চিঠিপত্র

৪১তম বিসিএস নন-ক্যাডারের সর্বোচ্চ নিয়োগ চাই

প্রথমেই বলতে চাই, সাড়ে ১৫ লাখ সরকারি চাকরিজীবীর কর্মসংস্থানের ব্যবস্থা, মেধার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগ নিশ্চিত ও নিয়োগ-বাণিজ্য বন্ধে বর্তমান সরকারের অভাবনীয় সাফল্য প্রশংসার দাবিদার। তারই ধারাবাহিকতায় ২০ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের নন-ক্যাডার পদের ফল প্রকাশিত হয়েছে। এতে ৩ হাজার ৬৫৭ প্রার্থীকে ৯ম থেকে ১২তম গ্রেডের বিভিন্ন পদে সুপারিশ করা হয়েছে।

আরও উল্লেখ করতে চাই, কোভিড-১৯ মোকাবিলায় ৪২তম বিসিএসের (বিশেষ) মাধ্যমে দ্রুততম সময়ে চিকিৎসক নিয়োগ, এক বছরে বিসিএস সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে আসনবিন্যাসে সংস্কার আনয়নসহ বেশ কিছু বৈপ্লবিক পরিবর্তন এনে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রশংসনীয় কাজ করেছে। কিন্তু কোভিড-১৯–এ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৪১তম বিসিএসের ৯ হাজার ৮২১ জন তালিকাভুক্ত নন-ক্যাডারদের ৪০তম নন-ক্যাডারের মতো যথেষ্ট পদ দেওয়া হবে কি না, সে ব্যাপারে কোনো সুস্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না।

অথচ জুন–২০২৩ জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত সরকারি কর্মচারীদের পরিসংখ্যান-২০২২ অনুযায়ী সরকারি চাকরিতে অনুমোদিত পদের প্রায় ২৬ শতাংশ পদ শূন্য, যা সংখ্যায় প্রায় ৫ লাখ। শূন্য পদের মধ্যে প্রথম শ্রেণির নবম গ্রেডের পদ শূন্য আছে ৬৪ হাজার ৫৮২টি। আর ১০ম থেকে ১২তম গ্রেডে শূন্য পদ ৯৭ হাজার ৪৪৭টি। বাকি শূন্য পদগুলো অন্যান্য গ্রেডের।

বাংলাদেশে যতগুলো চাকরির পরীক্ষা রয়েছে, তার মধ্যে বিসিএস পরীক্ষা সবচেয়ে কঠিন, দীর্ঘ ও স্বচ্ছ। এখানে একজন উত্তীর্ণ প্রার্থীকে ২০০ নম্বরের প্রিলিমিনারি, ১১০০ নম্বরের লিখিত, ২০০ নম্বরের মৌখিক পরীক্ষাসহ মোট ১৫০০ নম্বরের কঠিন পরীক্ষার ধাপ অতিক্রম করে মেধাস্থান লাভ করতে হয়।

উল্লেখ্য যে ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে আবেদন করেন চার লাখের বেশি প্রার্থী। কোভিড-১৯–এর কারণে ২৬ মার্চ ২০২০ থেকে সারা দেশ লকডাউনে চলে যাওয়ায় ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৯ মার্চ ২০২১ তারিখে। ১ আগস্ট ২০২১ তারিখে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে ২১ হাজার ৫৬ প্রার্থী উত্তীর্ণ হন এবং ২৯ নভেম্বর ২০২১ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। ১০ নভেম্বর ২০২২ ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয় এবং উত্তীর্ণ ১৩ হাজার প্রার্থী ৫ ডিসেম্বর ২০২২ থেকে ২৬ জুন ২০২৩ পর্যন্ত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি প্রকাশের দীর্ঘ ৩ বছর ৯ মাস পর ৩ আগস্ট ২০২৩ সালে ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশিত হয়, যা অতীতের যেকোনো বিসিএস পরীক্ষার বিচারে দীর্ঘতম সময়। এতে ক্যাডার হিসেবে ২ হাজার ৫২০ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় কৃতকার্য হলেও সাধারণ ক্যাডারের শূন্য পদের সংখ্যা কম হওয়ায় মোট ৯ হাজার ৮২১ প্রার্থীকে নন-ক্যাডার পদে তালিকাভুক্ত করা হয়েছে। কোভিড-১৯–এ ৪১তম বিসিএসের প্রার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। অধিকাংশেরই সরকারি চাকরিতে প্রবেশের বয়স শেষ হয়েছে। এই দীর্ঘসূত্রতার পরও বিসিএসের সব ধাপে উত্তীর্ণ ৯ হাজার ৮২১ নন-ক্যাডার প্রার্থী যদি একটি সম্মানজনক চাকরি না পান, তাহলে এর চেয়ে হতাশার আর কিছু থাকবে না।

তাই মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যথাযথ কর্তৃপক্ষের প্রতি আমরা ৪১তম বিসিএস নন-ক্যাডার তালিকাভুক্ত পদপ্রার্থীরা এই মর্মে দাবি জানাচ্ছি যে, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩–এর বিধান অনুযায়ী সরকারের কাছ থেকে সর্বোচ্চসংখ্যক শূন্য পদে নিয়োগের অধিযাচনপত্র প্রাপ্তি এবং নন-ক্যাডার পদে মেধাক্রম ও বিদ্যমান বিধিবিধান অনুসরণ করে সুপারিশের লক্ষ্যে বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করে সবার যথাযোগ্য চাকরি লাভের ব্যবস্থা করা হোক।

পাশাপাশি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রতি অনুরোধ নিম্নোক্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কার আনা হোক:
১. যেকোনো বিসিএসে ক্যাডার সুপারিশপ্রাপ্ত কোনো ব্যক্তিকে যেন নন-ক্যাডার পদে সুপারিশ করা না হয়। এতে যেমন পদ নষ্ট হয়, তেমনই একজন বেকার পদ বঞ্চিত হন।
২. নন-ক্যাডারে সুপারিশের ক্ষেত্রে যথারীতি সরকারি চাকরিতে থাকা কোনো প্রার্থীকে যেন তাঁর বর্তমান গ্রেডের থেকে নিচের গ্রেডে সুপারিশ করা না হয়। কেননা, এতে ওই প্রার্থী নিচের গ্রেডের পদে যোগদান করবেন না। অপর দিকে একজন বেকার পদ বঞ্চিত হবেন।
আমাদের এই যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ কামনা করছি।

বিনীত নিবেদক
৪১তম বিসিএস নন-ক্যাডার তালিকাভুক্ত পদপ্রার্থী