চিঠিপত্র

ইছামতী নদীর ওপর গুরুত্বপূর্ণ সেতুটি কবে নির্মিত হবে?

সিরাজগঞ্জ হতে বের হলেই প্রথমে চোখে পড়ে সিরাজগঞ্জ-কাজিপুর-বগুড়া চার লেন সড়ক। সিরাজগঞ্জ পলিটেকনিক কলেজ, ফলিত পুষ্টি গবেষণা ইনস্টিটিউট, শেখ হাসিনা নার্সিং ইনস্টিটিউট, সীমান্ত বাজার ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, আমেনা মনসুর টেক্সটাইল ইনস্টিটিউট এ রকম উল্লেখ না করা আরও কত প্রতিষ্ঠানের সেখানে অবস্থান। পিপুল বাড়ীয়া শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী চত্বর হতে মহিষামুড়া শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী চত্বর হয়ে মহাসড়কটি চলে গিয়েছে বগুড়ার দিকে। সব মিলিয়ে প্রয়োজনীয় ৯৮ শতাংশ উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রায় শেষ হয়েছে। অথচ মহাসড়কের সাথে মাত্র ১০ ফুট পশ্চিমে ইছামতী নদীর ওপর একডালা নামক স্থানে জনগুরুত্বপূর্ণ সেতুটি আজও নির্মিত হয়নি।

কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু ব্যস্ততম হলে একইস্থানে ২টি বাঁশের সেতু নির্মাণ করা হয় তা সকলেই অনুমেয়। বর্ষাকালে নৌকা দিয়ে পারাপার হতে হয়। তখন দুই মিনিটের পথ পাড়ি দিতে হয় ৩০ মিনিটে বা ১ ঘণ্টায়, যা খুবই দুঃখজনক। একসময় এমনও ঘটনা ঘটেছে, প্রসূতি মা প্রসববেদনায় সিরাজগঞ্জ হাসপাতালে যাওয়ার পথে খেয়াঘাটেই বাচ্চা জন্ম দিয়েছেন বা মারা গিয়েছেন। একবার এক ব্যক্তি বিয়ে করতে গিয়ে সারা রাত বর-কনেসহ এই খেয়াঘাটে রাত পার করেন, ভোরবেলায় মাঝি এসে নদী পার করে দিলে তারপর বাড়িতে আসতে পারেন। এমন ঘটনায় অনেকে মজা পেলেও সেটি ছিল কষ্টদায়ক পরিস্থিতি।

সেতুটি কতটা গুরুত্বপূর্ণ, কতটা প্রত্যাশার তা প্রতিদিনের ভুক্তভোগী ছাড়া কেউ বুঝতে পারবে না। ২০২০ সালে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সংসদ সদস্য মোহাম্মদ নাসিম মারা গেলে সেখানে সংসদ সদস্য নির্বাচিত হন তাঁরই সন্তান ও তারুণ্যের অহংকার প্রকৌশলী তানভীর শাকিল জয়। এতে আমরা আশান্বিত হই।

নদীর উভয় পাশের মানুষ বাস, সিএনজি গাড়ি, অটোরিকশা হতে নেমে কষ্ট করে যখন বাঁশের সাঁকো দিয়ে লাগেজ ও পোটলা নিয়ে নদী পার হয় এ দৃশ্য দেখে সত্যি কষ্ট লাগে। পার হওয়ার সময় ঘর্মাক্ত শরীর বেয়ে আসে একটা ক্লান্তির ছাপ। বিরক্ত স্বরে বিষোদ্‌গার করতে থাকে ভুক্তভোগীরা। এমন জনগুরুত্বপূর্ণ রাস্তাতে সেতু আজকের সময়ে কোথাও বাদ আছে তা আমার জানা নেই। শুধুমাত্র শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী, প্রয়াত মোহাম্মদ নাসিম ও তানভীর শাকিল জয় সাহেবের বাড়ির পাশের জায়গা ছাড়া।

একদিন গোপাল নগর, মথুরাপুর, চৌকি বাড়ি, সুঘাট,মির্জাপুর ও সীমা বাড়ি ইউনিয়নবাসী কাজীপুরবাসীর কথা সবাই গুরুত্ব দিয়ে শুনতেন। একদিন যারা ছিলেন শ্রোতা তারাই এখন বক্তা হয়ে তাচ্ছিল্যের ভাষায় বলে ধুনট শেরপুরের এলাকায় হলে এ সেতু কত দিন আগেই হতো, আরও কত কথা......। অসহায় কাজীপুর ও সিরাজগঞ্জবাসী কথাগুলো নীরবে হজম করছে।

তাই শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর দৌহিত্র ও মোহাম্মদ নাসিম সাহেবের সুযোগ্য পুত্র মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় আপনার সুদৃষ্টি কামনা করছি। এই মহাগুরুত্বপূর্ণ সেতুটি অতিসত্বর নির্মাণ করে বছরের পর বছরের এ ভোগান্তির অবসান করবেন বলে আশা করি। এত উন্নয়ন, এত সাফল্য, এত সফল মানুষের একত্রে আলোড়ন সত্যি দুর্লভ ব্যাপার। সফল মানুষের জন্মস্থানে মহাগুরুত্বপূর্ণ এ সেতু না হলে সকল অর্জন ম্লান হয়ে যাবে।

গোলাম মোস্তফা
সিনিয়র শিক্ষক
মুলতানী পি এস টি স্কুল অ্যান্ড কলেজ