প্রতিক্রিয়া

পাহাড়ে তীব্র পানিসংকট, সমাধান কী

পাহাড়ে বসবাসরত জনগোষ্ঠীদের সংগ্রামী জীবনে রয়েছে টিকে থাকার লড়াই। এ লড়াইয়ে কখনো তারা বিজয়ের হাসি হাসে, কখনো বা ব্যর্থতা তাদের গ্রাস করে। এ সাফল্য বা ব্যর্থতা পুরোটাই নির্ভর করে পাহাড়ি জনগোষ্ঠীর এক ও একমাত্র সম্বল প্রকৃতির উপর। আর প্রকৃতির সাথে পাহাড়ি জনগোষ্ঠীদের লড়াইয়ের অন্যতম একটি বিষয় হচ্ছে বিশুদ্ধ পানি।

সমতলের মানুষের কাছে পানির অপর নাম জীবন হলেও, পাহাড়ি মানুষদের কাছে বেঁচে থাকার লড়াইয়ের একটি প্রধান অংশ হলো সুপেয় পানি। পাহাড়ি এলাকায় পানির স্তর নিচে থাকায় নলকূপ স্থাপন করা ওখানে খুবই কষ্টকর, কিছু কিছু ক্ষেত্রে অসম্ভব প্রায়। কোনোরকম নলকূপ স্থাপন করা গেলেও শুষ্ক মৌসুম আসতে না আসতেই তা অকেজো হয়ে যায়। তাই পাহাড়ি জনগোষ্ঠীরা সুপেয় পানির জন্য পুরোটাই প্রকৃতির উপর নির্ভরশীল।

বর্ষাকালে যখন নদী, ঝিল, ঝরনা, ছড়া পানিতে পূর্ণ থাকে তখন পাহাড়িদের সুপেয় পানির তেমন অভাব হয় না। ঝিরিতে পাথরের বাঁধ স্থাপন করে তাঁরা পানি সঞ্চয় করে রাখেন, কোনো কোনো জায়গায় প্রাকৃতিকভাবেই  তৈরিকৃত পাথরের স্তূপে পানি জমে থাকে, আর এই পানিই তাঁরা তাঁদের দৈনন্দিন জীবনযাপনে ব্যবহার করে থাকেন। কিন্তু গ্রীষ্মকালে যখন প্রচণ্ড তাপে নদী ও ঝিরির পানি শুকিয়ে যায়, তখন পাহাড়ে দেখা যায় তীব্র পানি সংকট। একটুখানি বিশুদ্ধ পানির জন্য মাইলের পর মাইল তাঁদেরকে পাড়ি দিতে হয়, তবুও বিশুদ্ধ পানি পাওয়া নিয়ে থাকে অনিশ্চয়তা। বিশুদ্ধ পানির অভাবে তখন তাঁদের নদী ও ঝিরির তলানিতে অনেক দিন ধরে জমে থাকা পানি পান করতে হয়। ফলে দেখা যায় ডায়রিয়া, আমাশয়সহ নানা রকম পানিবাহিত রোগ। তথ্য অনুযায়ী, বিশুদ্ধ পানির অভাবে ২০২১ সালে বান্দরবানের আলীকদমে ৭ জন মারা গেছেন, ২০২২ সালে এ সংখ্যা দাঁড়িয়েছে ৮ জনে।

পাহাড়ি অঞ্চলে ঝিরি ও নদীর পানি সঞ্চয়ের অন্যতম মাধ্যম হচ্ছে পাহাড়ি বন ও পাথর। প্রাকৃতিকভাবে তৈরিকৃত এই পাথরগুলো প্রাকৃতিক উপায়ে পানি সংরক্ষণ ও সঞ্চয় করে থাকে। আর এই সঞ্চয়কৃত পানি পাহাড়ি জনগোষ্ঠীরা দৈনন্দিন কাজে ব্যবহার করে। কিন্তু বর্তমান সময়ে অবাধে পাথর উত্তোলনের কারণে পানি সঞ্চয়ের এ প্রাকৃতিক মাধ্যমগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ফলস্বরূপ নদী ও ঝিরিগুলো মারা যাচ্ছে। তথ্য অনুযায়ী, শুধু বান্দরবানের থানচিতে প্রতিদিন ১০ হাজার ঘনফুট পাথর তোলা হচ্ছে। এর ফলে ইতিমধ্যে কয়েকশ ঝিরি মারা গিয়েছে।

এ পাথর উত্তোলনের সঙ্গে যুক্ত স্থানীয় প্রভাবশালীরা। এ জন্য স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী কোনোরকম প্রতিবাদও করতে পারে না। ফলে প্রকাশ্যে চলছে পাথর পাচারের রমরমা ব্যবসা। পরিবেশ বিজ্ঞানীদের মতে, এভাবে পাথর উত্তোলন করতে থাকলে ভবিষ্যতে পাহাড়ি এলাকাগুলোতে পানি সংকট চরম রূপ ধারণ করবে।

তাই পাহাড়ের এ পানি সংকট মোকাবিলায় প্রথমে প্রশাসনকে এগিয়ে আসতে হবে। পাথর উত্তোলনকারীদের থামাতে হবে। পাশাপাশি প্রাকৃতিক বন যেন কোনোভাবেই ধ্বংস না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পাহাড়ি জনগোষ্ঠীর পানি সংকটের সমাধানের জন্য বর্ষাকালে বৃষ্টির পানি স্থায়ীভাবে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।

কারিশমা ইরিন
শিক্ষার্থী, বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ই-মেইল: erinamekarishama@gmail.com