বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি, জাতীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের আজ ৮০তম জন্মদিন। এ উপলক্ষে প্রথম আলোর পক্ষ থেকে তাঁর এই সাক্ষাৎকার নেওয়া হয়। এতে তাঁর অতীত ও বর্তমান রাজনীতি ছাড়াও আগামী নির্বাচন এবং বিরোধী দলের আন্দোলনের প্রসঙ্গও এসেছে।
সাক্ষাৎকার নিয়েছেন সোহরাব হাসান ও এ কে এম জাকারিয়া
৮০তম জন্মদিনে আপনার অনুভূতি জানতে চাই।
রাশেদ খান মেনন: বেঁচে থাকা তো আনন্দের। আর সেই বেঁচে থাকার মধ্যে যদি সক্রিয়তা থাকে, সেটা আরও বেশি আনন্দের। সারা জীবন আমি মানুষের জন্য কাজ করেছি, সুখে-দুঃখে তাদের সঙ্গে থাকার চেষ্টা করেছি, জীবনে অনেক উত্থান-পতন গেছে, তারপরও মানুষের মধ্যে বেঁচে থাকার আনন্দ থেকে বঞ্চিত হইনি।
৮০তম জন্মদিনে এসে যদি জিজ্ঞেস করি আপনার জীবন সফল না ব্যর্থ? কী বলবেন?
রাশেদ খান মেনন: আমাদের সময়ে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটেছে; যাতে জীবনকে সার্থক মনে হয়। আমাদের জীবনের শ্রেষ্ঠ ঘটনা একাত্তরের মুক্তিযুদ্ধ। আমি সেই মুক্তিযুদ্ধের একজন সংগঠক ও অনুঘটকদের কাজ করেছি। ছাত্রজীবন থেকে আমরা যে লড়াই–সংগ্রাম করেছি, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন থেকে উনসত্তরের গণ-অভ্যুত্থান পর্যন্ত, তার লক্ষ্য ছিল একটা গণতান্ত্রিক মূল্যবোধ, চেতনা ও স্বাধীনতার আকাঙ্ক্ষা তৈরি করা। সেটা আমরা করতে পেরেছি। বাংলাদেশ আমলেও যখন বঙ্গবন্ধু দেশের দায়িত্ব নিলেন, আমরা অনেক আশা নিয়ে শুরু করেছিলাম। কিন্তু সেটা হয়নি। এ কারণে আমরা হতাশ হয়ে বসে থেকেছি, তা–ও নয়। বঙ্গবন্ধুর মতো বিশাল ব্যক্তিত্বের সামনে দাঁড়িয়েও আমরা আমাদের কথা বলেছি। সংবিধানের দ্বিতীয় ও চতুর্থ সংশোধনীর প্রতিবাদ করেছি। তিনি বাকশালে যোগদানের প্রস্তাব দিয়েছিলেন; আমরা রাজি হইনি। এরপর দেড় দশক ধরে জিয়াউর রহমান ও এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছি। এরশাদবিরোধী আন্দোলনে শুরু থেকে আমরা সক্রিয় ছিলাম এবং একটি গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে শেষ হয়। বিএনপি-জামায়াতের বিরুদ্ধেও আমরা আন্দোলন করেছি। আমাদের অবস্থান ছিল বিএনপি-জামায়াতকে আর নয়। যখন ২০০৪ সালের গ্রেনেড হামলা হলো, আমরা ১৪–দলীয় জোট করলাম; সফলও হলাম। আবার হতাশাও আছে। যে স্বপ্ন নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম, সে স্বপ্ন ভেঙে খানখান হয়ে গেছে। আমরা বিজয় অর্জন করি, কিন্তু সেই বিজয় ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। আমরা যেখানে একটি গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলাম, সেখানে সাম্প্রদায়িকতার বিস্তৃতি ঘটেছে।
স্বাধীনতার আগে আপনারা যে গণতান্ত্রিক মূল্যবোধ ও সমাজতান্ত্রিক ব্যবস্থা কায়েমের জন্য আন্দোলন করলেন, তা কতটা সফল হয়েছে?
রাশেদ খান মেনন: জাতীয় মুক্তির যে সংগ্রাম, সেটি তো সফল হয়েছে স্বাধীনতার মাধ্যমে। কিন্তু আমরা যে শ্রেণিবৈষম্যহীন সমাজ গড়তে চেয়েছিলাম, সেটি হয়নি। সোভিয়েত ইউনিয়নের পতন ঘটল। পরবর্তী প্রজন্মকে সেই নীতি–আদর্শে উদ্বুদ্ধ করতে পারিনি। পুঁজিবাদী ধারা প্রকট হয়ে দেখা দিয়েছে।
এরপর আপনারাও কি সেই ধারায় গা ভাসিয়েছিলেন?
রাশেদ খান মেনন: না, আমরা গা ভাসিয়ে দিইনি। এখনো আমরা কৃষক ও শ্রমিকদের অধিকার আদায়ের পক্ষে কথা বলি। সাধারণ মানুষের পক্ষে যে আন্দোলন-সংগ্রাম চলছে, তাতে সম্পৃক্ত থাকার চেষ্টা করি।
অতীত ছেড়ে বর্তমানে আসি। অনেকে মনে করেন, বর্তমানে নির্বাচন নিয়ে যে সংকট, তার শুরু ২০১৮-এর নির্বাচন। নির্বাচনের পর আপনি প্রকাশ্য জনসভায় বলেছিলেন, মানুষ ভোট দিতে পারেনি।
রাশেদ খান মেনন: ২০১৮ বা নির্বাচন সম্পর্কে প্রকাশ্যে জনসভায় বক্তব্য দেওয়ার আগে পার্লামেন্টেও একই কথা বলেছি। কিছুটা নমনীয়ভাবে। আমি মনে করি, সেই বাস্তবতা পরিবর্তন হওয়া উচিত। না হলে নির্বাচনের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস থাকবে না। বাংলাদেশের মানুষ নির্বাচনকে দেখে উত্সব হিসেবে, অধিকার হিসেবে। সেই অধিকার থেকে বঞ্চিত করা অপরাধ।
কিন্তু আপনারা এটা মেনে নিলেন কেন?
রাশেদ খান মেনন: মেনে নেওয়ার বিষয় নয়। রাজনীতি তো সব সময় এক রেখায় চলে না। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, তাতে আমরা জনগণ থেকে বিচ্ছিন্ন হতে পারি না।
সরকারপক্ষ বলছে, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, বিরোধী পক্ষের দাবি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। তাহলে নির্বাচনটি কীভাবে হবে?
রাশেদ খান মেনন: আমি এখনো মনে করি, বিএনপি নির্বাচনে আসবে। তারা যে হাতির দাঁত দেখাচ্ছে, সেটা আসল নয়। নির্বাচনে না এসে তারা কী করবে? সরকারকে সরিয়ে তারা তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে—সেই শক্তি তাদের নেই। তাদের প্রতি জনগণের সেই আস্থা-বিশ্বাস নেই।
তাহলে সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনা নেই?
রাশেদ খান মেনন: দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের দেশে সব আমলেই নির্বাচন নিয়ন্ত্রণ করে থাকে সামরিক-বেসামরিক আমলারা। বিএনপি আমলে এটা হয়েছে, বর্তমান সরকারের আমলেও হচ্ছে। তারও আগে জিয়া ও এরশাদের আমলেও হয়েছে। আমি বলব, বঙ্গবন্ধুর আমলেই বরং জনগণের ভূমিকা প্রধান ছিল। এখন তো এস্টাবলিশমেন্ট সবকিছু নিয়ন্ত্রণ করে। এই এস্টাবলিশমেন্ট হলো ব্যবসায়িক গোষ্ঠী ও সামরিক-বেসামরিক আমলাতন্ত্র। এদের থেকে নির্বাচনকে জনগণের কাতারে নিয়ে আসা কঠিন কাজ।
তার মানে আপনি বলতে চাইছেন, রাজনীতি এখন আর রাজনীতিকদের হাতে নেই।
রাশেদ খান মেনন: রাজনীতিকেরা তো ক্রমাগত অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছেন। এমনকি ক্ষমতাসীন দলেরও।
আপনারা গণতন্ত্র প্রতিষ্ঠা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই ১৪–দলীয় জোট গঠন করেছেন। কিন্তু গত দুটি নির্বাচনে সেই গণতন্ত্র তো দেখা যায়নি। তাহলে কোন বিবেচনা থেকে জোট করেছেন?
রাশেদ খান মেনন: আমরা যে বিবেচনা থেকে ১৪–দলীয় জোট করেছি, সে বিষয়ে অগ্রসর হতে পেরেছি। আবার গণতন্ত্র তো একপক্ষীয় ব্যাপার নয়। সব পক্ষের অংশগ্রহণেই গণতন্ত্র কার্যকর হতে পারে। বিএনপি-জামায়াত যখন গণতন্ত্রের সব রীতিনীতি অস্বীকার করল, তখন তো পাল্টা প্রতিক্রিয়া হতে বাধ্য। তবে আমি এ–ও বলি না যেসব চলছে, সেগুলোকে আমরা অনুমোদন করি। যেমন ডিজিটাল নিরাপত্তা আইন আমরা অনুমোদন করি না। আবার সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো হয়, সেগুলো বন্ধ করা প্রয়োজন। কিন্তু এসব বন্ধে তো এই আইনের প্রয়োগ দেখি না। আইন প্রয়োগের ক্ষেত্রে পক্ষপাত দেখানো হলে কিংবা বিরোধী দলের বিরুদ্ধে ব্যবহার করা হলে সমস্যা হয়। আমাদের মনে আছে, ১৯৭৪ সালে যখন বিশেষ ক্ষমতা আইন জারি হয়, তখনো সরকার বলেছিল, এটা চোরাচালান ও দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবহার করা হবে। পরবর্তীকালে সব দলই বিশেষ ক্ষমতা আইন বাতিল চেয়েছে। কিন্তু ক্ষমতায় গিয়ে কেউ বাতিল করেনি। আমি বলব, এস্টাবলিশমেন্টের একটি ধারা আছে, সেই ধারা যদি পুরোপুরি বদলে দিতে না পারেন, তাহলে কাজ হবে না।
সে ক্ষেত্রে আপনার ভূমিকা কী হবে, সেই ধারার সহযোগী হওয়া, না প্রতিবাদ করা?
রাশেদ খান মেনন: আমি সেই ধারার সহযোগী হইনি। আমরা বলছি, গণতান্ত্রিক ব্যবস্থা জোরদার করতে হবে। মতপ্রকাশের পরিসর বাড়াতে হবে। গণতন্ত্র সংহত হলে মৌলবাদ ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইটাও জোরদার হবে।
গণতন্ত্র রক্ষার জন্য আপনারা আওয়ামী লীগের নেতৃত্বে ১৪–দলীয় জোট করেছিলেন। কিন্তু গণতন্ত্র কতটা রক্ষা হলো?
রাশেদ খান মেনন: গণতন্ত্র সুরক্ষিত হয়েছে, বলব না। গণতান্ত্রিক ধারার সূচনা হয়েছিল। কিন্তু ২০১৪ সালে এসে বিএনপি-জামায়াত নির্বাচন প্রতিরোধের নামে সন্ত্রাস শুরু করল, জামায়াত যুদ্ধাপরাধীদের রক্ষা করতে দেশজুড়ে তাণ্ডব চালাল, পরবর্তীকালে বিএনপি আন্দোলনের নামে জ্বালাও–পোড়াও করল। সেই অবস্থা থেকে তো দেশ রক্ষা পেল। ঘটনার ক্রিয়া-প্রতিক্রিয়ায় আমি যদি কেবল আদর্শের কথা বলি, সমস্যার সমাধান করতে পারব না।
প্রধানমন্ত্রী বলেছেন, সংসদে থাকা যেসব দলের প্রতিনিধি আছেন, তাঁরা চাইলে নির্বাচনকালীন সরকারে থাকতে পারেন। তাহলে আপনি কি আবারও মন্ত্রী হচ্ছেন?
রাশেদ খান মেনন: ২০১৪ সালের নির্বাচনকালীন সরকারে আমরা ছিলাম সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে। এখন এই প্রস্তাব কী পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে, জানি না। প্রধানমন্ত্রী বলেছেন, যদি ইচ্ছা করেন। কিন্তু মন্ত্রিসভা তো আমার ইচ্ছার ওপর নির্ভর করে না। এটা পুরোপুরি প্রধানমন্ত্রীর বিষয়।
আপনি বললেন, বিএনপি নির্বাচনে আসবে বলে বিশ্বাস করেন। কিন্তু ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে যে অভিজ্ঞতা হয়েছে, তারপর বিএনপি কোন বিশ্বাসে এই সরকারের অধীনে নির্বাচনে যাবে?
রাশেদ খান মেনন: ২০১৪ সালের নির্বাচনে বিএনপি যায়নি। বরং নির্বাচন প্রতিরোধ করতে গিয়ে তারা চার শতাধিক প্রাথমিক বিদ্যালয় পুড়িয়ে দিয়েছিল। তারা প্রতিরোধ করতে গিয়ে ব্যর্থ হয়েছে। ২০১৮-এর নির্বাচনে আমার বিপরীতে বিএনপির প্রার্থী ছিলেন মির্জা আব্বাস, বিএনপির হেভিওয়েট প্রার্থী। আমি তো তাঁকে নির্বাচনী প্রচারে দেখিনি। ছাত্রলীগের একটি মিছিল থেকে বিএনপির মিছিলে আক্রমণ করা হয়েছিল। এর বাইরে আর কোনো ঘটনা ঘটেনি। শাহজাহানপুর ছাড়া আর কোথাও মির্জা আব্বাসের কার্যক্রম দেখিনি। তাঁরা কেন্দ্র পাহারা দেওয়ার কথা বলে চেহারা দেখাতেও কেউ আসেননি। আমি বলব, নির্বাচনে অংশ নেওয়া ছিল তাঁদের ভণিতা।
বিএনপির অভিযোগ, তাদের হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল।
রাশেদ খান মেনন: গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে হামলা-মামলার শিকার সব দলই হয়েছে। তাই বলে কি আন্দোলন থেমে থেকেছে? পশ্চিমবঙ্গে সিপিআইএম নেতাদের বিরুদ্ধে তো অসংখ্য মামলা আছে। তারপরও তাঁরা আন্দোলন করছেন।
আপনি মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন, গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত হয়েছেন। এর বাইরে কোনো উল্লেখযোগ্য ঘটনা আছে আপনার জীবনে?
রাশেদ খান মেনন: ১৯৭০ সালে আমরা কয়েকজন বিপ্লবাকাঙ্ক্ষী তরুণ পল্টন ময়দানে স্বাধীন জনগণতান্ত্রিক স্বাধীন পূর্ব বাংলা প্রতিষ্ঠার দাবি জানিয়েছিলাম। সেদিন মস্কো টাইম একে কতিপয় পিকিংপন্থীর বিচ্ছিন্নতাবাদী প্রচার করেছিল। ইত্তেফাক উপসম্পাদকীয় লিখে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিল। সামরিক আদালতে আমার সশ্রম কারাদণ্ড হয়েছিল। যদিও আমি পলাতক ছিলাম বলে সাজা খাটতে হয়নি। আমি মনে করি, এ ঘটনা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে।
আমাদের দেশে জনস্বার্থের রাজনীতি মানে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে অবস্থান নেওয়া। কিন্তু আপনি তো আওয়ামী লীগের মন্ত্রিসভায় যোগ দিলেন। তাদের সহায়তায় সংসদ সদস্য হলেন। এতে কি আপনার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়নি?
রাশেদ খান মেনন: এই প্রশ্নের উত্তরটা আমি কমিউনিস্ট পার্টির নেতা মুজাহিদুল ইসলাম সেলিমের ভাষায় দিতে চাই। তিনি বলেছিলেন, ‘আপনি যে মন্ত্রিসভায় যাচ্ছেন, আপনার গায়ে তো কালি লাগবে।’ আমি বলেছিলাম, আমি স্নান করব অথচ চুল ভিজাব না, এটা তো হয় না। আমি আমার কাজের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে সেই কালি দূর করব। আমি কতটা কালি দূর করতে পেরেছি, কতটা কালিযুক্ত আছি, সেটা তো অন্যদের বিচারের বিষয়। আমি দায়িত্ব পালনের চেষ্টা করেছি সৎ ও আন্তরিকভাবে। তবে এটাও মনে রাখতে হবে, এখানে প্রধানমন্ত্রীই সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি সবার মধ্যে প্রথম নন, সবার ওপরে। সে ক্ষেত্রে কোনো কাজ করতে পেরেছি, কোনোটি পারিনি। আমার রাজনীতি ও আদর্শের সঙ্গে সবটা মেলেনি।
২০১৯ সালে যে ক্যাসিনো কেলেঙ্কারি হলো, সেটা ছিল আপনার নির্বাচনী এলাকায়। এর সঙ্গে আপনার সম্পৃক্ততা কতটা ছিল। রাজনৈতিক মহলে নানা রকম গুঞ্জন আছে।
রাশেদ খান মেনন: বিষয়টি আমি সে সময়েই পরিষ্কার করেছি। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, তিনি (মেনন) কী করবেন, তিনি তো ওই এলাকার এমপি। এর সঙ্গে আমার সামান্যতম সম্পৃক্ততা ছিল না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ঘটনার আগে আমাকে কিছু জানায়নি। এর সঙ্গে যাঁরা যুক্ত ছিলেন, তাঁদের কেউ কেউ আমার সঙ্গে নির্বাচনী মিছিল করেছেন। যেমন ইসমাইল হোসেন সম্রাট, আরামবাগের সাঈদ। এঁরা যে আমার নির্বাচনী প্রচারে দলের নির্দেশে। প্রধানমন্ত্রীর নির্দেশে। সম্রাট নিজেই নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন।
১৪–দলীয় জোট এখন কী অবস্থায় আছে?
রাশেদ খান মেনন: জোট আছে ঘুমন্ত অবস্থায়। নির্বাচন এলে হয়তো জাগ্রত হবে। সেই অর্থে জোটের কার্যকারিতা নেই। আমরা দিবস পালন করি। সম্প্রতি জোটের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ধর্মভিত্তিক নতুন কোনো দলকে জোটে নেওয়া হবে না।
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আবার প্রশ্ন করছি। এই আইন রেখে কি স্বাধীন গণমাধ্যম চলতে পারে?
রাশেদ খান মেনন: সরকারও স্বীকার করেছে, এই আইন ব্যবহারের চেয়ে অপব্যবহার বেশি হচ্ছে। সরকার যখন স্বীকার করছে, আমি মনে করি এটা কেবল সংশোধন নয়, এই আইনের খোলনলচে পাল্টে দিতে হবে। তবে আরেকটি কথাও বলতে চাই, বিএনপিসহ যারা এখন এই আইনের বিরোধিতা করছে, তারাও ক্ষমতায় এলে এটি বাতিল করবে না। এটাই হলো আমাদের রাজনৈতিক সংস্কৃতি।
প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।
রাশেদ খান মেনন: আপনাকেও ধন্যবাদ।