চিঠিপত্র

দক্ষিণবঙ্গের মানুষের এইসব দুর্দশার অবসান হোক

বাড়ি থেকে এক কিলোমিটার দূরে পুকুর থেকে কলসিতে পানি নিয়ে ফিরছেন নারীরা। খুলনার কয়রা উপজেলার পাথরখালী গ্রামে
ফাইল ছবি: প্রথম আলো

গরমের দিনে ঘরের চাতালে বসে দক্ষিণা বাতাসে কাঁচা আম মাখা খাওয়ার মজাই ছিল আলাদা। চারদিকে ধু ধু করে ফাঁকা মাঠ। বছরে একবার আবার কোথাও বা দুবার ধান চাষ হতো। বাকি সময়ে অন্যান্য সবজির চাষ হতো। গ্রীষ্মকালে শেষে যখন প্রথম বর্ষা হতো, তখন মেঘের ডাকে পুরোনো পুকুর থেকে কই ও শিং মাছ বের হওয়া যেন প্রাকৃতিক নিয়ম ছিল। নতুন পানির সঙ্গে বের হয়ে আসত শত শত প্রজাতির মাছ। কই, শিং, টাকি, শোল, গজার, পুঁটি, বাইন, ফাইশ্যা, রয়না, ফলই, চিতল, বোয়াল, খলিশা, ট্যাংরা ছিল এদের মধ্যে অন্যতম।

বর্ষাকালে মাঠ যখন পানিতে ডুবে থাকত, তখন রাতের বেলা মাছ ধরা তো নিত্যকার ব্যাপার ছিল। বর্ষাকালে দিনের বেলা কলাগাছের ভেলা বা তালগাছের ডোঙায় করে মাঠের পানির মধ্যে ঘুরে ঘুরে শাপলা তোলার ইতিহাস খুব বেশি দিনের নয়। কিন্তু এ সবকিছু এখন শুধু স্মৃতি হয়ে আছে। সেই দিন আর নেই। আর সেই ফাঁকা মাঠও আর নেই। সময়ের সঙ্গে সবকিছুর পরিবর্তিত হবে—এটাই স্বাভাবিক। কিন্তু এই এলাকার এসব বিষয় কৃত্রিমভাবে পরিবর্তন করা হয়েছে।

জমি কেটে ঘের তৈরি করা হয়েছে। ঘের হলো একটি আবদ্ধ ক্ষেত্র, যা জমিতে নালা কেটে বা গর্ত করে সেই নালা বা গর্তের মাটির চারপাশে উঁচু আলের মতো বেঁধে জলাশয় তৈরি করা হয়। চিংড়ি চাষে অধিক মুনাফার লোভে অধিকাংশ মানুষ তাদের দুই ফসলি, তিন ফসলি জমি কেটে ঘের তৈরি করেছে। যদিও এতে লাভ কম নয়। কারণ চিংড়িকে সাদা সোনা বলা হয়। কিন্তু চিংড়ি চাষের কারণে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। চিংড়ি চাষ করতে লোনাপানি দরকার। আগে খালে বাঁধ দিয়ে লোনাপানি আসা বন্ধ করা হতো। কারণ লোনাপানি ফসলের চরম ক্ষতি করে। কিন্তু এখন চিংড়ি চাষের জন্য লোনাপানি আনতে হচ্ছে। এতে ফসলের প্রচুর ক্ষতি হচ্ছে। গলদা চিংড়ি মিঠাপানিতে চাষ করা গেলেও বাগদা চাষ করতে লোনাপানির দরকার হয়। লোনাপানির কারণে দেশের দক্ষিণবঙ্গের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একসময়ের ফসলি জমি কেটে চিংড়ি চাষ করার কারণে ধান চাষ হুমকির মুখে পড়েছে।

লোনাপানির প্রভাবে গোটা দক্ষিণ উপকূল থেকেই ইতিমধ্যেই বিলুপ্ত হয়ে গেছে অন্তত ৬০ হাজার প্রজাতির মাছ ও বিভিন্ন প্রজাতির পশুপাখি। প্রথম দিকে কিছু কৃষক চিংড়ি চাষের দিকে ঝুঁকলেও কয়েকবার চিংড়ি চাষ করে লোকসান হওয়ার পর তাঁদের সেই ইচ্ছে উঠে গেছে। এখন অধিকাংশ ঘেরে প্রভাবশালী ব্যক্তিরা চিংড়ি চাষ করেন। এখানেই আসল সমস্যা। লোনাপানিতে কৃষকের ক্ষতি হলেও প্রভাবশালী ব্যক্তিদের ক্ষমতার দাপটে কৃষকদের কথা কেউ শোনে না। সাধারণ কৃষকেরা এখন অনেকটা বাধ্য হয়েই চিংড়ি চাষ করেন।

বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এলাকায় ভবন তৈরি করার অল্প কিছুদিনের মধ্যেই দেয়ালে ফাটলের সৃষ্টি হচ্ছে। দেয়ালের রং খসে পড়ে যাচ্ছে। এলাকার লোকজন এর জন্য লোনাপানিকে দায়ী করছে। অনেক পুরোনো গাছ মারা গেছে দক্ষিণ অঞ্চলে লোনাপানি ঢোকার পর। আগে চারদিক সবুজে ঢাকা ছিল। কিন্তু এখন আর তেমন নেই। লোনাপানির কারণে অনেক গাছপালা মরে গেছে।

নারকেল ও সুপারির ফলন খুব ভালো ছিল একসময় এই অঞ্চলে। কিন্তু লোনাপানি ঢোকার কারণে নারকেল ও সুপারির ফলন অনেক কমে গেছে।

অনেকে বাধ্য হয়েছে চিংড়ি চাষ করতে। কারণ, দেখা গেছে আশপাশের সবাই চিংড়ি চাষ করেন। ফলে সেসব জায়গায় লোনাপানি থাকে। ঘেরের বাঁধের মধ্যে থেকে লোনাপানি ধানের জমিতে প্রবেশ করে। এ কারণে জমির ফসল উৎপাদন কম হয়। এ কারণে গরিব কৃষক বাধ্য হয়ে ধান চাষ বন্ধ করেন।

দেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগর সাগরের লোনাপানির প্রভাব এলাকার প্রকৃতির ওপর পড়ছে। এটা তো প্রাকৃতিকভাবে হচ্ছে। কিন্তু চিংড়িঘেরের কারণে গ্রামগঞ্জের মাটি লবণাক্ত হচ্ছে। আন্তর্জাতিক সংস্থা প্র্যাকটিক্যাল অ্যাকশনের গবেষণায় জানা গেছে, ১৯৯৫ থেকে ২০১৫ সালের মধ্যে দক্ষিণবঙ্গের জেলা, বিশেষ করে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার কৃষিজমি আশঙ্কাজনক হারে কমেছে। চিংড়ি চাষের জন্য লোনাপানি আনতে স্লুইসগেট ছিদ্র করে বাঁধ দুর্বল করে দেওয়া হচ্ছে। যার কারণে এসব এলাকায় সৃষ্টি হচ্ছে বন্যা ও স্থায়ী জলাবদ্ধতার।

এই এলাকার যেসব মানুষ আগে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন, তাঁদের অধিকাংশই বেকার হয়ে পড়েছেন। অনেকে অন্য কাজ করছেন। কিন্তু তাঁরা আগে যেমন অর্থনৈতিকভাবে সচ্ছল ছিলেন, এখন তেমন নেই। অর্থনৈতিকভাবে অনেক অসচ্ছল হয়ে গেছেন তাঁরা।

কৃষিশ্রমিকেরা কাজ হারিয়েছে, শিশু-কিশোরেরা খেলার মাঠে হারিয়েছে। পানির অবাধ প্রবাহ নষ্ট হয়ে গেছে ঘেরের কারণে। মনে হয় যেন এই ঘেরগুলো একপ্রকার ঘেরাও করে রেখেছে দেশ।

লবণাক্ততার কারণে নষ্ট হয়ে যাওয়া জমির উর্বরতা ফিরিয়ে আনা সহজ কাজ নয়। এ–সম্পর্কিত প্রতিটি গবেষণায় দেখা গেছে, লোনাপানিতে চিংড়ি চাষের ফলে সাম্প্রতিক সময়ে এসব অঞ্চলের চাষের জমি প্রায় ৮০ শতাংশ কমে গেছে।

৪০ শতাংশ কৃষিজমি মারাত্মক হুমকির মুখে। গবেষকেরা বলছেন ঘন ঘন লোনাপানির প্লাবনে ইতিমধ্যে অনেক কৃষক ধান চাষ ছাড়তে বাধ্য হয়েছেন। কৃষকেরা ধানের জমিতে চিংড়ি বা অন্য সামুদ্রিক মাছের চাষ করছেন এখন। লবণাক্ততা বৃদ্ধির ফলে বর্গা চাষিদের আয় বছরে ২১ শতাংশ কমেছে।

সবচেয়ে ভয়ংকর ব্যাপার হলো, আইসিডিডিআরবির গবেষণায় জানা গেছে, লোনাপানির কারণে দক্ষিণাঞ্চলের নারীদের গর্ভপাতের হার অন্য জায়গা তুলনায় ১১ শতাংশ বেশি। এটা খুবই চিন্তার একটা বিষয়।

এলাকায় লোনাপানি ঢোকার কারণে স্বাদু পানির খুব অভাব দেখা দিয়েছে। দক্ষিণবঙ্গের মানুষ সাধারণত গভীর নলকূপ বা নির্দিষ্ট কোনো পুকুরের পানি পান করে। কিন্তু এই নলকূপ ও পুকুরের পানিতেও লোনাপানির প্রভাব পড়েছে। গোসল করাসহ সব কাজে এই এলাকার মানুষ যে পানি ব্যবহার করে, তাতে লবণের পরিমাণ অনেক বেশি। এতে প্রচণ্ড স্বাস্থ্যঝুঁকি দেখা দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী, কোনো ব্যক্তির প্রতিদিন ৫ গ্রামের বেশি লবণ খাওয়া উচিত নয়। কিন্তু উপকূলীয় এবং চিংড়ি চাষের জন্য লোনাপানি ঢোকা অঞ্চলের মানুষকে প্রতিদিন স্বাভাবিকের চেয়ে ২০০ গুণ বেশি লবণ খেতে হচ্ছে, যা তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ কারণে এই অঞ্চলের মানুষের স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে আশঙ্কাজনকভাবে।

এমনিতেই বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বাড়ছে এবং সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে। দক্ষিণাঞ্চলের একটা বড় অংশ সমুদ্রের পানির নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার ওপর কৃত্রিমভাবে তৈরি এই সংকটের কারণে দক্ষিণাঞ্চলের পরিবেশ হুমকির মুখে পড়েছে।

চিংড়ি চাষের শুরু থেকেই এই চাষবিরোধী অনেক আন্দোলন হয়েছে। চিংড়ি চাষের ফলে সাধারণ চাষিদের চরম সর্বনাশ হয়েছে। কিন্তু এ বিষয়ে দীর্ঘমেয়াদি কোনো তৎপরতা দেখা যায়নি। চিংড়ি চাষে লাভ আছে, এটা ঠিক। কিন্তু এর ফলে দীর্ঘমেয়াদি পরিবেশের যে ক্ষতি হচ্ছে, তার দায় কে নেবে? এ জন্য দরকার সুনির্দিষ্ট পরিকল্পনার।

চিংড়ি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চিংড়ি রপ্তানি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম খাত। প্রতিবছর প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রার জোগান দেয় এই শিল্প। তাই চিংড়ি চাষ বন্ধ করলে দেশের অর্থনীতির ওপর প্রভাব পড়বে। এ কারণে চিংড়ি চাষ বন্ধ না করে চিংড়ি চাষের নতুন কোনো উপায় বের করতে হবে, যাতে লোনাপানি এলাকায় ঢোকানোর প্রয়োজন হবে না। স্বাদু পানিতে চাষযোগ্য চিংড়ির প্রজাতি যদি আনা সম্ভব হয়, তাহলে এটা হতে পারে সবচেয়ে বড় সমাধান।

দেশের দক্ষিণাঞ্চলের এই সমস্যার প্রভাব সমগ্র দেশের ওপর পড়ছে। লোনাপানির কারণে কাজ হারানো মানুষ কাজের খোঁজে শহরে আসছে। এতে শহরের জনসংখ্যা বাড়ছে।

আবার অনেক বড়সংখ্যক মানুষের আয় কমে যাওয়ার ফলে এর প্রভাব দেশের অর্থনীতির ওপর পড়ছে। এদিক বিবেচনা করে বলা যায়, এ সমস্যা শুধু দক্ষিণবঙ্গের মানুষের নয়, বরং সমগ্র দেশের। এ কারণে যত দ্রুত সম্ভব এ সমস্যার সমাধান করতে হবে।

সুকান্ত দাস

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া