সম্পাদকীয়
সম্পাদকীয়

ডিএসএতে ফের মামলা

কণ্ঠরোধের হাতিয়ার আইনটি বাতিল করা হোক

অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের জের ধরে বেসরকারি টিভি চ্যানেল আরটিভির নিজস্ব প্রতিবেদক অধরা ইয়াসমিনসহ দুজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার খবরটি অত্যন্ত উদ্বেগজনক। নিবর্তনমূলক আইনটি ব্যবহার করে স্বার্থান্বেষী মহল যে নিজেদের অপরাধ ঢাকতে এবং সাংবাদিকের কণ্ঠ রোধ করতে সচেষ্ট, এই মামলা তার অন্যতম উদাহরণ মাত্র।

প্রথমেই প্রশ্ন আসে ঢাকার ঘটনায় চট্টগ্রামে মামলা হলো কেন? আরটিভিতে প্রচারিত প্রতিবেদনে ঢাকার রাজারবাগের পীর দিল্লুর রহমান ও তাঁর সহযোগীদের নানা অপকর্ম তুলে ধরা হয়েছিল। এতে তথ্যগত কোনো ভুল থাকলে তিনি প্রতিবাদ করতে পারতেন। সেটি না করে অপর এক ব্যক্তিকে দিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৪, ২৫ ও ২৯ ধারায় মামলা করা হয়েছে।

চট্টগ্রামে সাংবাদিকেরা জানিয়েছেন, প্রতি মাসেই সাংবাদিকদের বিরুদ্ধে এই আইনে দুই থেকে তিনটি মামলা হয়। রাজারবাগ পীরের নানা কর্মকাণ্ড নিয়ে আগেও প্রতিবেদন হয়েছে। পীরের বিরুদ্ধে জাতীয় মানবাধিকার কমিশন ও দুর্নীতি দমন কমিশনে যেসব অভিযোগ এসেছে, তার ভিত্তিতেই আরটিভি প্রতিবেদন করেছে। 

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলে বেশির ভাগ ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হয়ে যান। চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে নির্দেশ দেওয়ায় অধরা ইয়াসমিন গ্রেপ্তার এড়াতে পেরেছেন। তবে তাতে হয়রানি বন্ধ হয়নি।

চট্টগ্রামে মামলা হলেও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে নোয়াখালী সিআইডিকে। গত মার্চ মাসে একটি প্রতিবেদনকে কেন্দ্র করে প্রথম আলোর সাভার প্রতিনিধি শামসুজ্জামানকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর এই আইনে মামলা দেওয়া হয়। বর্তমানে তিনি জামিনে মুক্ত আছেন। একই মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকেও আসামি করা হয়েছে এবং তাঁকেও আদালত থেকে জামিন নিতে হয়েছে।

অধরা ইয়াসমিনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড়ে ‘আমরা গণমাধ্যমকর্মী’র ব্যানারে মানববন্ধন করেছে সাংবাদিক সমাজ। সেখানে সাংবাদিক নেতারা বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে গণমাধ্যম ও মতপ্রকাশের ক্ষেত্রে আতঙ্ক তৈরি করা হচ্ছে। তাঁরা প্রশ্ন তুলেছেন, রাজারবাগের পীর ও তাঁর মুরিদদের নানা অপকর্মের সংবাদ সামনে এলেও কেন তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না?

অধরা ইয়াসমিনের বিরুদ্ধে চলমান তদন্ত বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। সংস্থাটি সাংবাদিকদের ভয়ভীতি দেখাতে ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার বন্ধেরও আহ্বান জানিয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, ডিজিটাল মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণের জন্যই ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে। কিন্তু এটি নাগরিকদের অধিকার সুরক্ষা দিতে পারেনি। বরং ভিন্নমত প্রকাশ ও সাংবাদিকদের বিরুদ্ধে যথেচ্ছ ব্যবহার করা হচ্ছে। আইনমন্ত্রী আনিসুল হক নিজেও বলেছেন আইনটির অপব্যবহার হচ্ছে। তিনি এই অপব্যবহার রোধে আইনটি আগামী সেপ্টেম্বরের মধ্যে সংশোধন করা হবে বলে জানিয়েছেন।

কিন্তু প্রস্তাবিত সেই সংশোধনীতে কী আছে, তা অংশীজন হিসেবে সাংবাদিকদের জানার অধিকার আছে। ২০১৮ সালের আইনটি প্রণয়নের সময়ও সাংবাদিক সমাজ প্রতিবাদ করেছিল, যা আমলে নেওয়া হয়নি। সংশোধনীতেও সে রকম চাতুরীর আশ্রয় নেওয়া হলে সাংবাদিকেরা মানবেন না।

আমরা মনে করি, আইনটি সংশোধন নয়; পুরোপুরি বাতিল করতে হবে। অন্তত মন্ত্রীর প্রতিশ্রুত সংশোধন না হওয়া পর্যন্ত এর কার্যকারিতা স্থগিত করা হোক। এই আইনে যাঁরা আটক আছেন, তাঁদের অবিলম্বে মুক্তি দেওয়া হোক।