চিঠিপত্র

শিক্ষা, কর্মক্ষেত্র এবং বাটারফ্লাই ইফেক্ট

বাংলাদেশ উন্নয়নশীল দেশ। একসময় সুদূর অতীতে দেশে শিক্ষার অভাব ছিল কিন্তু বর্তমানে সাক্ষরতার হার অতীতের তুলনায় অনেক বেশি। সেই সাথে বেড়েছে কর্মক্ষেত্রও। এই অত্যাধুনিক প্রযুক্তির যুগে শিক্ষাক্ষেত্রে যেমন যুক্ত হচ্ছে নতুন নতুন বিষয় তেমন কর্মক্ষেত্রও প্রসারিত হচ্ছে ব্যাপকভাবে। কিন্তু দুঃখের বিষয় হলো দীর্ঘ ২৫-২৬ বছর ধরে একজন শিক্ষার্থী শিক্ষাক্ষেত্রে জ্ঞানার্জন করছে এক বিষয়ে আর কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করছে অন্য বিষয়ে।

বিভিন্ন বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরা শিক্ষাজীবন শেষ করে সবাই যেন ভিন্ন স্রোতে গা ভাসিয়ে চলছে বছরের পর বছর। যার কোনো পরিবর্তন নেই। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা অধিকাংশ শিক্ষার্থী চায় নিরাপদ ভবিষ্যৎ হিসেবে সরকারি চাকরি। শিক্ষাজীবনের বহির্ভূত কোনো বিষয়ে সেই চাকরি পেতে ও করতে কোনো আপত্তি নেই। পাঠকদের বোঝানোর সুবিধার্থে বলা যেতে পারে, ধরুন হিসাববিজ্ঞান বিষয়ের কোনো শিক্ষার্থী কর্মক্ষেত্রে গিয়ে ম্যাজিস্ট্রেট হচ্ছেন, যিনি কিনা আইন বিষয়ে গভীর ধারণা রাখেন না। দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা বুয়েটে পড়াশোনা করেন, দেখা যায় তাদের কেউ কেউ ছাত্রজীবন শেষ করে বেছে নেন ব্যাংকের চাকরি বা প্রথম শ্রেণির কোনো সরকারি চাকরি। এ রকম আরও উদাহরণ দেওয়া যাবে।

মানবিক এবং বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীরা বেছে নিচ্ছেন ব্যাংক জব, তেমনি ব্যবসায় শিক্ষার ছাত্রছাত্রীরা বেছে নিচ্ছেন অন্য কোনো সাধারণ পেশা। তা ছাড়া সবাই গতানুগতিক ভাবে দৌড়াচ্ছে বিসিএসের পেছনে। এভাবেই এমন একটি চক্র গড়ে উঠেছে যে, যেখানে যার থাকার কথা ছিল তা উল্টে গেছে। এক সমীক্ষায় দেখা গিয়েছে, ৩৮তম বিসিএস পরীক্ষায় বুয়েট থেকে ৮২ জন, কুয়েট থেকে ৬৪ জন, রুয়েট থেকে ৫৯ জন এবং চুয়েট থেকে ৫৫ জন প্রশাসনিক ক্যাডারে চাকরি নেন। আর ৪০তম বিসিএস পরীক্ষার ফলাফলে প্রশাসন, পররাষ্ট্র ও পুলিশের মতো তিনটি লোভনীয় ক্যাডারেও প্রকৌশলীর শিক্ষার্থীদের জয়জয়কার দেখা গেছে। অথচ এসব মেধাবী শিক্ষার্থী নিজেদের ক্ষেত্রেই সবচেয়ে বেশি অবদান রাখতে পারতেন।

আমাদের দেশে মেধাবী শিক্ষার্থীর অভাব নেই বরং অভাব আছে দক্ষ কর্মশক্তির। এর একটি বাটারফ্লাই ইফেক্ট পড়েছে কয়েকটি প্রজন্মে এবং সেটি ব্যাপকভাবে, যা সমাজ সর্বোপরি দেশের বর্তমান এবং ভবিষ্যৎকে প্রভাবিত করেই যাচ্ছে।

এডওয়ার্ড লরেঞ্জের বাটারফ্লাই ইফেক্ট মূলত এমন একটি সূক্ষ্ম ঘটনা যার কেন্দ্র ধরে আরও বহু ঘটনার আবির্ভাব হয়ে থাকে। আমাদের দৈনন্দিন ছোট ছোট কাজ, ক্ষুদ্র চিন্তাভাবনা পরবর্তীতে বড় ধরনের পরিবর্তন আনে আমাদের জীবনে। এই যে, শিক্ষিত সমাজের বিষয়বহির্ভূত কর্মক্ষেত্র বেছে নেওয়ার ফলে তারা দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে বা হওয়ার আশঙ্কা তৈরি হয়, এতে দায়িত্বপালনের ক্ষেত্রে নানাভাবে অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা, অনিয়ম বা দুর্নীতি বেড়ে যাওয়া, সেটিকে বলা যেতে পারে বাটারফ্লাই ইফেক্ট।

রাজনীতি, ব্যবসায়,আইন, শিক্ষা, চিকিৎসা, প্রকৌশল, পর্যটন ইত্যাদি প্রতিটি ক্ষেত্রে দক্ষ কর্মীর অভাব, যারা কিনা কৌশলে সিদ্ধান্ত প্রণয়ন করতে পারবে। এতে তারা গবেষণায় মনোযোগী হতে পারছে না। তারা তাদের দীর্ঘদিনের অর্জিত জ্ঞান শুধুমাত্র সার্টিফিকেটের ভেতর সীমাবদ্ধ করে রেখেছে।

বিভিন্ন বিষয়ে পড়ালেখার জন্য সরকারের নানামুখী বাজেট বা প্রণোদনা থাকে। যেমন দেশের একজন প্রকৌশলী বা চিকিৎসক বানাতে বিপুল অর্থ খরচ হয়। তারা তাদের প্রযুক্তিগত দক্ষতা, জ্ঞান এবং গবেষণা  দিয়ে জাতির সেবা করবে এটিই সবার প্রত্যাশা থাকে। কিন্তু দেশের বেহাল কর্মসংস্থান, বেকারত্ব এবং সঠিক পরিকল্পনার অভাবে এসব মেধাবী শিক্ষার্থী স্ব স্ব ক্ষেত্রে মেধার স্বাক্ষর রাখতে পারছে না। এতে শুধু দেশ ও সমাজ তার মেধা ও সেবা থেকেই বঞ্চিত হচ্ছে না, তার পেছনে খরচ হওয়া বা বিনিয়োগ করা বিপুল অর্থেরও এক প্রকার অপচয় হচ্ছে। তাই এসব বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সরকারের নীতিনির্ধারকদের পদক্ষেপ নেওয়া উচিত।

সাবিহা নাজনীন
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া