ভৌগোলিক বিবেচনায় কিশোরগঞ্জের ভৈরব ছোট শহর। আকারে ছোট হলেও অর্থনৈতিকভাবে জনপদটি সব সময় গতিশীল। এখানে কখনো কখনো শিল্পসংস্কৃতির চর্চা বাধাগ্রস্ত হয়েছে, তবে থেমে যায়নি। চলতি বছরের প্রথম ছয় মাসে ভৈরবের মঞ্চে ১৪টি নাটক মঞ্চস্থ হয়েছে। এর মধ্যে ঢাকার নামীদামি নাট্যসংগঠনের চারটি, সিলেটের একটি ও ভারতের ত্রিপুরার একটি। বাকি আটটি ছিল স্থানীয় প্রযোজনা। দীর্ঘ ১৩ বছর পর ভৈরবে হয়ে গেল পাঁচ দিনব্যাপী বাংলাদেশ-ভারত মৈত্রী নাট্যোৎসব। এর আয়োজন করে নিবেদিতা নাট্যাঙ্গন। ভৈরবের নাট্যচর্চার নানা দিক নিয়ে প্রথম আলো কথা বলে সংগঠনের সাধারণ সম্পাদক খাইরুল ইসলামের সঙ্গে।

আপনাদের নাট্যোৎসব মঞ্চে এসেছে পাঁচটি নাটক। চারটি ভৈরবের বাইরের, একটি দেশের বাইরের ভারতের ত্রিপুরার। দেশের মধ্যে নামকরা সংগঠন ‘আরণ্যক নাট্যদল’ ও ‘সময়’ ছিল। নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদের পা পড়েছে এখানকার মঞ্চে। সব মিলিয়ে অনুভূতি কেমন?
খাইরুল ইসলাম: এখন পর্যন্ত সুখ–জাগানিয়া অনুভূতি নিয়ে আছি। প্রচণ্ড দাবদাহের মধ্যে উৎসবটা হয়। দর্শকের সাড়া নিয়ে ভয় ছিল। প্রতিদিন তৃপ্তি নিয়ে মিলনায়তন ছেড়েছেন দর্শক।
এই উৎসবের আগে আরেকটি উৎসব হয় ২০১০ সালে। মাঝে এক যুগের বিরতি। পরবর্তী উৎসবের অপেক্ষার সময় এত দীর্ঘ হলো কেন?
খাইরুল ইসলাম: ২০১০ সালের আগে ২০০৭ ও ২০০৮ সালে আরও দুটি উৎসব হয়। এর আগে অন্য সংগঠনের ব্যানারেও উৎসব হয়। দুঃখজনক হলো, ২০১০ সালের পর ভৈরবের নাট্যাঙ্গন ঝিমিয়ে পড়তে থাকে। নিবেদিতা নাট্যাঙ্গনেও ভাটা পড়তে শুরু হয়। এতে নাটকের সঙ্গে সংশ্লিষ্টদের দূরত্ব বাড়ে। নাটকের লোকজন একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সংস্কৃতিচর্চার থেকে মুখ ফিরিয়ে রাজনীতির খাতায় নাম লেখানোটা যেন তরুণদের বেশি পছন্দ। বিশেষ করে নাটকে মানুষের সহযোগিতাও কমে যায়। ফলে উৎসবের মতো বড় আয়োজন করার সাহস হারায়। লম্বা বিরতির কারণ মূলত এসব।
লম্বা বিরতির পর নতুন করে সংগঠিত হওয়ার গল্পটা কী?
খাইরুল ইসলাম: ভৈরবে একসময় মঞ্চনাটকের পাশাপাশি প্রচুর পথনাটক হতো। এখন মানুষ পথনাটক ভুলে গেছে। অনেকগুলো শিশু সংগঠন সক্রিয় ছিল। এখন একটি বা দুটি ছাড়া আর নেই। নাট্যসংগঠন ছিল তিনটি। তা–ও নেই। সংগীত বিদ্যালয়ও কমে দুটিতে এসেছে। দুটি আবৃত্তি সংগঠনের একটিও সক্রিয় নেই। এ অবস্থায় সাংস্কৃতিক বিভিন্ন ধারায় সাংগঠনিকভাবে চর্চার সুযোগ কমে যায়। বিপরীতে বাড়ে সামাজিক অপরাধ, মাদকাসক্তি, ছিনতাই। আর এখনকার তারুণ্যের বড় অংশের দিনের বেশির ভাগ সময় যায় প্রযুক্তির নানা দিক ব্যবহার করে। এ অবস্থায় সামাজিক অবক্ষয়ের ক্ষতটা বড় হচ্ছিল। ফলে আমাদের মনে হয়েছে অন্তত নাট্যচর্চায় ফেরা উচিত। সেই থেকে ২০১৭ সালে আবার সংগঠিত হই এবং ভালোভাবেই মঞ্চে ফিরে আসি।
সময়টা এখন আর খুব বেশি মঞ্চনাটকের অনুকূলে নেই। বিশেষ করে একসময় গ্রাম ও মফস্সল শহরে বিনোদনের বড় একটি মাধ্যম ছিল মঞ্চনাটক। মঞ্চ নাটক না থাকলে ক্ষতিটা কী?
খাইরুল ইসলাম: বড় ক্ষতি। এই ক্ষতি দৃশ্যমান। আগেই বলেছি, আমাদের তারুণ্য দিন দিন ভয়ের কারণ হয়ে উঠছে। বড় একটি অংশ প্রযুক্তির নানা দিক ব্যবহারে সময় নষ্ট করছে। একটি অংশ অপরাধে জড়িয়ে পড়েছে। আমাদের আচরণ রূঢ় হয়ে উঠছে। সবই সাংস্কৃতিক চর্চাহীনতার দিক। নাটক মানুষকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখায়। ভেঙে পড়া মানুষকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখায়। এখন একটি জনপদে যদি নাটক না থাকে, তাহলে সংকট দিন দিন বড় হবে।
ভৈরবে মঞ্চনাটক নিয়ে কাজ করার প্রতিবন্ধকতা আছে?
খাইরুল ইসলাম: ভৈরবে নাটকসহায়ক মঞ্চ নেই। নেই মুক্তমঞ্চ। নাটক করার জন্য এখনো ভৈরবের একুশে বইমেলার জন্য অপেক্ষা করতে হয়। কারণ, বইমেলার মঞ্চটি নাটকের জন্য আস্থার ও সহায়ক মঞ্চ হয়ে থাকে। এ ছাড়া থিয়েটারকর্মীদের মধ্যে মনের মিল কমে যাওয়া এবং একে অপরকে সহযোগিতা না করার মানসিকতা বড় প্রতিবন্ধকতা। উপজেলা পর্যায়ে নাটকে সরকারি আর্থিক সহযোগিতা না পাওয়া নাট্যচর্চাকে কঠিন করে তুলছে।
পাঁচ দিনের উৎসবের ইতিবাচক প্রভাব কী হতে পারে?
খাইরুল ইসলাম: মাঝে ভৈরবের নাটকের ভালো দর্শক ছিল না। লম্বা সময় কেবল ভৈরবে একুশে বইমেলার মঞ্চে নাটক হতো। অন্যান্য অনুষ্ঠানের সময় মাঠভর্তি দর্শক থাকলেও নাটক শুরু হলে ফাঁকা হয়ে যেত। লোকজন টেনে ধরে এনে বসাতে হতো। এই কয়েক বছরে আমরা দর্শক–সংকট কাটিয়ে উঠতে শুরু করেছি। এখন নাটকে রুচিশীল দর্শক সমাগম ঘটে। আর পাঁচ দিনের উৎসব ভৈরবে নাটকের আলাদা দর্শকশ্রেণি তৈরি করে দিয়েছে বলে আমার বিশ্বাস।