
আমরা সব সময় দেখি, টাকা বা ডলার পাচার হয়। কেন হয়? গভীরে ডুব দিয়ে সেটি আমরা কখনো ভেবে দেখেছি বলে মনে হয় না। শুধু প্যারাসিটামল প্রয়োগ করেছি, কিন্তু যেখানে মরণব্যাধি বাসা বেঁধেছে, সেখানে এক হাজারটা প্যারাসিটামলেও কাজ হচ্ছে না।
আসুন নিজের জীবন নিয়ে ভাবি। প্রথমত, আমি বেঁচে থাকতে চাই। ভালো আয়রোজগার, তারপর ভালো নাগরিক সুবিধা, এরপর সন্তানের লেখাপড়া ইত্যাদি, যদি সবকিছু একসঙ্গে পেয়ে যাই, তাহলে কিন্তু অন্য কোথাও চলে যাওয়ার চিন্তাই করব না। আমার স্ত্রী–সন্তান নিয়ে এখানেই জীবন পার করে দেব। আমার জানামতে, পরিচিত যারা দেশের বাইরে গেছে এবং সেখানে থেকে গেছে, মূলত নিরাপত্তা ও উন্নত জীবনযাপনের উদ্দেশ্য। তাদের বৈদেশিক মুদ্রা এ দেশে আসছে না। আবার যারা আমাদের কষ্টে অর্জিত অর্থ বিদেশে পাচার করছে, তাও ওই একই উদ্দেশ্যে। ফলাফল হচ্ছে, দ্বিগুণ ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা। যেখানে লাভ হওয়ার কথা ছিল দ্বিগুণ।
তাহলে নীতিনির্ধারকেরা এটা কি বুঝতে ব্যর্থ? মূল জায়গাগুলো সংস্কার করতে চেষ্টা ছিল নির্ধারকদের? সেটা কি পর্যাপ্ত ছিল? না, ছিল না এবং এখন দৃশ্যমান কিছু নেই। সঠিক লোক সঠিক জায়গায় বসাতে পারলে সম্ভব। যেটা ভূমি মন্ত্রণালয়ে দেখিয়েছেন বতর্মান দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।
অপার সম্ভাবনা রয়েছে আমাদের এই সোনার বাংলার। সেকেন্ড হোম করতে বাংলাদেশে বিদেশিরা আসবে ডলার নিয়ে। হ্যাঁ, আসবে। আপনি সে ক্ষেত্রটা তৈরি করে দিন। আবহাওয়া, শ্রম, জীবনযাত্রার ব্যয়—সবই অনুকূলে রয়েছে।
এবারে আসি পদ্ধতিগত বিষয় নিয়ে। আমাদের কতজন প্রবাসী আছে, তার কোনো সুনির্দিষ্ট ও চূড়ান্ত ডেটাবেজ সরকারের কাছে আছে? না থাকলে সেখানে নজর দিতে হবে আগে। তাদের দেখভাল করার দায়িত্ব সরকারের। পর্যাপ্তসংখ্যক লোকবল নিয়ে বিশেষায়িত টিম গঠন করতে হবে। প্রতিটি প্রবাসীর নির্দিষ্ট ব্যাংক হিসাবের বৈদেশিক মুদ্রা নিশ্চিত করবে ওই টিম। এখন কথা হলো, প্রবাসীর কিসের দায়, সে ব্যাংকে চ্যানেলে টাকা পাঠাবে? হ্যাঁ, প্রক্রিয়ার কারণে সে আসবে। কারণ, তার লাভ আছে এখানে। প্রবাসে তার দায়িত্ব সরকারের এবং তার জন্য সর্বজনীন পেনশনের একটা বিরাট ছাড়ের ব্যবস্থা থাকবে। ডলার উপচে পড়বে আমাদের রিজার্ভে। কারণ, এখানে উভয় পক্ষই লাভবান হবে। নিজ থেকেই হুন্ডি হারিয়ে যাবে কালের গহ্বরে।
কোনো কিছু চাপিয়ে দিয়ে, ধরপাকড়, পুলিশি ভয়ভীতি দিয়ে স্থায়ী সমাধান সম্ভব নয়। জনগণের সম্পৃক্ততা থাকলে দীর্ঘ মেয়াদে টেকসই সমাধান করা সম্ভব হয়ে ওঠে। আশা করি, সংশ্লিষ্ট মহল নিশ্চয়ই এ বিষয়ে সজাগ আছেন এবং দ্রুত কিছু পদক্ষেপ নেবেন। যোগ্য রেট নির্ধারণ, প্রেরক এবং প্রাপক উভয় প্রান্তে বিস্তৃত নেটওয়ার্ক সৃষ্টি এবং সহজে রেমিট্যান্স প্রেরণের সব বাধা দূর করবেন। সত্যি সত্যি একদিন এই দেশ সত্যিকারের উন্নত দেশ হিসেবে গড়ে উঠবে।
মফিজুর রহমান
এভিপি, আইসিসিডি
ব্যাংক এশিয়া, করপোরেট অফিস
কাওরানবাজার, ঢাকা