চিঠিপত্র

শিক্ষাপ্রতিষ্ঠান বনাম স্থানীয়রা: শান্তিপূর্ণ সহাবস্থান জরুরি

একটি শিক্ষাপ্রতিষ্ঠান যেখানে গড়ে ওঠে সেখানকার বাসিন্দাদেরকেই সাধারণত স্থানীয় বলা হচ্ছে যাদের সঙ্গে এ দেশে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী বা শিক্ষক-কর্মচারীদের মনোমালিন্য, কথা-কাটাকাটি বা সংঘর্ষের মতো ঘটনা প্রায়ই দেখা যায় গণমাধ্যমে। এ সব ঘটনার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনা উদ্বেগ উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান এমন একটা জায়গা যেখানে পরমতসহিষ্ণুতা ও সহমর্মিতা চর্চার উচ্চতর প্রতিষ্ঠান। এ জন্য তাদের প্রতি দেশের সাধারণ মানুষের প্রত্যাশাও বেশি থাকে। একইভাবে এসব গুণের চর্চার হয় বলেই তারাও জনসাধারণের মূল্যায়ন ও সম্মানপ্রত্যাশী। কিন্তু দুঃখের বিষয় হলো কখনো কখনো উভয় পক্ষের প্রত্যাশার ভারসাম্য নষ্ট হলে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা-কাটাকাটি বা মনোমালিন্য তৈরি হয়। এই মনোমালিন্য একসময় ধীরে ধীরে সংঘর্ষকে উসকে দেয়।

শুধু পড়াশোনা শেষ করেই না, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে থাকা অবস্থায়ই তার জ্ঞানের আলো ছড়াতে শুরু করে এবং প্রতিষ্ঠানটি যেই এলাকায় স্থাপিত হয় সেই এলাকার লোকজন একটু আলাদাভাবেই তার সুফল ভোগ করে থাকে। বিশ্ববিদ্যালয়কে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বলা হয় আর সেই বিদ্যাপীঠ যদি নিজের এলাকায় হয় তাহলে তো সোনায় সোহাগা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এলাকায় থাকা বা চলাফেরার সুবাদে সেই এলাকার  শিশু-কিশোরদের থেকে শুরু করে বয়স্ক লোকেদের সঙ্গে চলাফেরা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমেও উপকৃত হতে পারেন। কীভাবে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্নের বীজ বুনতে হয়, কীভাবে সাফল্যের স্বর্ণ শেখরে আরোহণ করে দেশ ও জাতির জন্য ভূমিকা রাখা যায়, কীভাবে মা-বাবার মুখ উজ্জ্বল করে তাদের প্রত্যাশা পূরণ করা যায় তা শেখা যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে যা থেকে আগামীর প্রজন্ম অনুপ্রেরণা পেতে পারে।

একটি বিশ্ববিদ্যালয়ের আশপাশে বসবাসকারী স্থানীয়রা চাইলে সেই শিক্ষাপ্রতিষ্ঠানকে তাদের নানাবিধও উপকারে পাশে পেতে পারে। কৃষি বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকার কৃষকেরা তার এলাকার বিশ্ববিদ্যালয়ের গবেষণার অংশ হয়ে নিজেদের চাষাবাদের উন্নয়নে সহায়তা পেতে পারেন। এভাবেই একটা বিশ্ববিদ্যালয় যে দেশের কল্যাণ বয়ে আনে তার প্রথম সুবিধা পাই স্থানীয়রা। মূল শহর থেকে একটু দুরে অবস্থানরত স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টিউশনির মাধ্যমে মানসম্মত শিক্ষা দেওয়ার একটা বিশ্বস্ত মাধ্যম হিসেবে পরিচিত। এ দেশের শিক্ষিত সমাজের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উল্লেখযোগ্য। সমাজ, রাষ্ট্র, জনগণ সর্বোপরি ব্যক্তির ক্ষতি হয় এমন যেকোনো বিষয় থেকে সচেতন করার জন্য নিয়মিত ক্যাম্পেইন, জনসচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ভিত্তিক বিভিন্ন সামাজিক সংগঠন কার্যকারী ভূমিকা রাখে। আর স্থানীয়রা বা ক্যাম্পাস পার্শ্ববর্তী এলাকার লোকজন সর্বাগ্রে এই সচেতনতামূলক কার্যক্রমের সুফল ভোগ করে থাকে। জরুরি রক্তের প্রয়োজনে, বিভিন্ন স্বাস্থ্যসেবা সম্পর্কিত জরুরি তথ্যগুলো, জনস্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনাসহ আরও বিভিন্ন সামাজিক কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম। বিভিন্ন সামাজিক কার্যক্রমের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা রয়েছে। বিশেষ করে বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের মধ্যকার এলাকাভেদে যে সাংস্কৃতিক বিচিত্রতা স্থানীয়দের সঙ্গে ভাগাভাগির মাধ্যমে একে অপরের মধ্যে হৃদ্যতা তৈরি হয়।

বিশ্ববিদ্যালয়ের বা যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট এলাকায় বিপুল পরিমাণ শিক্ষার্থীদের জনসমাগম ঘটে ফলে ওই এলাকাটিতে তাদের ভরণপোষণ জোগান দেওয়ার জন্যও স্থানীয়রা বিভিন্ন দোকানপাট বা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। এভাবেও উল্লেখযোগ্যসংখ্যক স্থানীয়দের রুজিরোজগারের জন্যও অর্থনৈতিক নির্ভরতাও তৈরি হয়। এ ক্ষেত্রে অনেকের উপার্জন অনেক সময় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকা না থাকার উপর চরমভাবে নির্ভরশীল হয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের হলগুলোর বাইরেও মেস বা বাসাবাড়িতেও শিক্ষার্থীদের ভাড়া করে থাকাও স্থানীয় বাসা মালিকদের অর্থের একটি নির্ভরযোগ্য উৎস। এভাবেই আস্তে আস্তে শিক্ষাপ্রতিষ্ঠান থাকা এলাকায় স্থানীয় লোকজন অনেকাংশেই অর্থ উপার্জনের জন্য শিক্ষার্থীদের উপর নির্ভরশীল থাকে। অন্যদিকে বেশির ভাগ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী টিউশনির উপর নির্ভরশীল যার একটা বড় জোগান স্থানীয়দের মাধ্যমেই হয়। এই কাজে শুধু স্থানীয়রাই যে উপকৃত হন তা না, এভাবে সেখানে বসবাস করা সকল শিক্ষার্থীও উপকৃত হন। এভাবেই শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে লেনদেনের একটা ভারসাম্য বজায় থাকে। এই নির্ভরতাকে পুঁজি করেই তাদের মধ্যকার বন্ধন গড়ে ওঠে যা জ্ঞান বিতরণ ও গ্রহণের  একটি সুষ্ঠু  পরিবেশ তৈরি করতে সহযোগিতা করে।

একটি উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানে অনেক দূর থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীরা একটি নির্দিষ্ট সময়ের জন্য পড়াশোনা করতে আসে, সেই হিসেবে তাদেরকে অতিথি ভাবলেও ভুল হবে না। তাই তাদের সঙ্গে আচরণও তেমন মার্জিত ও সহনশীল হওয়া জরুরি। আবার শিক্ষার্থীদেরও তাদের আচরণের মাধ্যমে শিক্ষার মূল উদ্দেশ্য অর্জিত হয়েছে কি না তার প্রমাণ দিতে হবে। একজন উচ্চশিক্ষায় শিক্ষিত মানুষ মাত্রই উত্তম গুণাবলির অধিকারী হবেন, ভালো গুণগুলোর চর্চা করবেন এবং সেই প্রকৃত শিক্ষা প্রতিফলিত হবে স্থানীয়দের সঙ্গে আচরণের মাধ্যমে।

মাঝে মধ্যে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের ঝামেলার জন্য তাদের মধ্যকার সুসম্পর্ক নষ্ট হয়। স্থানীয়রা যদি তাদের নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মর্ম ও গুরুত্ব উপলব্ধি করতে অপারগ হন তাহলে তা হবে একান্তই তাদের ব্যর্থতা। তারা যদি শিক্ষার্থীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সর্বোচ্চ বিদ্যাপীঠের সুযোগগুলো নিতে না পারেন তাহলে তারা নিজেরায় শিক্ষার আলো থেকে বঞ্চিত হবেন। শিক্ষার উপযুক্ত পরিবেশের জন্য শিক্ষার্থীদের নিরাপত্তা ইস্যু একটা বড় বিষয় যাতে স্থানীয়দের সরাসরি ভূমিকা রয়েছে। ছাত্রীদের নিরাপত্তার বিষয়ে স্থানীয়রা যদি সহযোগিতা না করেন তাহলে দেশের নারীশিক্ষার প্রসারে বাধাগ্রস্ত হবে।

অন্যদিকে বড় শিক্ষাপ্রতিষ্ঠানের দাম্ভিকতায় আচ্ছন্ন হয়ে কাউকে ছোট করে দেখা, তাকে হেয় করা, নিজে ভুল করেও স্বীকার না করে উল্টো স্থানীয়দের দোষারোপ করা কখনো শিক্ষার আলোর মশালের বাহকের কাজ হতে পারে না। এসব আচরণের কারণেই আক্রোশের স্বীকার হন একজন প্রকৃত শিক্ষার্থী। ওঠাবসা, চলা ফেরায় ভুল ত্রুটি হতেই পারে কিন্তু এটাকে বড় করে দেখে হট্টগোল, মারামারি বা সংঘর্ষের আগেই সমাধান খুঁজতে উভয় পক্ষকেই শান্তভাবে পরিস্থিতি মোকাবিলা করা প্রয়োজন। অন্যদিকে স্থানীয়রা সব সময় তাদের স্থানীয় দাপট দেখিয়ে চলার মানসিকতা পরিহার করতে হবে। ক্ষমতার জোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের হেনস্তা করা, অসম্মান করা উভয় পক্ষের মধ্যে সুসম্পর্ক স্থাপনে অন্তরায় হয়ে দাঁড়ায়।শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তার দোহায় দিয়ে স্থানীয়দের যেন হেয় প্রতিপন্ন না করা হয়, তাদেরকে যেন কোনোভাবেই অবমূল্যায়ন করা না হয় সেদিকে খেয়াল রেখেই নিরাপত্তা বিধান করা জরুরি। স্থানীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমেই শিক্ষার একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষার্থী ও স্থানীয় উভয় পক্ষকেই একটি শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ সৃষ্টিতে উদার মনোভাব পোষণ করতে হবে। শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য উভয় কর্তৃপক্ষকে বিশেষভাবে নজর দিতে হবে।

সাদিকুর সাদিক
শিক্ষার্থী
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া