চিঠিপত্র

রাজশাহীতে ছিনতাইকারীদের দৌরাত্ম্য

ছিনতাই
প্রতীকী ছবি

রাজশাহীতে বেশ কিছুদিন ধরে ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়েছে। পরপর কদিনে ছুরিকাঘাতে দুজন ডাক্তারের মৃত্যু এবং একজন শিক্ষার্থী আহত হয়েছেন। আমার এক বন্ধু মণ্ডলের মোড় থেকে একটু সামনে মেসে থাকে।  ক্যাম্পাস থেকে মণ্ডলের মোড় হয়ে ফেরার সময় দুজন ছিনতাইকারী মোটরসাইকেলে করে এসে হাতে থাকা মুঠোফোন নেওয়ার জন্য থাবা দেয়। একটুপরই পেছন থেকে আসা অটোরিকশা দেখে ছিনতাইকারীরা জোরাজুরি না করে চলে যায়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় বা রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে আশপাশে বিনোদপুর, কাজলা, ভদ্রা, তালাইমারি, মেহেরচণ্ডী এলাকায় অসংখ্য ছাত্রাবাস আছে। যেখানে রাবি, রুয়েটের হাজার হাজার শিক্ষার্থীর বাস। তাদের প্রতিনিয়তই প্রয়োজনীয় কাজে বাইরে যাতায়াত করতে হয়। অনেকের সন্ধ্যার পর আশপাশের এলাকা বা উপশহরের দিকে টিউশন থাকে। মেসে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। এমতাবস্থায় ছিনতাইকারীদের এমন উৎপীড়ন সত্যিই আশঙ্কাজনক।

ছিনতাইকারীরা নিজেদের প্রত্যাশিত কার্যোদ্ধার করতে না পারলে অনেক ভয়ানক রূপ ধারণ করে যা আমরা প্রতিনিয়তই দেখি। এই অবস্থায় শিক্ষার্থীদের জীবন, জানমাল হুমকির মুখে। সন্ধ্যার পর চলাফেরায় সর্বদাই আতঙ্কে থাকে কখন যে বিপদের মুখোমুখি হতে হয়।

এই পরিস্থিতি থেকে উত্তরণ পাওয়ার জন্য রাজশাহী নগরের মেয়র ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি। সন্ধ্যার পর এই এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হোক। যারা এমন অপকর্মের সাথে জড়িত তাদের শাস্তির আওতায় এনে উপযুক্ত বিচার করা হোক।

তাহফিম হাসান মেহেদী
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
ইমেইল: altahfim@gmail.com