চিঠিপত্র

মুঠোফোনে এটা কিসের মেসেজ?

বাংলাদেশ উন্নয়নশীল দেশ। কিন্তু কর্মসংস্থানের অভাবে রয়েছেন লাখো তরুণ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুসারে, ২০২৩ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ লাখে। যেহেতু কর্মসংস্থান সীমিত, বেকারত্ব অসীম—সেহেতু সময়টাকে জোরালোভাবে কাজে লাগাচ্ছে একদল প্রতারক চক্র।

তাদের টার্গেট দেশের বিভিন্ন স্থান থেকে অল্প শিক্ষিত বেকার এবং আর্থিকভাবে অসচ্ছল তরুণদের আকর্ষণীয় ও উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্র কিংবা লটারি জয়ের খবর দিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করা। এর মাধ্যমে তারা হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। একইভাবে ইদানীং একটি মেসেজ (মুঠোফোনের খুদে বার্তা) সিম গ্রাহকদের অতিষ্ঠ করে তুলেছে।

ফেসবুকে এ নিয়ে চলছে উদ্বেগ–উৎকণ্ঠা। সবার প্রশ্ন কিসের মেসেজ এটি? প্রতিদিন ২০০০ টাকা দেবে এই মর্মে কাজ দেওয়ার নামে একটি লিংকে প্রবেশের জন্য অনুরোধ করা হচ্ছে। এতে না বুঝে প্রতারকদের ফাঁদে পা দিচ্ছে অনেকে। বিশেষ করে, কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীরা এ চক্রের শিকার।

বাংলাদেশ সাইবার অপরাধ প্রবণতা-২০২৩ প্রতিবেদন অনুসারে, ভুক্তভোগী ব্যক্তিদের ১৪ দশমিক ৮২ শতাংশের বয়সই ১৮ বছরের নিচে, যা ২০১৮ সালের জরিপের তুলনায় ১৪০ দশমিক ৮৭ শতাংশ বেশি।

প্রশ্ন হলো, গ্রাহকের নম্বরগুলো কেন অপরাধীদের হাতে চলে যাচ্ছে? গ্রাহকের নম্বরের গোপনীয়তা নিশ্চিতের দায়িত্ব কার? সিম কোম্পানিগুলোর কি এতে কোনো দায়িত্ব নেই? বিকাশ, নগদ কিংবা বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষের পরিচয় দিয়ে যারা মানুষকে বোকা বানিয়ে অর্থ আত্মসাৎ করছে, তাদের নীতি-নৈতিকতা নিয়ে বরাবরই প্রশ্ন থেকে যায়।

  • কাওসার আকতার
    শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ