চিঠিপত্র

বৈবাহিক সম্পর্কে এতো ফাটল ধরার কারণ কী

সমাজ গঠনের ভিত্তি হলো পরিবার। আর পরিবার গঠনের মূল একক নারী-পুরুষের বৈবাহিক সম্পর্ক। আবহমানকাল ধরেই নারী-পুরুষের বৈবাহিক সম্পর্ক সমাজ, ধর্ম ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। এ ধারা অব্যাহত আছে বলেই সমাজ ভারসাম্যপূর্ণ অবস্থানে রয়েছে। তাই বিয়ে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে সবার কাছে সমাদৃত। পরিবার যখন ভেঙে যায়, তখন মূলত সমাজই ভেঙে যায়।

কালের পরিবর্তনে সমাজব্যবস্থা আজ আগের মতো নেই। আগে বৈবাহিক সম্পর্কগুলো খুবই দৃঢ় অবস্থানে থাকলেও বর্তমানে তা ভঙ্গুর হয়ে যাচ্ছে। দিন দিন বিবাহবিচ্ছেদের ঘটনা আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস’-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের তালাকের স্থূল হার বেড়ে প্রতি হাজারে ১ দশমিক ৪ হয়েছে। ২০২১ সালে এই হার ছিল প্রতি হাজারে ০ দশমিক ৭। শহরের তুলনায় গ্রাম এলাকায় এই বিবাহবিচ্ছেদের হার বেড়েছে, যা খুবই আশঙ্কাজনক। বিবাহবিচ্ছেদের ঘটনা রাজধানীতে সবচেয়ে বেশি।

নানা মানুষের নানা মত থাকলেও প্রথাগত সমাজ নারীকে ও নারীর ক্ষমতায়নকেই এই সমস্যার মূল কারণ হিসেবে বিবেচনা করে। তাঁরা মনে করেন, নারী শিক্ষিত হলে, কর্মজীবী হলে বিবাহবিচ্ছেদের ঘটনা বেড়ে যায়। নারীর আত্মনির্ভরতাই বিবাহবিচ্ছেদের প্রধান কারণ হিসেবে দাঁড় করান তাঁরা। তবে পুরুষতান্ত্রিক সমাজে নারীর সঙ্গে ঘটে যাওয়া নির্যাতনের ঘটনাগুলো তাঁরা স্বীকার করতে চান না। যৌতুকসহ নানা বিষয়ে নারীর ওপর নির্যাতনের কথা একপ্রকার মাটির নিচেই চাপা পড়ে থাকে।

আগে নারীর ওপর নির্যাতন করা হলে তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে ব্যর্থ হতো শিক্ষা ও যোগ্যতার অভাবে, কিন্তু সময় এখন বদলেছে। নারী দিন দিন শিক্ষিত হচ্ছেন, যোগ্য করে গড়ে তুলছেন নিজেকে। নিজেকে আত্মনির্ভর করে গড়ে তোলার ফলে এখন তিনি আর পুরুষের নির্যাতন সইতে বাধ্য নন। নারীর প্রতি নির্যাতনের পদক্ষেপ সে নিতে প্রস্তুত থাকে এবং নিচ্ছে।

তবে দিন দিন কেন এত বিবাহবিচ্ছেদ? তা নিয়ে সমাজবিজ্ঞানীদের ধারণা, বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে নৈতিকতার পতন, মূল্যবোধের অবক্ষয়, নারী-পুরুষের মনস্তাত্ত্বিক চাপের পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও বিশ্বাসের জায়গা আজ ঠুনকো হয়ে দাঁড়িয়েছে। সমাজের মানুষের মধ্যে দেখা দিয়েছে ইতিবাচক দৃষ্টিভঙ্গির অভাব।

মেনে নেওয়া, মানিয়ে নেওয়ার প্রবণতাও দিন দিন হ্রাস পাচ্ছে। ক্ষমার সদিচ্ছা নেই বললেই চলে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন নাটক-সিনেমায় চোখধাঁধানো কৃত্রিম সম্পর্ক দেখে নিজের বাস্তব জীবনে তা খুঁজে না পাওয়ার ঘটনাও বৈবাহিক সম্পর্কে ফাটল ধরার অন্যতম কারণ হিসেবে বিবেচনা করছেন সমাজবিজ্ঞানীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফাতেমা রেজিনা ইকবালের মতে, বিবাহবিচ্ছেদ বেড়ে চলার অন্যতম কারণ হচ্ছে, ‘সমাজে সহিষ্ণুতা কমছে। নগরজীবনের চাপ, ব্যক্তিকেন্দ্রিকতা, সঙ্গীর পছন্দ-অপছন্দ, জৈবিক চাহিদা পূরণ না হওয়া ইত্যাদি বিষয় দাম্পত্য সম্পর্কের ওপর প্রভাব ফেলছে। নারীরা সংসারে নিজের মর্যাদা না পেয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নিচ্ছেন।’

তা ছাড়া বিবাহবহির্ভূত সম্পর্কও দিন দিন বেড়েই চলছে। একজন পুরুষ গোপনে অন্য নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলছেন। তেমনিভাবে নারীও সম্পর্ক গড়ছেন অন্য পুরুষদের সঙ্গে। অনলাইনের যুগে এ অবস্থা পানির মতো সহজ হয়ে দাঁড়িয়েছে।

তবে আশার কথা হচ্ছে, যে সমাজে হাজারটা সম্পর্কে অনায়াসে বিচ্ছেদ ঘটে,  আবার সে সমাজেই একই ছাদের নিচে মানুষ একসঙ্গে কাটায় আজীবন। এটা তাঁদের পক্ষেই সম্ভব, যাঁরা বৈবাহিক সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও বিশ্বাসের সঙ্গে সম্পর্কের যত্ন নেন। ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে সঠিক কর্মচেষ্টা অবলম্বন করে সম্পর্ক টিকিয়ে রাখেন। তাই আমাদের সবার এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে হবে। আদর্শ সমাজ গঠনে ভূমিকা পালন করতে হবে।

তাহমিনা আক্তার, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়