যদি আপনাকে জিজ্ঞেস করা হয় বিজ্ঞানের কোন আবিষ্কারটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল? আপনার ভাবার প্রয়োজন হবে না, না ভেবেই বলে দিতে পারবেন তা হলো বিদ্যুৎ। বিদ্যুৎ আবিষ্কারের ফলে বিজ্ঞানের যে এক বিশাল পরিবর্তন দেখা দিয়েছে তা আর অন্য কিছুতে ইতিপূর্বে সম্ভব হয়নি। বর্তমানে আমরা যত আবিষ্কার দেখতে পারছি তার বেশির ভাগই অবদান রেখেছে বিদ্যুৎ। কিন্তু এই বিদ্যুতে বর্তমানে অকাল মৃত্যুর অন্যতম একটা কারণ হয়ে দাঁড়িয়েছে।
আমরা প্রতিনিয়ত খবরের কাগজে বিদ্যুতের ফলে মৃত্যুর মতো ঘটনা দেখতে পাই। কখনো আমরা দেখতে পাই রাস্তায় বিদ্যুৎ লাইন পানিতে পড়ে রাস্তা পার হওয়ার সময় মৃত্যু আর নানাভাবে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু তো আছেই। বর্তমানে এই সব ঘটনা মামুলি ব্যাপার হয়েই দাঁড়িয়েছে। কখনোবা আমরা দেখতে পাই স্কুলের ছাদে কিংবা কোনো বাসার ছাদে বৈদ্যুতিক তারে স্পৃষ্টে মৃত্যুর ঘটনা। গত ১ বছরে বিদ্যুতের সংস্পর্শে প্রায় শতাধিক মৃত্যুর ঘটনা আমরা পাই।
গ্রাম অঞ্চলে আমরা দেখতে পাই বিদ্যুতের খুঁটি স্থাপনে মোটা অঙ্কের টাকা ঘুষ হিসেবে নিতে। এর জন্য দায়ী এর সাথে সম্পৃক্ত লোকেরা। বিদ্যুতের লাইন স্থাপনের পরে কোনো নোটিশ ব্যতীত বিদ্যুতের লাইনে বিদ্যুৎ দেওয়ার ফলে মৃত্যুর ঘটনা দেখতে পাই গত ১০ অক্টোবর জুনায়েদ নামের এক স্কুল পড়ুয়া ছাত্রের। তার মৃত্যু হয় বাসার ছাদে বিদ্যুতের লাইনে। সে জানত যে বিদ্যুতের খুঁটিতে নতুন কাজ চলছে। লাইনে বিদ্যুৎ নেই যেহেতু হাত দেওয়ায় কোনো সমস্যা হবে না। হাত দেওয়ার সাথে সাথে মৃত্যু। কোনো নোটিশ ব্যতীত লাইনে বিদ্যুৎ দেওয়াই হচ্ছে এ মৃত্যুর অন্যতম কারণ। এর জন্য আমরা দায়ী করতে পারি বিদ্যুতের সাথে সম্পৃক্ত লোকের অমনোযোগিতাকে। জুনায়েদের মতো আরো অনেকের মৃত্যু হচ্ছে এভাবেই।
এর জন্য প্রয়োজন সচেতনতা। সরকারের উচিত আরো বেশি করে জনসচেতনতা তৈরি করা। মানুষকে এই বিষয়ে সতর্ক করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে অনেক মৃত্যুই আমরা দেখতে পাই বৈদ্যুতিক খুঁটির সাথে সম্পৃক্ত। বৈদ্যুতিক তারগুলো যদি মাটির নিচে দিয়ে নেওয়া যায় তাহলে তা আমাদের সকলের জন্য স্বস্তির কারণ হতো। যদিও ঢাকায় কয়েক জায়গায় বিদ্যুতের লাইন মাটির নিচ দিয়ে নেওয়া হয়েছে কিন্তু তা যেন অতটুকুতেই সীমাবদ্ধ হয়ে আছে। বাংলাদেশের সিলেট শহরে আমরা বিদ্যুতের লাইন মাটির নিচে দেখতে পাই। এর ফলে শহরটির সৌন্দর্যও বেড়ে গেছে। বিদ্যুতের কারণে বড় দুর্ঘটনা ও মৃত্যু এড়াতে আমাদের সবগুলো শহর ও এলাকাকে সেদিকেই নিয়ে যেতে হবে।
আল-আমিন
আরবি বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়