কুড়িগ্রাম একটি মঙ্গাপীড়িত জেলা। এই জেলা দিয়ে ভারতের প্রায় ১৪টি নদী বাংলাদেশে প্রবেশ করেছে। এ ছাড়া আরও দুটি আন্তসীমান্তীয় নদী এ জেলার ওপর দিয়ে প্রবাহিত। বাংলাদেশের সবচেয়ে বেশি পানি বহনকারী ব্রহ্মপুত্র নদও কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
এসব নদীর কোল ঘেঁষে গড়ে উঠেছে কুড়িগ্রাম জেলা। প্রতি বর্ষা মৌসুমেই এ জেলায় ব্যাপক বন্যা হয়। স্মরণকালের সবচেয়ে বড় বন্যা হয়েছিল গত বছরে সিলেট ও কুড়িগ্রাম অঞ্চলে। প্রকৃতির কালবৈশাখীর তাণ্ডব, বর্ষার জল ও ভয়াবহ বন্যা উপেক্ষা করে এখন শীতের তীব্রতায় কুড়িগ্রামের জনজীবন একেবারেই বিপর্যস্ত।
শীত মৌসুমে মানুষের ঠান্ডাজনিত কষ্ট থাকলেও যাতায়াতের কোনো অসুবিধা কখনোই পরিলক্ষিত হয়নি। কারণ, মানুষ অনায়াসে শুকনো আবাদি জমি দিয়ে চলাফেরা করেন। এবারের ভয়াবহ বন্যায় কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন বুড়াবুড়ী, দুর্গাপুর, বেগমগঞ্জসহ অন্য উপজেলার রাস্তাঘাটের অবস্থা একেবারেই শোচনীয়।
গত বন্যার সার্বিক অবস্থা উপলব্ধি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট জরুরি ভিত্তিতে মেরামত করা হবে। শীত মৌসুম শেষ হতে চলছে, কিন্তু রাস্তাঘাট মেরামতের কোনো অগ্রগতি দৃশ্যত হচ্ছে না। কুড়িগ্রামের অবকাঠামোগত উন্নয়নকাজের গতি বরাবরই মন্থর।
প্রতি অর্থবছরে আর্থসামাজিক অবকাঠামো ও জনগুরুত্বপূর্ণ রাস্তাঘাট, সেতু ও কালভার্ট সংস্কারের জন্য সরকার নিয়মিত প্রয়োজনীয় বরাদ্দ দিয়ে থাকে। সময় অনুযায়ী টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়। কিন্তু উদ্বোধনের পরই শুরু হয় মন্থরগতি। নানা অজুহাতে ঠিকাদারেরা বারবার সময় বাড়িয়ে নিয়ে নির্ধারিত তারিখ পেরোলেও বছরের পর বছর কাজ অসমাপ্তই থেকে যায়।
কিন্তু এবারের চিত্র পুরোদমে ভিন্ন। বিশেষ করে উলিপুর উপজেলায় ২০২১-২২ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ৩১ কোটি ৭ লাখ ২৪ হাজার ১৭৬ টাকা ফেরত গেছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনিয়ম, দুর্নীতি, দায়িত্বে অবহেলা, দর-কষাকষি, ইউপি চেয়ারম্যান ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের ভাগাভাগির দ্বন্দ্বে (সূত্র: দৈনিক আমাদের সময় পত্রিকা, প্রকাশিত ২৭ সেপ্টেম্বর ২০২২)।
এতে উলিপুর উপজেলাসহ পুরো জেলায় অবকাঠামোগত যে উন্নয়ন হওয়ার কথা ছিল, তা একেবারেই শূন্যের কোটায়। গুরুত্বপূর্ণ রাস্তাঘাট সময়মতো মেরামত না হওয়ায় সরকারবিমুখ হচ্ছে সাধারণ জনগণ। অবকাঠামোগত উন্নয়নকাজের জন্য বরাদ্দকৃত অর্থের সুষ্ঠু তদারকি ও ঠিকাদারের হেয়ালিপনার কারণে গ্রামীণ জনপদের রাস্তাঘাট সংস্কার হচ্ছে না।
এতে সরকারের নেওয়া প্রকল্প সঠিকভাবে বাস্তবায়নও হচ্ছে না। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবায় এ জনপদের মানুষ চরম অবহেলিত। বেকার সমস্যা প্রতিনিয়ত বেড়েই চলছে। এসব সমস্যা নিরসনে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কুড়িগ্রাম অঞ্চলে অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার কথা থাকলেও সরেজমিনে কোনো উদ্যোগই দেখা যাচ্ছে না।
গত ২৪ ডিসেম্বর ২০২২ তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর), কাজের বিনিময়ে টাকা (কাবিটা) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির অধীন নানা প্রকল্পে অনিয়ম হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এসব দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত স্থানীয় জনপ্রতিনিধিসহ অনেকেই। উলিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থবছরে গ্রামীণ অবকাঠামোগত সংস্কার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে টিআরের ১৯০টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ হয়েছে ৩ কোটি ৬ লাখ ৭৬ হাজার ২১৮ টাকা।
এ ছাড়া কাবিটার ৩৩টি প্রকল্পের জন্য ১ কোটি ৩৭ লাখ ৯৯ হাজার ১৬৮ টাকা। কাবিখার ৩৪টি প্রকল্পে ৩৬০ দশমিক ৯৮৯ মেট্রিক টন চাল ও ২৫টি প্রকল্পে ২৯১ দশমিক ৯৮৫ মেট্রিক টন গম বরাদ্দ হয়েছে মর্মে প্রথম আলো পত্রিকার মারফতে জানতে পেরেছি। কিন্তু কী নিদারুণ পরিহাস! একটি উপজেলার জন্য এত বিপুল পরিমাণ টাকা বরাদ্দ থাকা সত্ত্বেও এর এক-তৃতীয়াংশ যদি গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নকাজে ব্যয় করা হতো, তাহলে মঙ্গাপীড়িত কুড়িগ্রাম আজ উন্নয়নের সুউচ্চ সোপান সিঁড়িতে দাঁড়াতে সক্ষম হতো। একটি জেলায় এত সব দুর্নীতি, অনিয়ম ও বৈষ্যমের প্রকটতাকে প্রাধান্য দিয়ে কীভাবে আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে পারি?
রনি সরকার
শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর
ইমেইল: ronysarker11111@gmail.com