চিঠিপত্র

স্মার্টফোনের যুগে একটি পাঠাগারের সাফল্যের গল্প

এখন সময় তথ্য–প্রযুক্তির। আর এই তথ্য–প্রযুক্তিই বর্তমানে আমাদের শিক্ষার্থীদের বইপড়ার সময়টা কেড়ে নিচ্ছে। বইয়ের চেয়েও হাতে বেশি থাকছে স্মার্টফোন। এমন কঠিন সময়ে শিক্ষার্থীদের পাঠাগারমুখী করে বই হাতে তুলে দেওয়ার কাজটি অত্যন্ত জটিল। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একটি পাঠাগার কীভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে, শোনাব সেই গল্প।

গ্রামের নাম উত্তর বড়ভিটা। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদর থেকে দক্ষিণে ৫ কিলোমিটার দূরে অবস্থিত গীতিকার তৌহিদ-উল ইসলাম পাঠাগার, পাশেই বইয়ের একটি ম্যুরাল। পার্শ্ববর্তী স্কুল–কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থী এ পাঠাগার থেকে নিজের পছন্দের বই সংগ্রহ করে বাড়িতে নিয়ে পড়ছে। যে কেউ যেকোনো সময় পাঠাগারে এসে পাঠক রেজিস্টার পূরণ করে পড়ার জন্য বই বাড়িতে নিয়ে যেতে পারে। এ জন্য কাউকে কোনো ফি জমা দিতে হয় না।

সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রিত এ পাঠাগারে শিক্ষার্থীদের জন্য রয়েছে বইয়ের সঙ্গে চকলেট। বছর শেষে সেরা পাঠকের জন্য পুরস্কার। আর এ পুরস্কার দেওয়া হয় বড় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। সে অনুষ্ঠানে উপস্থিত থাকেন স্থানীয় ও জাতীয়ভাবে পরিচিত অনেক গুণীজন, বিশিষ্ট ব্যক্তিরা এবং শিশুসাহিত্যিক।

এ পাঠাগার থেকে প্রতিবছর সব্যসাচী লেখক সৈয়দ হকের জন্মজয়ন্তী ২৭ ডিসেম্বরে দেওয়া হয় সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার। বিজয় স্মারকের সঙ্গে এ পুরস্কারের অর্থমূল্য হিসেবে কুড়ি হাজার টাকাও দেওয়া হয়। ২০২১ সালে চালু হয় এ পুরস্কার। কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হকের হাত দিয়ে প্রথমবার এ পুরস্কার তুলে দেওয়া হয় শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের হাতে। ২০২২ সালে এ পুরস্কার পান আরেক শিশুসাহিত্যিক স ম শামসুল আলম। এ ছাড়া বিশিষ্ট ব্যক্তিদের তাঁদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ দেওয়া হয় সম্মাননা।

ছোট্ট পাঠাগারটিতে বর্তমানে বইয়ের সংখ্যা দুই হাজারের বেশি। তবে শিশুতোষ বইয়ের সংখ্যাই বেশি। পাঠাগারে রয়েছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার, নজরুল কর্নার, সৈয়দ হক কর্নার। দূরের স্কুলের শিক্ষার্থীদের জন্য তাদের স্কুলে গিয়ে শ্রেণিভিত্তিক বই দিয়ে থাকে এ পাঠাগার। একটি শ্রেণিতে যতজন শিক্ষার্থী বই পড়তে আগ্রহী, তাদের প্রত্যেকের নামে একটি করে বই ইস্যু করা হয়। সারা বছর শিক্ষার্থীরা একে-অন্যের সঙ্গে বই বদল করে পড়ে থাকে। বছর শেষে পাঠাগার বইগুলো স্কুল থেকে ফেরত আনে। নতুন বছরে আবার নতুন করে শুরু হয় বই বিলি করার কাজ। এ জন্য বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির মতো শিক্ষার্থীদের কোনো ফি দিতে হয় না। আবার উপযুক্ত কারণ দেখাতে পারলে বই হারানোর জরিমানাও দিতে হয় না।

পাঠাগারের সঙ্গে যুক্ত আছে সৈয়দ হক কালচারাল ক্লাব। এখানে ক্লাব শাখায় রাতে চলে গানের আড্ডা, হারিয়ে যাওয়া লোকসংস্কৃতির চর্চা। পাঠাগারের সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূর মোহাম্মদ মিয়ার সঙ্গে কথা বলে জানা গেছে, পুরস্কার, সম্মাননা ও অনুষ্ঠানের পেছনে যে অর্থ ব্যয় হয়, তা শিশুসাহিত্যিক ও গীতিকার তৌহিদ-উল ইসলামের পরিবারের পক্ষ থেকে বহন করা হয়ে থাকে; সে জন্য কারও কাছ থেকে কোনো চাঁদা গ্রহণ করা হয় না।

আমাদের বেসরকারি হাইস্কুলগুলোতে লাইব্রেরিয়ানের পদ থাকলেও লাইব্রেরি নেই। সেখানে শিক্ষার্থীর পাঠ উপযোগী দু-চারখানা বই খুঁজে পাওয়াও মুশকিল। আবার সরকারি হাইস্কুলগুলোতে লাইব্রেরি থাকলেও লাইব্রেরিয়ানের পদ নেই। ফলে উভয় ক্ষেত্রে বইবিমুখ শিক্ষার্থীরা বই থেকে আরও দূরে সরে যাচ্ছে। এমন সময়ে ফুলবাড়ী উপজেলার এ পাঠাগারের মতো দেশের প্রতিটি গ্রামে একটি করে পাঠাগার থাকলে সোনার বাংলায় সোনার ছেলে তৈরিতে সহায়ক ভূমিকা রাখতে পারত।

অনুপম সৈকত
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়