শ্রদ্ধাঞ্জলি

যাঁর কাছে ফিরে যেতে হয়

জাহানারা ইমাম
জাহানারা ইমাম

আজ ২৬ জুন, জাহানারা ইমামের মৃত্যুদিন। তাঁকে স্মরণ করতে গিয়ে প্রথম যে ছবি চোখে ভাসে, তা ১৯৯২ সালের ২৬ মার্চের গমগমে সোহরাওয়ার্দী উদ্যান। যুদ্ধাপরাধীর বিচার হচ্ছে। গণ-আদালতের রায় ঘোষণা হবে। মানুষের ভিড় আর উত্তেজনায় জায়গাটা অসম্ভব গরম হয়ে উঠেছিল। সঙ্গে ছিল উত্তাপ ছড়ানো হাজারটা গুজব। তার মধ্যে মাথার ওপর চড়চড়িয়ে রোদ বাড়ছে। গাছের ছায়া খোঁজা আর অপেক্ষা—সে এক ফুরাতে না চাওয়া দীর্ঘ সময়।

আমরা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে গণ–আদালতের মঞ্চ বাঁধার কথা শুনেছিলাম। সেটা যে কখন ট্রাকে স্থানান্তরিত হয় আর চলতে শুরু করে, বলতে পারব না। রাজপথে ঠাঁই না পেয়ে ট্রাক যখন পার্কে ঢোকে, সে এক এলাহি কাণ্ড। পদপিষ্ট হয়ে মৃত্যুর ভীতি চলে আসে। হ্যান্ডমাইকে সম্ভবত রায় ঘোষিত হচ্ছিল—গোলাম আযমের যুদ্ধাপরাধের সাজার রায়। পড়ে শোনাচ্ছিলেন জাহানারা ইমামই। সেই ট্রাকে যুদ্ধাপরাধের সাক্ষীস্বরূপ তিনজন বীরাঙ্গনাও ছিলেন। শত–সহস্র দর্শকের ভিড়ে আরও আরও বীরাঙ্গনা কি থাকতে পারেন না! এ ভাবনা আমার মাথায় আসে আরও পরে, তালাশ উপন্যাসটি লিখতে বসে।

১৯৭১ সালে কেমন ছিল ঢাকা, যুদ্ধে কেমন থাকে শত্রু অবরুদ্ধ একটা শহর, যে শহরে তরুণ গেরিলাযোদ্ধারা ঢুকে পড়ে, বেপরোয়া অভিযান চালায়, রাতের অন্ধকারে অস্ত্রবোঝাই ছালা নিয়ে এবাসা-ওবাসা টানাটানি করে—এত পুঙ্খানুপুঙ্খ, এত আকর্ষণীয়! সময়েও স্মৃতি থেকে মুছে যায় না, মলিন হয় না।

সেদিনের গণবিচারসভায় তালাশ উপন্যাসের নায়িকা মরিয়ম হাজির হয়েছিল কিছুটা ছদ্মবেশে, জনসমক্ষে আসা চিত্রতারকাদের মতো সানগ্লাস চোখে। সে ভাবছিল, তার পরিচিত কোনো বীরাঙ্গনার যদি সাক্ষাৎ মেলে। যুদ্ধাপরাধের বিচার তখনো অকল্পনীয়। সেদিনেরটা ছিল জাহানারা ইমামের উদ্যোগে গঠিত প্রতীকী বিচারসভা, যিনি স্বয়ং একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের প্রতীক। তখনো তাঁকে চোখে দেখিনি। সোহরাওয়ার্দী উদ্যানের কোথাও থামানো একটা ট্রাক থেকে তাঁর কণ্ঠ শোনা গিয়েছিল।

এলিফ্যান্ট রোডের সাদা বাড়ির দোতলায় রেকর্ডার অন করে যখন জাহানারা ইমামের মুখোমুখি বসি, তখন খুব দুঃসময়। সিডিশন, মানে রাষ্ট্রদ্রোহের দায় তখন এই শহীদজননীর মাথার ওপর। তিনি সরাসরি কথা বলছিলেন। খুব সরাসরিই ছিল তাঁর বলার ধরন। কথা বলার মাঝখানে কী যেন ভাবলেন। তারপর পুরোটা মুছে আবার নতুন করে সাক্ষাত্কার শুরু করতে বললেন।

কথাগুলো কী ছিল, আজ মনে নেই। তখন খুব রাগ হচ্ছিল। যিনি তাঁর অনুরাগী-ভক্তদের ‘আম্মা’ ডাকতে দেন, ভেবেছিলাম তিনি নিশ্চয় কোমল হৃদয়ের মাতৃময়ী কেউ হবেন। পরে মনে হয়েছে, সেদিনের সেই দুঃসময়ে, বেফাঁস কিছু বলে তিনি হয়তো নাম কামাতে চাননি। কাজটাই ছিল আসল। জানতেন, হয়তো তাঁর সময় ফুরিয়ে আসছে। শরীরে নতুন করে ক্যানসারের অস্তিত্ব হয়তো টের পাচ্ছিলেন তিনি।

পরে আরও মনে হয়েছে, তিনি ছিলেন অসম্ভব কেজো লোক। কথায় নয়, কাজে বিশ্বাসী একজন মানুষ। অসুস্থ শরীরে পর্বতপ্রমাণ দায়িত্ব তুলে নিয়েছিলেন। বাঘে-মহিষে এক ঘাটে জল খাওয়ানোর কীর্তি তাঁর একার। দলীয় রাজনীতিতে ছিলেন না বলেই হয়তো তা সম্ভব হয়েছিল। তিনি যুদ্ধাপরাধের বিচারের জনসমর্থনে কাজ করেছিলেন প্রচুর। ব্যাপক প্রচার চালিয়েছিলেন। তিনি নিশ্চয় জানতেন যে দেশে শত-সহস্র শহীদ আছেন, শত-সহস্র শহীদজননী আছেন; যুদ্ধাপরাধের বিচার চাওয়ার হক তাঁর একার শুধু নয়।

সোহরাওয়ার্দী উদ্যানের সেদিনের গণ–আদালতের রায় আজ ইতিহাস। এলিফ্যান্ট রোডের সাক্ষাত্কার গ্রহণের স্মৃতি মনে হয় অনেক দূরের। কিন্তু অন্তরে স্থায়ীভাবে গেড়ে বসে আছে একাত্তরের দিনগুলি। ২৫ মার্চ রাতের দুই দিন পর ২৭ মার্চ সকালে পাকিস্তানি আর্মি কারফিউ তুলে নিলে চোখের ওপর থেকে যেন কালো পর্দা সরে যায়। আমরা সামনে দেখতে পাই: আগুনে দগ্ধ নিউমার্কেটের কাঁচাবাজার, নীলক্ষেত, শহীদ মিনার, মেডিকেল কলেজ হাসপাতাল আর শত শত আশ্রয়হীন বিপন্ন মানুষ—দুই রাতেই যাদের দুনিয়া পাল্টে গেছে।

১৯৭১ সালে কেমন ছিল ঢাকা, যুদ্ধে কেমন থাকে শত্রু অবরুদ্ধ একটা শহর, যে শহরে তরুণ গেরিলাযোদ্ধারা ঢুকে পড়ে, বেপরোয়া অভিযান চালায়, রাতের অন্ধকারে অস্ত্রবোঝাই ছালা নিয়ে এবাসা-ওবাসা টানাটানি করে—এত পুঙ্খানুপুঙ্খ, এত আকর্ষণীয়! সময়েও স্মৃতি থেকে মুছে যায় না, মলিন হয় না।

তারপর একসময় মৃত্যু আসে। শহীদজননীর ছেলে রুমীর দরজায় কড়া নাড়া দেয়। তারও আগে ছেলের মাথাটা মা বুকে টেনে নেন, ‘এত কম বয়স তোর, পৃথিবীর কিছুই তো দেখলি না। জীবনের কিছুই তো জানলি না।’ তখন পৃথিবীর সব মায়ের হয়ে কথা বলে ওঠেন তিনি, যাঁদের তরুণ ছেলেরা যুদ্ধে যাচ্ছে, যুদ্ধ থেকে ফিরবে না আর।

মুক্তিযুদ্ধকে জানতে হলে বারবার ফিরে যেতে হয় জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি বইয়ের কাছে।

  • শাহীন আখতার কথাসাহিত্যিক