চিঠিপত্র

ইটভাটা

ফটিকছড়ির পাইন্দং গ্রামের ফসলি জমিতে গড়ে উঠেছে ১৪টি ইটভাটা। সেখানে অবাধে ইট পোড়ানো হচ্ছে। এই ইটভাটা ঘেঁষেই রয়েছে কমপক্ষে ৫০টি বসতঘর।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী, আবাসিক এলাকা ও কৃষিজমির এক কিলোমিটার দূরত্বের মধ্যে ইটভাটা স্থাপন নিষিদ্ধ। এসব ভাটা গড়ে ওঠায় এলাকার জমি ও কৃষিজ উৎপাদনও কমে যাচ্ছে।

অন্যদিকে ইটভাটার কারণে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে গ্রামের মানুষ। ইট পোড়ানো শুরু হলেই সর্দি-কাশি ও শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিক, এটাই আমাদের প্রত্যাশা।

সৈয়দ মাঈনউদ্দিন চৌধুরী

ফটিকছড়ি, চট্টগ্রাম।