েছে। সন্তান প্রসবের জন্য যে সুরক্ষা গোপনীয়তা দরকার, তা সরকারি-বেসরকারি অনেক হাসপাতালেই নেই। চিকিৎসকেরা যে নিরাপদ ও সম্মানজনক প্রসবের ওপর জোর দিয়েছেন, সেটি গুরুত্বের দাবি রাখে।

আরেকটি সমস্যা হলো অনেক বেসরকারি হাসপাতাল অধিক মুনাফা অর্জনের জন্য অপ্রয়োজনে অস্ত্রোপচার করে থাকে। বিএসএমএমইউর উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ বলেন, কোন প্রসব স্বাভাবিক হবে আর কোন প্রসবে অস্ত্রোপচার লাগবে, তার পরিষ্কার লক্ষণ থাকে।

প্রসবের জন্য নির্দিষ্ট চিকিৎসাবিধি (প্রটোকল) আছে। লক্ষণ দেখে চিকিৎসাবিধি মানলে দেশে অস্ত্রোপচারে শিশুর জন্ম কমবে। স্বাভাবিক প্রসব নিয়ে বা অন্য চিকিৎসা বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দেওয়া ঠিক নয় বলেও মন্তব্য করেন এই চিকিৎসক।

সেমিনারে অন্তঃসত্ত্বা নারীদের প্রসবপূর্ব সেবা পাওয়ার হার কমার তথ্য উঠে এসেছে। ২০১৭-১৮ সালে ৪৬ শতাংশ অন্তঃসত্ত্বা এই সেবা পেতেন, সেখানে ২০২২ সালে পেয়েছেন ৪১ শতাংশ। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, অর্ধেক মা-ই প্রসবপূর্ব সেবা পাচ্ছেন না।

এর কারণ যোগাযোগব্যবস্থার অপ্রতুলতা ও দারিদ্র্য। দরিদ্র পরিবারের মায়েরা যে প্রসবপূর্ব সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, তা-ই নয়, সন্তান গর্ভে থাকার সময় তাঁরা পুষ্টিকর খাবারও পাচ্ছেন না। গর্ভধারণকালে কোনো জটিলতা দেখা দিলে মা ও সন্তানের স্বাস্থ্যও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এই ঝুঁকি আরও বেড়ে যায় বাল্য বয়সে গর্ভধারণ করলে। এখনো বাংলাদেশে ৫১ শতাংশ নারীর ১৮ বছর বয়সের আগে বিয়ে হয়ে যায়।

গত জুন মাসে প্রথম আলোর গোলটেবিল বৈঠকেও মাতৃস্বাস্থ্যসেবায় সরকারি বাজেট বাড়ানো, সর্বস্তরে মাতৃস্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর তত্ত্বাবধানের প্রক্রিয়া জোরদার করা, প্রশিক্ষিত মিডওয়াইফ তৈরি, অন্তঃসত্ত্বা মায়ের রেজিস্ট্রেশন, গর্ভকালীন সেবা ও ভাতার ব্যবস্থার ওপর জোর দেওয়া হয়েছিল। সরকার এসব সুপারিশ ও পরামর্শ কতটা আমলে নেয়, তা নিয়েও প্রশ্ন আছে।

১৯৯৭ সাল থেকে বাংলাদেশে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়ে আসছে। এর অর্থ সমস্যাটির প্রতি সরকারের দৃষ্টি আছে। সংশ্লিষ্ট বিভাগ নিরাপদ মাতৃত্ব দিবসে জনসচেতনতামূলক কিছু কাজও করে।

কিন্তু নিরাপদ মাতৃত্বের জন্য এটাই কি যথেষ্ট? অন্যান্য স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশেও দরিদ্র পরিবারের মায়েরা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। সে ক্ষেত্রে তাদের সহায়তায় আলাদা কর্মসূচি নেওয়া যেতে পারে। এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন কিংবা এর কাছাকাছি যেতে হলেও মাতৃস্বাস্থ্যসেবায় বরাদ্দ বাড়ানো ও টেকসই কর্মসূচির বিকল্প নেই।