সড়কে প্রাণ হারানোটা বর্তমানে আমাদের দেশে একটি সাধারণ বিষয় হয়ে গিয়েছে। রাস্তায় বের হলেই আতঙ্কে থাকতে হয়। সবচেয়ে বেশি ঝুঁকি পোহাতে হয় জেলা এবং বিভাগীয় শহরগুলোতে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর দেওয়া ২০২৩ সালের নভেম্বর মাসের প্রতিবেদন অনুযায়ী, নভেম্বর মাসেই ৫৫৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছিল যার মধ্যে আহত হয়েছেন ৫৮১ জন এবং নিহত হয়েছেন ৪৭০ জন।
শুধু নভেম্বরের ৯ তারিখেই সারা দেশের সড়কপথে মোট ১১টি দুর্ঘটনা ঘটেছিল। সেখানে আহতের সংখ্যা ছিল ১৮ এবং নিহতের সংখ্যা ছিল ৭। এ ছাড়া গত ৭ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪০ ব্যাচের এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।
দুর্ঘটনায় শুধু ভুক্তভোগী নিজেই ক্ষতির মুখে পড়েন না; পরিবার-পরিজনসহ দেশের অর্থনীতিরও ক্ষতি হয়। সড়ক দুর্ঘটনা আমাদের দেশের অর্থনীতিতে যথেষ্ট প্রভাব ফেলে।
দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিদের অধিকাংশই কর্মক্ষম হয়ে থাকেন। আবার কেউ কেউ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিও হয়ে থাকেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যখন চিরতরে উপার্জন করার শক্তি এবং সুযোগ হারিয়ে ফেলেন তখন সেই পরিবারটি আর্থিক সমস্যায় পতিত হয়। আর তখনই সেই ব্যক্তিটি অতিরিক্ত জনসংখ্যাবহুল এই দেশের জন্য বোঝাস্বরূপ হয়ে যান।
বুয়েটের সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট (এআরআই) এর দেওয়া একটি তথ্য মতে, ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত তিন বছরে সড়ক দুর্ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় ১ লাখ ৯ হাজার কোটি টাকা। এ ছাড়া অতিরিক্ত দুর্ঘটনার কারণে হাসপাতালগুলোতেও রোগীর সংখ্যা বেড়ে যায় এতে করে রোগীদের মানসম্মত চিকিৎসা দেওয়া সম্ভব হয়ে উঠে না।
অদক্ষ চালক, চালকের বেপরোয়া চলাচল, আগে যাওয়ার প্রতিযোগিতা, লাইসেন্সবিহীন হেলপারদের গাড়ি চালনা, অতিরিক্ত যাত্রী তোলার প্রবণতা, আইন অমান্য করা, সড়কের দুরবস্থাসহ বেশ কয়েকটি কারণে সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। তবে সড়ক দুর্ঘটনার অন্যতম আরো একটি কারণ হচ্ছে পথচারী ও যাত্রীদের অসাবধানতা। অনেক সময় দেখা যায় মানুষজন রাস্তা পারাপারের জন্য পদচারী সেতু ব্যবহার না করেই মহাসড়কের দ্রুত গতির গাড়ির সামনে দিয়েই হেঁটে যান। আবার কেউ কেউ গাড়িতে বসে হাত বা মাথা বের করে রাখেন যার জন্য তাদের দুর্ঘটনার শিকার হতে হয়।
এটা বলার অপেক্ষা রাখে না যে, বাংলাদেশ সরকার প্রতিনিয়ত সড়কের উন্নয়ন করছে, কিন্তু তবুও সড়কের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, যার দরুন প্রতিনিয়তই দুর্ঘটনার হার বাড়ছে। নিরাপদ সড়কের জন্য ২০১৮ সালে যখন স্কুল-কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিল তখন সড়ক পরিবহন আইন, ২০১৮ নামে নতুন একটি আইন প্রণয়ন করা হয়েছিল। এই আইনের পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা ফিরবে এবং দুর্ঘটনার হার কমবে এমন প্রত্যাশা ছিল সকলের। কিন্তু ২০২৩ সালে এসেও সেই আইনের পুরোপুরি বাস্তবায়নের দেখা মিলছে না এবং প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছেই।
আর কতটি প্রাণের বিনিময়ে বন্ধ হবে এই মৃত্যুর মিছিল? আর কত মায়ের কোল খালি করতে হবে? কত সন্তান তার বাবাকে হারাতে হবে?
সড়কের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে মৃত্যুর মিছিল বন্ধ করা এখন সময়ের দাবি। তাই সরকারের উচিত শুধু আইন তৈরিতেই সীমাবদ্ধ না থেকে যত দ্রুত সম্ভব তা বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া এবং সাধারণ জনগণেরও উচিত তাদের যাতায়াতের ক্ষেত্রে আরো বেশি সচেতন হওয়া।
খাদিজা আক্তার
শিক্ষার্থী, ইতিহাস বিভাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়