সংকটে মাধ্যমিক শিক্ষা

শিক্ষকের শূন্য পদ পূরণ করা হোক

আমাদের শিক্ষাব্যবস্থার সব স্তরেই কমবেশি সমস্যা আছে। তবে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকসংকটের বিষয়টি প্রকট। প্রথম আলোর প্রতিবেদনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকসংকটের যে চিত্র উঠে এসেছে, তাতে দেখা যায়, অনেক বিদ্যালয়ে প্রয়োজনের অর্ধেকের কম শিক্ষক দিয়ে চালানো হচ্ছে। 

২০১০ সালের জাতীয় শিক্ষানীতি অনুযায়ী, মাধ্যমিকে গড়ে প্রতি ৩০ শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক থাকার কথা। কিন্তু বর্তমানে গড়ে ৩৮ শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক আছেন। সরকারি মাধ্যমিকে এটি বেড়ে দাঁড়িয়েছে প্রতি ৫২ শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্য অনুযায়ী, সারা দেশে ২০ হাজার ৯৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ মিলিয়ে) মাধ্যমিক স্তরে পড়ানো হয়। এর মধ্যে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ৬৮৪টি। সরকারি-বেসরকারি মিলিয়ে মাধ্যমিকে মোট শিক্ষার্থী ১ কোটি ১ লাখ ৯০ হাজার ২২ জন। মোট শিক্ষক আছেন ২ লাখ ৬৬ হাজার ৫৬৮ জন। মাউশির সূত্রমতে, বর্তমানে সহকারী শিক্ষকদের ১ হাজার ৮১৭টি পদ শূন্য। শূন্য আছে শিক্ষা কর্মকর্তাদের উল্লেখযোগ্য পদও। মাউশির অধীন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৮০ শতাংশের বেশি মাধ্যমিক স্তরের হওয়া সত্ত্বেও শিক্ষার নীতিনির্ধারণে মাধ্যমিক শিক্ষকদের ভূমিকা গৌণ। বেশির ভাগ ক্ষেত্রে ওপর থেকে চাপিয়ে দেওয়া সিদ্ধান্তই কার্যকর হয়।

সব মিলিয়ে মাধ্যমিক স্তরের শিক্ষায় হযবরল অবস্থা চলছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। প্রয়োজনীয় শিক্ষক না থাকলে তাদের পাঠদান করবেন কে? শিক্ষকসংকটের বিষয়টি জেনেও মাউশির পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়া দুর্ভাগ্যজনক। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহাব উদ্দীন মাহমুদ প্রথম আলোকে বলেন, মাধ্যমিক শিক্ষার সমস্যাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তথা সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে সময়মতো তুলে ধরা ও সমাধানের দায়িত্ব মাউশির। তবে উভয় শাখা (কলেজ ও মাধ্যমিক) একত্রে থাকায় বিশাল কর্মযজ্ঞ চালাতে গিয়ে মাউশির কাজের চাপ অনেক বেশি। যদিও নীতিনির্ধারকদের কেউ কেউ আলাদা অধিদপ্তর না করার পক্ষে নানা যুক্তি দিয়ে থাকেন। তাহলে দেশের অগ্রগণ্য শিক্ষাবিদেরা শিক্ষানীতিতে যে আলাদা অধিদপ্তর করার প্রস্তাব করেছিলেন, তা কি অবাস্তব ছিল? 

সমস্যা আছে শিক্ষকদের পদোন্নতির ক্ষেত্রেও। সরকারি মাধ্যমিক শিক্ষকদের বেশির ভাগই ৩০ থেকে ৩৫ বছর ধরে একই পদে চাকরি করে পদোন্নতি ছাড়াই অবসরে যেতেন। ২০১৮ সালে ‘সিনিয়র শিক্ষক’ নামে নবম গ্রেডের পদ সৃষ্টি করা হয় এবং এই পদে ২০২১ সালের জুনে পদোন্নতি দেওয়া হয়। কিন্তু পরবর্তী পদোন্নতিযোগ্য ‘সহকারী প্রধান শিক্ষক ও সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা’ পদে পদোন্নতির জন্য বিসিএস নিয়োগ বিধিমালা সংশোধন না করায় বাস্তবায়ন আটকে আছে।

মাধ্যমিক শিক্ষকদের অভিযোগ, মাউশির অধীন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৮০ শতাংশের বেশি মাধ্যমিক স্তরের। অথচ সেখানে নীতিনির্ধারণী পর্যায়ে তাঁদের তেমন ভূমিকা নেই। শিক্ষকদের অগ্রাহ্য করে শিক্ষার উন্নয়ন সম্ভব নয়। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে যেসব শিক্ষক পদ শূন্য আছে, অগ্রাধিকারের ভিত্তিতে সেগুলো পূরণ করা হোক। শিক্ষা বিভাগের কর্মকর্তাদের মনে রাখতে হবে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় ও উপযুক্ত শিক্ষক নিয়োগ না করা হলে কোচিং–বাণিজ্য চলতে থাকবে। শিক্ষার মানের অবনতিও ঠেকানো যাবে না।